
২২ জুন ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘রাজনৈতিক সহিংসতা আর নয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
যাঁরা অংশ নিলেন
আকবর আলি খান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার
সুলতানা কামাল: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার
হোসেন জিল্লুর রহমান: উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার
তারানা হালিম: সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
এ কে আজাদ: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি
ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, টিআইবি
বদরুল আলম খান: অধ্যাপক, সিডনি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক ও সমাজতত্ত্ব, অস্ট্রেলিয়া
সূচনা বক্তব্য
মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম: গত কয়েক মাসে ব্যাপক রাজনৈতিক সহিংসতা মানুষকে উদ্বিগ্ন করেছে। রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিভিন্ন ধরনের নাশকতা হয়। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় বাণিজ্যিক ভবন ও দোকানপাটে আগুন, ভাঙচুরসহ এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। দ্রুত এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আলোচনায় এসব বিষয় আসবে। এখন সূচনা বক্তব্য দেবেন মতিউর রহমান।
মতিউর রহমান: সব সময় বাংলাদেশ একটি সৌহার্দ্য-সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু এ দেশের গত দুই দশকের ইতিহাস সুখকর নয়। দেশে সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ড ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পঞ্চাশ-ষাটের দশকে যদি ফিরে যাই, তাহলে দেখি কোনো সহিংসতায় হয়তো দু-চারজন মানুষের মৃত্যু হয়েছে। সে হত্যাকাণ্ডেই দেশে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যেত। আমরা একুশে ফেব্রুয়ারির কথা ভুলিনি। বাষট্টিতে এক-দুজনের মৃত্যুতে এখনো ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালন করি। উনসত্তরে আসাদ, মতিউরসহ দু-তিনজনের মৃত্যুতে দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমাদের অনেক দাবি আদায় হয়ে যায়।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সহিংসতা বেড়েই চলেছে। এটি সব শ্রেণী-পেশার মানুষের জন্য ভীতি ও উদ্বেগের কারণ। এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন দেখলাম। মাত্র তিন মাসে সহিংসতার ঘটনা ঘটেছে ২৩০টি। এতে নিহত হয়েছে ১৭১ জন। আহত ব্যক্তির সংখ্যা ছয় হাজার ৪৪৯। তিন মাসে জাতীয়ভাবে হরতাল হয়েছে ১৪ দিন। সাত বিভাগে স্থানীয়ভাবে হয়েছে ৬৮ দিন। এর মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে। দেশের ইতিহাসে এ সময়ে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের বিচার হলো। এ বিচারের রায়ের পর মারা গেছে ১৩৭ জন। জামায়াত-শিবিরের সমর্থকদের আক্রমণে অনেক সহিংসতা হয়েছে। ৭০ জন সাধারণ মানুষের মৃত্যু হলো। জামায়াত-শিবিরের কর্মী মারা গেছে ৪৪ জন। পুলিশ ছয়জন। একজন গ্রামপুলিশ। নারী তিনজন। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক ১০ জন। দেশের ৪১টি জেলায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা হয়েছে। মন্দির, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানসহ ৪২০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের হেফাজতে মারা গেছে ৯৬ জন। র্যাবের ক্রসফায়ারে মারা গেছে চারজন। পুলিশের ক্রসফায়ারে মারা গেছে পাঁচজন। র্যাব-পুলিশের নির্যাতনে মারা গেছে ছয়জন। পুলিশের গুলিতে মারা গেছে ৩৯ জন। র্যাব-পুলিশের গুলিতে ১৪ জন। পুলিশ-বিজিবির গুলিতে মারা গেছে ২৩ জন। যৌথ বাহিনীর গুলিতে মারা গেছে পাঁচজন। পরে হেফাজতে ইসলামের ডাকা অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে মতিঝিল এলাকাসহ বিরাট এলাকাজুড়ে যে ধরনের সহিংস ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে তা বিস্ময়কর। এসব নির্মম সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসার পথ কী?
রাজনৈতিক বিরোধ, সভা-সমাবেশ, আন্দোলন-সংগ্রাম—সবকিছুই একটা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে হওয়া দরকার। এ রকম নৃশংস মৃত্যু, হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও আমরা দেখতে চাই না। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, এনজিও, সাধারণ মানুষ—সবার করণীয় কী? শেষ বিচারে রাজনৈতিক দল এবং সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধ করা। আওয়ামী লীগ-বিএনপি কোনো দলের কাছ থেকেই সহিংসতা চাই না। স্বাধীনতার পর উগ্র বামপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনা জানি। জাসদের সহিংস কর্মকাণ্ডের কথাও জানি।
১৯৯১ সালে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে পাই। আজ ২২ বছর পর এ ধরনের ঘটনা সবাইকে হতাশ করে। এর প্রধান দায়িত্ব সরকারসহ অন্যান্য রাজনৈতিক দলের। আমরা চাই, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢভাবে আশা করব।
হোসেন জিল্লুর রহমান: দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে শান্ত বাংলাদেশের ইমেজ। সহিংসতার ধরন পাল্টেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল অশান্ত হচ্ছে। বিদেশে দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। আলোচনাকে অর্থবহ করা জরুরি। কেবল একমাত্রিক ঘটনা নিয়ে আলোচনা করলে হবে না। ঘটনা কেন ঘটে? কে ঘটায়? পেছনে কারা থাকে—এসব বিষয় আলোচনায় আসতে হবে। রাজনৈতিক সহিংসতার চারটি মাত্রা আলোচনার মধ্যে আসা দরকার। এক. সহিংসতার ঘটনা ও ধরন। নতুন নতুন গোষ্ঠীর আবির্ভাব। সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা। দুই. রাষ্ট্রক্ষমতার সহিংস ব্যবহার। পুলিশের আচরণে সহিংসতার প্রকাশ দেখা যায়। তিন. অস্বাভাবিকভাবে রাষ্ট্রীয় মামলা-মোকদ্দমার বিস্তার ঘটেছে। একজন একটি মামলা করছে। প্রতিপক্ষ একাধিক মামলা করছে। নাগরিকের নিরাপদবোধ করার জায়গাটি সংকুচিত হয়ে আসছে। একজন নিরীহ মানুষ ঘটনাচক্রে সহিংসতার মধ্যে পড়ে যাচ্ছে। চার. রাজনৈতিক নেতৃত্বের উগ্র ও উচ্ছৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া। সর্বোচ্চ পর্যায়ের উচ্ছৃঙ্খল আচরণকে প্রতিহত না করে বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে এরা আরও উগ্র আচরণ করছে । আজ সব ক্ষেত্রে সুশীল সমাজের একটা বড় ভূমিকা রয়েছে। যে আলোচনায় কোনো ফল আসে না, এমন গতানুগতিক আলোচনার মধ্যে থাকলে হবে না। স্পর্শকাতর বলে আলোচনায় আনা যাবে না—এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সব বিষয়ে ফলপ্রসূ ও বলিষ্ঠ আলোচনা করতে হবে।
এখন বাংলাদেশে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর। এটিই একমাত্র আলোচ্য বিষয় নয়; আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে হবে। এক. সুশাসনের চরম ধস। কারণ, নির্বাচনের দিন কেবল গণতন্ত্র আর বাকি সময় সহিংসতা, অস্থিরতা—সাধারণ মানুষ এসব চায় না। অস্বাভাবিক মাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। অসম্ভব ক্ষমতাধারী হলে যে কেউ অবধারিতভাবে স্বেচ্ছাচারী হবে। সুশাসনসংশ্লিষ্ট সব বিষয় ব্যাপকভাবে আলোচনায় আনতে হবে। দুই. অর্থনীতির ওপর বিরূপ প্রভাব। আমাদের গলদপূর্ণ রাজনীতি, কিন্তু বেগবান অর্থনীতি।
গত ২০ বছর একটা ধারায় দেশ এগিয়েছে। বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও অর্থনীতি এগিয়েছে। এখন আমরা ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধির চক্রে আটকা পড়ে যাচ্ছি। মানবসম্পদ, দারিদ্র্যবিমোচন ও শিক্ষা ক্ষেত্রে এগিয়েছি। দীর্ঘমেয়াদে এ অর্জন ধরে রাখা সম্ভব হবে না। প্রবৃদ্ধি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে আটকা পড়ার অন্যতম কারণ সহিংস রাজনীতি ও রাষ্ট্রযন্ত্রের অদক্ষতা। আজ নাগরিক সমাজের পক্ষ থেকে কেবল নিরাপদ আলোচনা করলে হবে না, স্পর্শকাতর বিষয় নিয়ে জোরালো ও ফলপ্রসূ আলোচনা করতে হবে।
সুলতানা কামাল: নাগরিক সমাজ যে কথা বলছে না, তা নয়। যার যার অবস্থান থেকে কথা বলছে। কিন্তু আমরা কার জন্য কথা বলব? কার জন্য সোচ্চার হব? নাগরিক সমাজের কথা একটা জায়গায় পৌঁছাতে হবে। এবং সেখান থেকে একধরনের প্রতিক্রিয়া আসতে হবে। কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া লক্ষ করছি না। বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনায় নাগরিক সমাজ কথা বলছে। এ কথা বলা যতটা জোরালো হওয়া দরকার, ততটা হয়তো হয়নি। যতটুকু কথা বলা হয়েছে, তার জবাব পাইনি; বরং নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আমার কথা বলতে পারি। চিৎকার করতে পারি। রাস্তায় নামতে পারি। প্রাণ দিতে পারি। কিন্তু দিনের শেষে কাজটি করতে হবে রাজনীতিবিদদের।
এ বছরের প্রথম তিন মাসের মৃত্যুর একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যাই বেশি। মানুষ তার নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছে। তার প্রাণ রক্ষা পাবে কি না, সম্পদ রক্ষা পাবে কি না, স্কুলে পাঠানো সন্তানটি ফিরে আসবে কি না—বিভিন্ন রকমের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এটা গেল এক দিক। মানুষের কথা বলায় নিরাপত্তাবোধ, একত্র হওয়ায় নিরাপত্তাবোধ। আমার পরিবারের কাছ থেকে সব সময় সতর্কবার্তা পাই, ‘তুমি একটু সাবধানে কথা বোলো।’ আমাকে অনেকেই বলেন, ‘আপা, আপনি আমাদের কথাটাই বলেছেন, কিন্তু আমরা বলতে পারছি না।’ এ অবস্থা আমাদের কী সংকেত দেয়? গণতান্ত্রিক যে আবহাওয়াটা ছিল সেটা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। বিভিন্নভাবে নাগরিক সমাজের সুযোগগুলো বাধাগ্রস্ত হচ্ছে। একজন ব্যক্তির খুশি-অখুশির ওপর নির্ভর করছে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। মন্ত্রী ও সাংসদেরা পর্যন্ত বলেন, ‘আপা, সুযোগ পেলে এ কথাটি বলবেন।’ সঠিক কথা তাঁরাও সাহস করে বলতে পারছেন না। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে প্রায় অকার্যকর করে ফেলেছি। আইন ও সালিশ কেন্দ্রকে বিচার বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়। বিচার বিভাগ কীভাবে এর স্বকীয়তা হারিয়েছে, আমরা পদে পদে বুঝতে পারি।
জনস্বার্থে মামলা করে থাকি। চোখের সামনে দেখি, কী করে তদন্ত প্রতিবেদন আটকে যায়। কী করে আদালত পর্যন্ত পৌঁছায় না। আদালতে পৌঁছালে কীভাবে এর ভুল ব্যাখ্যা হয়। এখানেও কাজ করছে, কে কোন অবস্থান থেকে কোন লড়াইটা করছে। যেকোনোভাবেই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতার মধ্যে কিছু মানুষ আছে। তাদের স্বার্থ দেখাই আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এর বাইরের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় নাগরিক সমাজ মনে করছে, যেখানে কার্যকর ফলাফল নেই, সেখানে বলে কী হবে? এর বিকল্প কী? আন্দেলন? আবার কেউ কেউ বলেন বিপ্লব। বিপ্লব ছাড়া কিছু হবে না। বিপ্লব বাদই দিলাম। চারটি সিটি করপোরেশনে জাতীয় নেতৃত্বের চরম ব্যর্থতার প্রভাব পড়েছে। মুক্তিযুদ্ধের কথা বলে আজকে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।
সংসদ হচ্ছে জনগণের সবচেয়ে বড় আশা-ভরসার জায়গা। নাগরিক সমাজকে উদ্যোগ নিতে হবে, সংসদে যেন কোনো প্রকার অশালীন ও অগ্রহণযোগ্য আলোচনা না হয়। সংসদে আলোচনার মধ্যে সাম্প্রদায়িকতা, সহিংসতা ও হুমকি আসে। তাঁদের কথার মধ্যে জনগণের প্রতি অবজ্ঞা আসে। পরস্পরের প্রতি অবিশ্বাস-অবজ্ঞা আসে। তাঁদের উচ্চারণে মানুষের নৈতিকতায় আঘাত আসে। জাতিকে নিম্নপর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করেন। তাঁরা অনবরত নাগরিক সমাজকে দোষারোপ করতে থাকেন, ‘আমরা নাকি দেশে বিরাজনীতিকীকরণ করতে চাই। রাজনীতিকদের হেয় করতে চাই।’ আমি স্পষ্টভাবে জোর দিয়ে বলতে চাই, রাজনীতিকদের হেয় করার জন্য তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন নেই। তাঁরা নিজেরাই এ কাজের জন্য যথেষ্ট। তাঁরা নিজেরা নিজেদের যেভাবে হেয় করছেন, তৃতীয় পক্ষের সাধ্যেও কুলাবে না সেভাবে হেয় করার। এটা একধরনের সহিংসতা। এ সহিংসতা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে।
একেবারে নাম ধরে ধরে নাগরিক সমাজকে বিচ্ছিন্ন করা হয়। তাঁরা যে অসুবিধার মধ্যে পড়বেন, সে ইঙ্গিতও দেওয়া হয়। শীর্য পর্যায়ের নেতৃত্ব থেকে হুমকিধমকি দেওয়া হয়। ভীতসন্ত্রস্ত করা হয়। এ কারণে অন্যরা সব সময় হিসাব কষতে থাকেন, তাঁরা কাদের সঙ্গে থাকলে নিরাপদ থাকবেন? জনগণের করের টাকায় পরিচালিত পবিত্র সংসদে বসে অশালীন কথা বলা হয়। তার বিরুদ্ধে নাগরিক সমাজকে ভূমিকা নিতেই হবে। আজকে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা চলছে। দুদকের চেয়ারম্যানও বলেছেন, তাঁর প্রতিষ্ঠান ছিল নখদন্তহীন বাঘ। কেউ সরকারবিরোধী কোনো কিছু করলেই তাঁকে রাষ্ট্রবিরোধী হিসেবে ধরে নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ কে আজাদ: রাজনৈতিক সহিংসতায় গত বছর থেকে এ বছর অর্থনীতি পিছিয়েছে। গত ১৯ জুন বাংলাদেশ ব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। ২০১১-১২ অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমদানি ছিল ২ হাজার ৯০০ কোটি ৮০ লাখ ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ ২ হাজার ৮০০ কোটি ডলার। রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮০০ কোটি ডলার। কিন্তু রপ্তানি হয়েছে ২ হাজার ৪০০ কোটি ডলার। মূলধন জাতীয় যন্ত্রপাতি আমদানি গত বছর ছিল (+) ২১ দশমিক ৩৭ শতাংশ। এবার (-) ১৫ দশমিক ৫৪ শতাংশ। শিল্পের কাঁচামাল গত বছর ছিল (+) ১১ দশমিক ৯ শতাংশ। এবার (-) ৩ দশমিক ৪৯ শতাংশ। বেসরকারি খাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ঋণ গত বছর ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। এ বছর ৭ দশমিক ৯২ শতাংশ। এসব কারণে এ বছর জিডিপি ৬ শতাংশের নিচে আসবে। রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলে নিশ্চিতভাবে জিডিপি কমপক্ষে ৮ শতাংশ হবে। প্রতিবছর ২০ লাখ মানুষ চাকরিপ্রার্থী হচ্ছে। এর ১০ লাখ চাকরি পাচ্ছে। ১০ লাখ বেকার হচ্ছে। এ বছর রাজনৈতিক সহিংসতার জন্য কর্মসংস্থান আরও কম হবে। বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ৩০০ কোটি ডলার, সেখানে বিনিয়োগ হয়েছে ১০০ কোটি ২০ লাখ ডলার। কিন্তু শিল্পে তেমন বিনিয়োগ হয়নি। ২০২১ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ। এটা করতে হলে আরও ২ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে। বেসরকারি খাতে কোনো বিনিয়োগ হচ্ছে না। সেখানে বিদেশিরা কেন বিনিয়োগ করবে?
আমলাতন্ত্রের যে যেখানে আছে সবাই সরকারের ইচ্ছে অনুযায়ী কাজ করছে। এই প্রশাসন দিয়ে ৮ শতাংশ জিডিপি অর্জন সম্ভব নয়। এখন পরিবর্তন আসবে কীভাবে? আমরা যদি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বক্তৃতা, আলোচনা করি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। পৃথিবীর কোথাও আসেনি। বর্তমান দলগুলো মানুষের আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তাই এখন বিভিন্ন পেশার মানুষকে একত্র করে রাস্তায় নামতে হবে। টিআইবি একটা ফর্মুলা দিয়েছিল, সেটা কেউ মানেনি। টিআইবিও এটা নিয়ে বিতর্ক করেনি। রাজনীতিকীকরণ হওয়ার ভয়ে রাস্তায় নামেনি। তাহলে এককভাবে কেউ কিছু করতে পারছে না। তাই বিভিন্ন পেশার লোকদের নিয়ে সম্মিলিতভাবে একটা ভালো বিষয় নিয়ে মাঠে নামতে হবে। কাউকে না কাউকে সে দায়িত্ব নিতে হবে। ঝুঁকি নিতে হবে। তাহলে একটা পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।
বদরুল আলম খান: দেশে দিন দিন সহিংসতা বাড়ছে। এ ক্ষেত্রে রাষ্ট্র একটি অংশগ্রহণমূলক ভূমিকা পালন করছে। আবার যাঁরা জনগণের প্রতিনিধি, তাঁরাও সহিংস আচরণ করছেন। এ দুই পক্ষের সহিংসতার জন্য অস্থিরতা বিরাজ করছে। একজন রাষ্ট্রবিজ্ঞানীর মতে, ‘রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দিতে হবে।’ বিরোধী দলও তার সহিংসতার ধরন পরিবর্তন করেছে। এখনকার সহিংসতায় পুলিশকে অমানবিকভাবে মারা হচ্ছে। পুলিশকে মারার অর্থ হচ্ছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। মিটিং-মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। সরকার, বিরোধী দল সবাই সহিংসতার ধরন পরিবর্ত