কয়েকজন টিভি সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি গ্রেপ্তার হয়েছেন। একজন সাংসদ হয়ে তিনি সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন! আশা করি, বিচারের মাধ্যমে রনির উপযুক্ত শাস্তি হবে। কিন্তু এ সরকারের আমলে আরও কয়েকজন সাংসদ, আওয়ামী লীগের নেতা এর আগেও সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন। তাঁদের ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এমনকি নিন্দা পর্যন্ত জানায়নি। এতে মনে হয়, সাংসদ রনিকে শুধু সাংবাদিক প্রহারের জন্য নয়, অন্য কোনো কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর সাংসদ রনিকে নিয়ে যা যা কাণ্ড হচ্ছে, তা অনুসরণ করলেই বোঝা যাবে, শুধু সাংবাদিক প্রহারের জন্য রনিকে গ্রেপ্তার করা হয়নি। রনি হয়তো সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষতি করেছেন। যা ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিটি’ হজম করতে পারছেন না। তাই রনিকে নানাভাবে অপদস্থ করতে সরকার উঠেপড়ে লেগেছে। কোনো সৎ অনুসন্ধানী সাংবাদিক নিশ্চয় একদিন পাঠক-দর্শকদের জানাবেন, সাংসদ রনি কার লেজে পা দিয়েছিলেন। সালমান এফ রহমানকে নিয়ে বাজারে যা বলা হয়েছে, তা প্রকৃত ঘটনা নাও হতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা সাংবাদিকতার মেধাগত সর্বোচ্চ রূপ। অত্যন্ত প্রতিভাবান, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের পক্ষেই অনুসন্ধানী সাংবাদিকতা করা সম্ভব। ‘চোর-ডাকাত নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা’ আর ‘রাজনৈতিক অনুসন্ধানী সাংবাদিকতা’র মধ্যে অনেক পার্থক্য। আমাদের দেশে টিভি সাংবাদিকতা অনেক বিকশিত হয়েছে সত্য কিন্তু রাজনৈতিক অনুসন্ধানী সাংবাদিকতা তেমন দেখা যায় না। সাম্প্রতিক কালে আরটিভির ‘কালো বেড়াল ও টাকার বস্তা’ শীর্ষক রাজনৈতিক অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রশংসনীয় ঘটনা। এ ধরনের সাংবাদিকতা বছরে একটি-দুটির বেশি দেখা যায় না। কারণ, সাংবাদিকদের দক্ষতার অভাবে নয়, গণমাধ্যমের স্বাধীনতার অভাব। মুখে আমরা গণমাধ্যমের যত স্বাধীনতার কথাই বলি না কেন, বাস্তবে এই ‘স্বাধীনতা’ খুব সীমিত। গণমাধ্যমের মালিকের দুর্বলতা, সরকারের শীর্ষ ব্যক্তি ও তাঁর পরিবার সম্পর্কে লেখার কিছু সীমাবদ্ধতা, পত্রিকা বা টিভি চ্যানেলের রাজনৈতিক পক্ষপাত ও সাংবাদিকদের প্রয়োজনীয় দক্ষতার অভাবে আমাদের গণমাধ্যমে ‘রাজনৈতিক ও দুর্নীতিসংক্রান্ত অনুসন্ধানী সাংবাদিকতার’ অভাব দেখা যায়। অনুসন্ধানী সাংবাদিকতার নামে অনেকে ‘অভিযুক্ত’ ব্যক্তির ব্যক্তিগত প্রাইভেসিকে ক্ষুণ্ন করেন বলে অভিযোগ রয়েছে। কারও বাসা ও অফিসের সামনে বিনা অনুমতিতে টিভি-ক্যামেরা দিন-রাত বসিয়ে রাখা সমর্থনযোগ্য নয়। ১০-১৫ জন ব্যক্তি (সবাই কি সাংবাদিক?) দুটি গাড়িতে একজন সাংসদের গাড়ির পেছনে তিন-চার দিন অনুসরণ করাও কি অনুসন্ধানী সাংবাদিকতা? এ ছাড়া দেখতে হবে অপরাধ খুঁজছে কে? কার প্রতিষ্ঠান? তার অপরাধের শাস্তি কে দেবে? আজকাল রাজনৈতিক কারণে টিভি চ্যানেলের মালিক হয়ে কেউ কেউ ‘অনুসন্ধানী সাংবাদিকতার’ অপব্যবহার করছে। সেই সুযোগে কয়েকজন সাংবাদিকও কামিয়ে নিচ্ছেন টু পাইস। তবে সব সাংবাদিক সম্পর্কে এ কথা বলা যায় না। আমাদের টিভি, সংবাদপত্র ও সাময়িকীর অনেক সাংবাদিক সততার সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের প্রতি পাঠক ও দর্শকেরা কৃতজ্ঞ।
অনুসন্ধানী সাংবাদিকতা করার জন্য সাংবাদিক বা ফটোগ্রাফার ব্যক্তির প্রাইভেসি ক্ষুণ্ন করতে পারেন কি না, অস্বাভাবিক আচরণ করতে পারেন কি না, সাংবাদিকেরা কতটা প্রকাশ্যে, কতটা গোপনে কাজ করবেন—এগুলো নিয়ে বিভিন্ন সাংবাদিক ফোরামে আলোচনা দরকার। সাংসদ রনির ঘটনাটি একটি কেস স্টাডি হতে পারে। সাংবাদিককে প্রহার করা যেমন জঘন্য অপরাধ, তেমনি সাংবাদিকতার নামে বাড়াবাড়িও অপরাধতুল্য।
দুই
আপনি যদি কলকাতায় বেড়াতে বা কোনো কাজে যান, তাহলে আপনাকে দেশের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে হবে। অথচ প্লেনে মাত্র ৪০ মিনিটের ফ্লাইট। কিন্তু কলকাতায় নামার পর আপনি ঢাকায় তথা বাংলাদেশে কী হচ্ছে, তার কিছুই জানতে পারবেন না। কারণ, কলকাতায় বাংলাদেশের টিভি চ্যানেল এখনো দেখা যায় না। শুধু সীমিত কিছু এলাকায় ‘এটিএন বাংলা’ ও ‘বৈশাখী’ টিভি চ্যানেল দেখা যায়। কলকাতায় আপনাকে ভারতীয় টিভি চ্যানেলই দেখতে হবে। পশ্চিমবঙ্গ থেকে কম করে হলেও ৩০টি টিভি চ্যানেল প্রচারিত হয়। এগুলোর কোথাও বাংলাদেশের খবর থাকে না। একমাত্র ব্যতিক্রম ‘তারা নিউজ’। এই চ্যানেলে সামান্য হলেও বাংলাদেশের খবর থাকে। কাজেই কলকাতার টিভি মাধ্যম থেকে বাংলাদেশের খবর পাওয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগকে ভারতের বন্ধু মনে করা হয়। তাদের বর্তমান শাসনামলে (২০০৯-২০১৩) বাংলাদেশ-ভারত সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। ভারতের স্বার্থে বাংলাদেশ বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ পেয়েছে ভারত থেকে বড় অঙ্কের ঋণ। তবে কয়েক দিন আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিস্তার পানিবণ্টন ও স্থলসীমা চুক্তির ব্যাপারে দিল্লির কাছে শেষবারের মতো অনুরোধ করেও সফল হননি। দিল্লি থেকে ফিরে এসেছেন খালি হাতে। বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু ব্যর্থতা থাকলেও এই আমলে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, এটা মেনে নিতে বাধা নেই। কিন্তু অবাক হয়ে ভাবি, একটা ছোট কাজ বাংলাদেশ সরকার ভারতকে দিয়ে করাতে পারেনি। তা হলো পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় (ও অন্যান্য প্রতিবেশী রাজ্যে) বাংলাদেশের টিভি চ্যানেলের প্রবেশাধিকার। অনেকবার বলা হয়েছে। অনেকেই এই দাবি তুলেছেন তিন দশক ধরে। কোনো সরকারই কাজটা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারও পারেনি। কাজটা ছোট। কিন্তু ব্যর্থতাটি বড়। কারণ বড় কাজে (তিস্তা বা স্থলসীমা চুক্তি) সফল হওয়া কঠিন। অনেকের অনেক স্বার্থ থাকে। সবাইকে সন্তুষ্ট করে কাজটা উদ্ধার করা কঠিন। কিন্তু কলকাতায় বা ত্রিপুরায় বাংলাদেশের টিভি চ্যানেল দেখার অবারিত সুযোগ দেওয়া বড় কাজ নয়। কলকাতায় যেখানে পৃথিবীর বহু দেশের (পাকিস্তানসহ) টিভি চ্যানেল দেখা যাচ্ছে। বাংলাদেশ কি এত দূর? বাংলাদেশ কি তাদের শত্রু? অথচ আমরা ভারতের অন্তত ২০টি চ্যানেল দেখাচ্ছি। এসব চ্যানেলের প্রচুর দর্শকও রয়েছে।
আমাদের সরকার হয়তো বলবে, ‘আমাদের টিভি চ্যানেল দেখাতে ভারত সরকার কোনো বাধা দিচ্ছে না।’ কথাটা সত্য। সে জন্য তো কাজটা আরও সহজ। ভারত সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি (অন্তত প্রকাশ্যে)। তাহলে বাধা দিচ্ছে কে? ব্যবসায়ী সমাজ? কেব্ল অপারেটর? আর কেউ? তাদের সমস্যা কোথায়? তাদের দাবি কী? আমরা কিন্তু এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। আমাদের তথ্যমন্ত্রী অনেক কথা বলেন, কিন্তু এ ব্যাপারে কথা বলেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে চলচ্চিত্র ব্যবসার মতো একটা অসম ব্যবসার ব্যাপারে তথ্যমন্ত্রীকে হঠাৎ আগ্রহী হতে দেখি। কিন্তু বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারের ব্যাপারে কোনো আগ্রহ বা উদ্যোগ দেখি না। পশ্চিমবঙ্গে নিশ্চয় শক্তিশালী গোষ্ঠী এ ব্যাপারে বাধা দিচ্ছে। তাদের সঙ্গে কি বাংলাদেশ সরকার একটা রফা করতে পারে না? এটা তো তিস্তা নদীর পানির মতো স্পর্শকাতর বিষয় নয়। বা এমন বিষয়ও নয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এ ব্যাপারে প্রধান বাধা।
অনেকে বলতে পারেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারে আমরা এত আগ্রহী কেন? খুব সংগত প্রশ্ন। আসলে এটা নিছক বিনোদনের জন্য নয়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের টিভি চ্যানেল দেখার অর্থ হলো বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি জানা। উভয় দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে এটা প্রয়োজন। বিনোদনের দিকটাও একেবারে উপেক্ষা করা যায় না। তা ছাড়া আমাদের পণ্যের বিজ্ঞাপনও তাদের জন্য নানা বার্তা নিয়ে যেতে পারে। যেমন আমাদের ঈদের বাজারে ভারতের বাংলা বা হিন্দি সিরিয়ালের পাত্র-পাত্রীদের ‘ড্রেস’-এর চাহিদা লক্ষ করা যাচ্ছে। ভারতীয় টিভি সিরিয়াল যে শুধু বিনোদন দিচ্ছে তা নয়, ভারতের নানা ফ্যাশন, ড্রেস ও পণ্যসামগ্রীরও বাজার সৃষ্টি করছে বাংলাদেশে। অনেকে এটা খেয়াল করছেন না।
বাংলাদেশ-ভারত, বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এসব রাজ্যে বাংলাদেশি টিভি চ্যানেলের প্রচার একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। এই মেয়াদে তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কলকাতার ডেপুটি হাইকমিশনার টিভি চ্যানেলের ব্যাপারে কোনো অগ্রগতি করতে পারেননি। এটা তাঁদের ব্যর্থতা। এখন নতুন সরকারের জন্য অপেক্ষা করা ছাড়া পথ নেই।
মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়ন ও মিডিয়াকর্মী।