রাজনৈতিক দলের জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ব্যক্তির নামকে কেন্দ্র করে ৭১টি সংগঠন গজিয়ে ওঠা এবং রাজধানীভিত্তিক তাদের সবার দোকানবাজি ও ধান্দাবাজি দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও কলুষিত করছে। জনগণের সমস্যা ও ন্যায়সংগত দাবিদাওয়া নিয়ে রাজনৈতিক দলের কর্মসূচি গ্রহণের রেওয়াজ প্রায় উঠে যেতে বসেছে। বরং বিচিত্র সংগঠনের নামে দলীয় নেতা-নেত্রীর বন্দনা এবং প্রতিপক্ষের প্রতি বিষোদ্‌গারই হয়ে পড়েছে সরকার কিংবা বিরোধী দলের প্রায় নিত্যদিনের কর্মসূচি। ‘দোকানিদের’ ডাকে সাড়া দিয়ে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে ফটোসেশন দেওয়ার নেতারও অভাব হয় না। আর এসব দোকানের খরচ যে উদ্যোক্তারা পকেট থেকে দেন না, সে কথা হলফ করেই বলা যায়।

 আশা করা হয়েছিল, অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা এবং দলগুলোর আয়-ব্যয়ের হিসাবটি নির্বাচন কমিশন (ইসি) শক্ত হাতে নেবে। রাজনৈতিক দলের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। কিন্তু তারা জাতিকে হতাশ করেছে। ক্ষমতাসীন ও ক্ষমতাবহির্ভূত রাজনৈতিক দলগুলো যেনতেন প্রকারে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েই পার পেয়ে যাচ্ছে। তাদের ‘অজ্ঞাত’ আয়ের উৎস সম্পর্কে দেশবাসী কিছুই জানতে পারছে না।

রাজনীতির ‘দোকান-বাণিজ্য’ সংস্কৃতি বন্ধ করতে চাইলে মূল সংগঠনগুলোর নেতাদের উচিত হবে ভুঁইফোড় সব সংগঠনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক দল ও নেতাদের ধসে পড়া ভাবমূর্তি রক্ষায় এর বিকল্প নেই।