রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব উন্নয়নের কয়েকটি সূচকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। মোটামুটি সফল ইপিআই কর্মসূচির কারণে শিশুমৃত্যুর হার কমে এসেছে। মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার উদ্যোগও সাফল্য অর্জন করছে। কিন্তু সেই তুলনায় দেশে পুষ্টি পরিস্থিতি আশানুরূপ নয়। সম্প্রতি ব্র্যাক আয়োজিত গোলটেবিল বৈঠকে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের খারাপ পুষ্টি পরিস্থিতির বিষয়টি আলোচিত হয়।
দেশে ছয় লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। ৪১ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। প্রায় ৩৬ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। ৪০ শতাংশ শিশু খর্বাকৃতির। ৪৫ শতাংশ শিশুর গড় ওজন কম। এ পরিস্থিতি উদ্বেগজনক। পুষ্টির অভাবে শিশুরা অসুখ-বিসুখে আক্রান্ত হয়। প্রতিবছর প্রতিরোধযোগ্য জটিলতায় ৫৩ হাজার শিশু মারা যায়। এক হিসাবে অপুষ্টির কারণে প্রতিবছর সাত হাজার কোটি টাকার সমপরিমাণ উৎপাদন কম হয়।
আমাদের দেশে অতীতে পুষ্টির বিষয়ে মায়েরা সচেতন ছিলেন। শিশুদের শুধু ছয় মাস নয়, এমনকি এক-দুই বছর পর্যন্তও মায়ের বুকের দুধ পান করানোর চল ছিল। অথচ এখন শিশুদের গুঁড়া দুধ খাওয়ানো হয়। যদিও বিশেষ পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের গুঁড়া দুধ খাওয়ানো সরকারিভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে কোথায়? মায়ের দুধের বিকল্প আর কিছু হতে পারে না। শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ শিশুদের রোগ প্রতিরোধ শক্তি দেয়। জন্মের পর ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধই যথেষ্ট। অথচ এসব বিষয়ে সমাজ ও মা-বাবাদের মধ্যে সচেতনতার দারুণ অভাব।
পুষ্টির জন্য দরকার সুষম খাদ্য, ফল, দুধ, শাকসবজি, মাছ-মাংস। দারিদ্র্যের কারণে হয়তো সবার সবকিছু গ্রহণ করা সম্ভব হয় না; কিন্তু গ্রাম-বাংলায় গাছের ফল, জমির শাকসবজিটুকু তো জোটে। এতে পুষ্টির কিছু সুরাহা হয়তো সম্ভব। এখন পুষ্টির সবচেয়ে বড় হুমকি খাদ্যে ভেজাল ও ফরমালিন। ফল-শাকসবজি বিষের মতো। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।
পুষ্টি নিশ্চিত করার জন্য সমাজে সচেতনতা সৃষ্টি যেমন দরকার, তেমনি দরকার নীতিনির্ধারকদের রাজনৈতিক অঙ্গীকার। সরকারের বিশেষ উদ্যোগ থাকলে পুষ্টি পরিস্থিতির উন্নতি সম্ভব। এদিকে গুরুত্ব দিতে হবে।