রাজনৈতিক অস্থিতির ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবেই উচ্চারিত হচ্ছে। মার্কিন কংগ্রেসের শুনানিতে গত বৃহস্পতিবার তিক্ত রাজনৈতিক বিভাজন ভুলে বাংলাদেশের রাজনীতিবিদদের একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। শুধু মার্কিন বা আন্তর্জাতিক মহল নয়, এ ধরনের চাওয়া বাংলাদেশের সচেতন জনগণেরও। গত ৫ জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা বা নিয়ম রক্ষা হলেও এরপর যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে, তা কোনোভাবেই স্বাভাবিক নয়।
একটি গণতান্ত্রিক সমাজের মূল বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক রাজনীতি। ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশে অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিস্থিতি বজায় আছে, এমন দাবি করার সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতার ক্ষেত্র হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ হচ্ছে, এ ধরনের অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হবে। ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রে বৈদেশিক সহায়তা অগ্রাধিকার পর্যালোচনা’ শীর্ষক মার্কিন কংগ্রেস উপকমিটির এক শুনানিতে যে আলোচনা হয়েছে এবং মন্তব্য এসেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই।
‘রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি না হলে সহিংসতা বাড়তে পারে। এতে একটি উদারপন্থী মুসলিম দেশের মডেল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ বন্ধুর পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।’ বাংলাদেশ সম্পর্কে এ মন্তব্য করেছেন উপকমিটির বৈঠকের সভাপতিত্বকারী রিপাবলিকান সদস্য স্টিভ শ্যাবো। মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব তুলে ধরে বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণের ব্যাপারে চাপ অব্যাহত রাখা হবে। ৫ জানুয়ারি নির্বাচন যে যুক্তরাষ্ট্রকে ‘হতাশ’ করেছে, তা তিনি স্পষ্ট করেই বলেছেন। নির্বাচনের পর রাজনীতিবিদ, গণমাধ্যম ও নাগরিক সমাজের ওপর হয়রানি থেকে শুরু করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও অপহরণ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ পার্লামেন্টও অনুরূপ অভিমত প্রকাশ করেছে।
বর্তমান দুনিয়ায় কোনো দেশের পক্ষে যেহেতু বিচ্ছিন্ন হয়ে থাকার সুযোগ নেই, তাই বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের এ ধরনের মূল্যায়ন বা অবস্থানকে উপেক্ষা করা যাচ্ছে না। তবে বাংলাদেশ ও দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হয়েছে, তা আমাদের জন্য কোনোভাবেই সুখকর নয়। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং নানা ক্ষেত্রে দেশটির যে অগ্রগতি, তা এখন আন্তর্জাতিক মহল স্বীকার করে নিচ্ছে। রাজনৈতিক সংঘাত-সহিংসতা এড়াতে পারলে এবং একটি অংশগ্রহণমূলক স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে দেশটির সম্ভাবনা অন্য মাত্রায় গিয়ে পৌঁছাবে।
যুক্তরাষ্ট্র বা কোনো দেশের ‘চাপে’ নয়, দেশের স্বার্থেই একটি অংশগ্রহণমূলক ও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির সব উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। যাঁরা সরকারে এবং বিরোধী পক্ষে আছেন, এই দুই পক্ষকেই এই বাস্তবতা অনুধাবন করতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘায়িত হোক এবং বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ুক, তা কারোরই কাম্য হতে পারে না।