রাজপথে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমালিকদের কখন কারখানা ছেড়ে রাস্তায় দাঁড়াতে হয়? দেয়ালে পিঠ ঠেকে না গেলে এমনটি হওয়ার কথা নয়। শুধু শিল্পমালিকদের নয়, পুরো দেশবাসীরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। পোশাক ও বস্ত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ীরা রাস্তায় নেমে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটা কার্যত দেশবাসীরই প্রতিক্রিয়া।
নির্বাচন নিয়ে রাজনৈতিক সহিংসতা ও টানা অবরোধে দেশ অচল হতে বসেছে। মানুষের মৃত্যু ও সম্পদ ধ্বংসের পাশাপাশি দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখোমুখি। দেশের দুটি প্রধান রাজনৈতিক দল একগুঁয়েভাবে তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকায় পুরো দেশকে আজ এর খেসারত দিতে হচ্ছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায়, তা তাদের করতে দেওয়া হচ্ছে না; ব্যবসায়ীরা ব্যবসা করতে চান, তা তাঁরা করতে পারছেন না; শ্রমিক কাজ করতে চান, কারখানা সচল রাখতে চান, সেটা করা যাচ্ছে না।
গত শনিবার পোশাক ও বস্ত্রশিল্পের মালিক এবং ব্যবসায়ীদের মানববন্ধনে একজন ব্যবসায়ী নেতা রাজনীতিবিদদের উদ্দেশে সংগত প্রশ্ন তুলেছেন, ‘আমরা পুড়ছি রাজনীতির আগুনে। কেন আমাদের এ আগুনে পুড়তে হচ্ছে? আমাদের কী অপরাধ?’ রাজনীতিবিদেরা রাজনীতি করছেন, ব্যবসায়ীরা কেন তাঁদের ব্যবসা করতে পারবেন না, সে প্রশ্নও তিনি তুলেছেন। একজন ব্যবসায়ী হিসেবে তিনি তাঁদের শিল্পকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন। আমরা বলি, শুধু পোশাক বা বস্ত্রশিল্প নয়, কোনো শিল্পই এ ধরনের জবরদস্তিমূলক রাজনৈতিক কর্মসূচির শিকার হতে পারে না। কোনো ছাত্রের শিক্ষাজীবন নষ্ট করার অধিকার কেউ রাজনৈতিক দলগুলোকে দেয়নি।
ব্যবসায়ী ও শিল্পমালিকেরা রাস্তায় নেমে দেশবাসীর ক্ষোভের কথাই প্রকাশ করেছেন। মানববন্ধনে তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা ও সংকট দূর করতে দুই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক—সব পর্যায় থেকে এ ধরনের আহ্বান ও অনুরোধ সত্ত্বেও আমরা দেখছি যে দল দুটি তাদের গোঁয়ার্তুমি থেকে সরে আসছে না। আলাপ-আলোচনা বা সংলাপ ছাড়া রাজনৈতিক সংকট সমাধানের আর কী পথ থাকতে পারে?
ব্যবসায়ীরা যেদিন রাজপথে নেমেছিলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে সেই দিনই দিনভর দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টায় মাঠে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। তিনি তাঁর চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। দুই পক্ষকে সমঝোতার টেবিলে আনতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার জন্য আর কী করতে হবে! আরও কত প্রাণ ঝরতে হবে, কতজনকে পুড়ে মরতে হবে, অর্থনীতিকে আর কত খেসারত দিতে হবে!
দেশ ও দেশের জনগণ প্রধান দুটি রাজনৈতিক দলের বিবেচনায় থাকলে পরিস্থিতি এখানে গিয়ে ঠেকত না।