রাজনৈতিক অব্যবস্থাপনার কাছে জিম্মি আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক ও আইএফসির ২০১৩ সালের সূচকে বাংলাদেশ ছিল ১৩২তম, ২০১৪ সালের সূচকে তা হয়েছে ১৩০তম। এসবের মধ্যে ব্যবসা শুরুর সূচকে অগ্রগতি হয়েছে ৯ ধাপ। গত বছরে ছিল ৮৩তম, এ বছর হয়েছে ৭৪তম। অর্থাৎ এখানে নতুন ব্যবসা খুলতে সময় লাগে ১০ দশমিক ৫ দিন। এটা ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে। ব্যবসা শুরু করা আগের তুলনায় সহজ হলেও এর জন্য কত ধাপে ঘুষ দিতে হয় বা হয়রানির শিকার হতে হয়, সেটা এই জরিপে উল্লেখ করা হয়নি। সম্পত্তি নিবন্ধন, চুক্তি বাস্তবায়নের মতো বিষয়ে এখনো অনেক বাধা। রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি থাকতে হয় অনেক ছোট-বড় ব্যবসায়ীকে। এসব বিষয় আমলে নেবে কে?

ব্যবসা-বাণিজ্য এক সমন্বিত কার্যক্রম। প্রাকৃতিক ও রাজনৈতিক আবহাওয়া তো বটেই, শেয়ারবাজার থেকে ব্যাংক, যাতায়াত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি—সবই ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলে। প্রথম আলোর গত বুধবারের সংবাদেই রয়েছে, চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কমে গেছে। ভোমরা স্থলবন্দর হরতালের জন্য তৃতীয় দিনের মতো বন্ধ ছিল এবং বেনাপোল স্থলবন্দরে ৫৭৯ ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে ছিল গতকাল পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ব্যবসায়ী মহলের উদ্বেগ নিয়মিতই প্রকাশিত হচ্ছে।

বাংলাদেশের মানুষের উদ্যম ও পরিশ্রমের কারণে ধীরে হলেও বিভিন্ন ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের তৈরি করা সমস্যা এবং সর্বব্যাপী দুর্নীতি এর গতিকে পেছন থেকে টেনে রাখছে। এ থেকে প্রমাণিত হয়, বাংলাদেশের প্রধান সমস্যাটিই রাজনৈতিক। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ, নিরাপদ ও লাভজনক করতে গেলে রাজনৈতিক ব্যবস্থাপনার উন্নতি খুবই প্রয়োজন। কিন্তু আগামী নির্বাচন নিয়ে দেশ যে আবার হরতাল-অবরোধের কবলে পড়ছে, তা থেকে উত্তরণের উপায় কী?