রাজপুত্র নয়, ভূমিপুত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোদির বিজয়ে সমর্থকদের উল্লাস
মোদির বিজয়ে সমর্থকদের উল্লাস

১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে এত বড় তাৎপর্যমণ্ডিত নির্বাচন আর হয়নি৷ এ নির্বাচন উত্তরাধিকারের রাজনীিতর প্রতি এত বড় হুমকি বয়ে এনেছে৷ অবশ্য এটাও মনে করার কারণ নেই যে এর ফলাফল মি. মোদি বা তাঁর দলের প্রতি একটি ব্ল্যাংক চেক৷ বামেরা বাম বলে হারেনি৷ গান্ধীবাদীরা গান্ধী বলে হারেনি৷ বাংলাদেশ তাই প্রথম পাঠ নিতে পারে যে কোনো ধরনের জারিজুরি চলবে না৷ সুশাসন দাও, না পারলে ভাগাড়ে যাও৷ কংগ্রেসের এক দশকের শাসন প্রধানত অযোগ্য, সন্দেহজনক ও পীড়নমূলক বলেই ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন৷ প্রবৃদ্ধি, চাকরি, মুদ্রাস্ফীতি রোধ ও কম দুর্নীতি যদি মোদি শাসন নিশ্চিত করতে না পারে, তাহলে তাকে দুর্ভোগ সইতে হবে৷ বিড়ম্বনা দেখতে আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে না৷ মোদিমাদকতা বিস্বাদ ঠেকতে সময় লাগবে না৷ মোদি ও তাঁর মিত্ররা এখন টালমাটাল জোয়ার দেখছেন৷ তবে ভাটির টান না দেখতে তাঁদের সতর্ক থাকতে হবে৷
নরেন্দ্র মোদির অগ্নিপরীক্ষা হবে আগামী লোকসভা নির্বাচনে৷ দক্ষিণ এশিয়ার রাজনীিতর এটা পরিহাস যে এরা জোয়ারে আসে৷ ভাটায় ভেসে যায়৷ ভাগ্যিস, মোদি দুই-তৃতীয়াংশ করায়ত্ত করেননি৷ কারণ, সাতচল্লিশ-পরবর্তী উপমহাদেশে যে দলই দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে, তারাই অঘটন ঘটিয়েছে৷ রাজনৈতিক দুর্ঘটনার জন্ম দিয়েছে৷ তবে মাজাভাঙা বিরোধী দল হিসেবে কংগ্রেসকে দেখলে চলবে না৷ ভারতীয় শাসনব্যবস্থা বাংলাদেশের মতো নয় যে একজন ব্যক্তি মোদি যা ইচ্ছা তা–ই করতে পারবেন৷ সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পদ্ধতিগতভােবই সীমিত থাকবে৷ দলের ওপর কর্তৃত্ব এবং সরকারের ওপর কর্তৃত্ব—এ দুটিই মোদি বাংলাদেশ স্টাইলে একসঙ্গে প্রয়োগ করতে পারবেন না৷ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে সংসদে মোদির ক্ষমতাও অনিয়ন্ত্রিত থাকবে না৷ ভারতের ২৪৫ সদস্যের উচ্চকক্ষে বিজেপির মাত্র ৬১টি আসন রয়েছে৷ রাজ্যের বিধানসভায় কোন দলের কত হিম্মত, তার ওপর ভিত্তি করেই উচ্চকক্ষের আসন বণ্টন করা হয়৷ আর সেখানে কংগ্রেস অন্তত দুই বছর নাগাদ শক্তিমানই থাকছে৷ কর, বিদেশি বিনিয়োগ ও সাংবিধানিক পরিবর্তন-সংক্রান্ত আইন পাস করতে হলে রাজ্যসভার অনুমোদন লাগবে৷
মোদি নিশ্চিতভাবেই ভারতীয় ব্যবসায়ীদের বরপুত্র৷ ঝানু অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের সঙ্গে মোদি তুলনীয় হবেন না৷ মোদি মোদিই থাকবেন৷ তাঁর পুনর্জন্ম ঘটবে না৷ তাঁকে সম্ভাব্য সুশাসক হিসেবে যাচাই করতে গিয়ে আমরা মনে রাখব, মুখ্যমন্ত্রী হিসেবে আইনের শাসনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন না৷ ২০০৩ থেকে ২০০৬ সালে গুজরাটে কয়েক ডজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে৷ এর মধ্যে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত অন্তত ২০ জনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ ২০০৪ সালে পুলিশ চারজনকে গুলি করে হত্যা করে এই অভিযোগে যে তাঁরা মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন৷ এর মধ্যে ১৯ বছরের তরুণী ইশরাত জাহানও ছিলেন৷ সাক্ষ্য-প্রমাণের আগেই মোদি প্রকাশ্যে ওই তরুণীকে খুনি বলেছিলেন৷ সিবিআই পরে তদন্ত করে দেখে, পুরো ঘটনাই সাজানো৷ মোদি এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন৷ (সিএনএন, ১৬ মে, ২০১৪)৷
মোদির বিরুদ্ধে কখনো ফৌজদারি মামলা হয়নি৷ তবে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ যে মাত্র এক কোটি রুপি, সেটা মানুষ বিশ্বাস করেছে৷ পরিবারবিবাগি মোদির ছেলেমেয়ে না থাকাটা হয়তো ভালোই হয়েছে৷ অন্তত উপমহাদেশীয় পরিবারতন্ত্রের পরিচিত ভাইরাস থেকে তিনি মুক্ত থাকবেন৷
ইন্দিরা শাসনে ভিন্নমত ও বিরোধী দলকে কংগ্রেস সমীহ করেনি৷ ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়৷ আবার কংগ্রেসও

অগান্ধী বড় নেতা তৈরি করেনি৷ ইচ্ছা বা অনিচ্ছায় গান্ধী পরিবার পরিবারতন্ত্র ও গোষ্ঠীতন্ত্রকে মহীয়ান করেছে৷ তারা এবং তাদের মিত্ররা জবরদস্তি ধারণা তৈরি করেছে সেক্যুলার ও অগ্রসর ধারার প্রতিভূ থাকবে কেবল তারাই৷ তারাই হবে সর্বেসর্বা, ঐতিহ্যবাহী মূল স্রোতোধারা৷ তারা পণ করেছিল, ‘গান্ধী’ শব্দটি পানসে হতে দেওয়া যাবে না৷
আমরা মনে রাখব, ইন্দিরা গান্ধীর কর্তৃত্বপরায়ণ শাসনের পটভূমিতে ভারতে ধর্মীয় জাতীয়তাবাদ ও ডানপন্থীদের উত্থান ঘটেছিল৷ বাংলাদেশেও মোটামুটি তাই৷ বঙ্গবন্ধু মুজিবের বাকশালের বিরুদ্ধে চরমপন্থী জাসদ ও মুখ্যত ডানপন্থী শক্তির মোর্চা হিসেবে বিএনপি জন্ম নিয়েছিল৷ একিট ভোটের ফলাফল দেখে একটি জাতির ধর্মীয় ও আদর্শগত মেরুকরণের গভীরতা যাচাই বা তাকে নিষ্পত্তিকারক বলা যায় না৷ মোদি এতটা শক্তিমান নন যে তিনি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে হিন্দুত্ববাদ চাপাবেন৷ নেহরুরা গোড়াতেই ধর্মনিরপেক্ষতার গাঢ় ছাপ দিয়ে গেছেন, যা মোদি চাইলেও মুছে দিতে পারবেন না৷ পশ্চিমবঙ্গের মানুষ বামেদের প্রত্যাখ্যান করে কম আদর্শবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে লুফে নিয়েছে৷ সেভাবে ভারত এবার হার্ভার্ড–ফেরত রাহুলকেও বিমুখ করেছে৷ তারা দুর্নীতি ও আত্ম-অহমিকায় দীর্ণ গান্ধী পরিবার ও তার বলয়ের রাজনীতিকে নাকচ করে মোদিকে বেছে নিয়েছে৷
চাপানো সত্ত্বেও জিয়া-এরশাদের ধর্মীয় জাতীয়তাবাদ মানুষ নিয়েছিল? নেয়নি৷ ১৫তম সংশোধনীর উন্মাদনা? এটাও মানুষ নেয়নি৷ মোদির হিন্দুত্ববাদও মানুষ নেবে না৷ গুজরাটের দাঙ্গাপীড়িত অঞ্চলে মোদির বিজয় কী নির্দেশ করে? সেটা এই যে জুজুর ভয় জনগণ কাটিয়ে ওঠে৷ জনতা ক্ষণে ক্ষণে খোলস পাল্টায়৷ আদর্শের পানীয়ে বুঁদ থাকা তার ধাতে সয় না৷ আপনি তাকে ভাত দেবেন না, কিন্তু তার জীবনে কিল মারার গোঁসাই হবেন, তা হবে না৷
এটা সংসদীয় গণতন্ত্র৷ মোদি নিজে কিন্তু দুটি আসনেই জিতেছেন৷ বাংলাদেশে দুই নেত্রীর উত্থানের সঙ্গে নারীর ক্ষমতায়নের প্রশ্নটি যেভাবে আলগা, সেভাবে মোদি ভারতের ‘নীচু জাতির’ ক্ষমতায়নের অবিসংবাদিত প্রতীক নন৷ বরং ‘পূতিগন্ধময় পুঁজিবাদেরই’ প্রতীক৷ মুখ্যমন্ত্রী হিসেবে মোদির ম্যাজিক ছিল অর্থনৈতিক সাফল্য, যা এখন তাঁকে দিল্লির চাবি এনে দিয়েছে৷ গুজরাটে টাটাদের তিনিই টেনেছেন৷ তাঁর মেয়াদের ১২টি অর্থবছরের মধ্যে ১১ অর্থবছরে গুজরাটের প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে৷ গুজরাটের মাথাপিছু আয় তিনি চার গুণ করেছেন৷ সেটা ৬১ হাজার ২২০ রুপিতে নিয়েছেন৷ জাতীয় গড় আয়ের চেয়ে এটা বেশি৷ বাংলাদেশে আমাদের প্রবৃদ্ধির কৃত্রিম গল্প শুনতে হয়৷ আইসিএবি-প্রথম আলো আয়োজিত সভায় এক বক্তা বলেন, সরকার বাধা দিলেও ৫ শতাংশ জিডিপি আটকাতে পারবে না৷ তার মানে, আমাদের ৬-৭ শতাংশের জিডিপিতে সরকারি কৃতিত্ব সামান্য৷
রাহুল পরাজয় স্বীকার করেছেন, পদত্যাগ করেননি৷ তবে ফলাফল রাজনীতির রাজপুত্রদের জন্য এই বার্তা স্পষ্ট করেছে যে তাঁদের প্রতি সাধারণ মানুষের ভাবাবেগ স্তিমিত হয়ে এসেছে৷ কিন্তু অকৃতজ্ঞ বলে জনগণের ওপর প্রতিশোধ নেওয়া যাবে না৷ নেতৃত্বের যোগ্যতা ও সততার ঘাটতিকে স্বাধীনতা আন্দোলনে বা জাতির কোনো ক্রান্তিকালের ত্রাতা হিসেবে কারও ভূমিকা পালনজনিত আবেগকে যথেচ্ছ ব্যবহার মানুষ মানবে না৷
তবে অতীতকাতরতা কতটা কাজ দিয়েছে, সেটা লক্ষ করতে হবে বাংলাদেশকে৷ কারণ, তার রাজনীতি এখনো অতীতমুখী৷ আওয়ামী লীগ ও বিএনপি বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে নিজেদের মেলাতে পারে৷ তিন নেতা-নেত্রীরই উত্থান আশির দশকে, প্রায় একই সময়ে৷
ভারত একজন ভূমিপুত্রকে দুই হাত উজাড় করে দিয়েছে এমন একটি সময়ে, যখন ভারতীয় ভাবাবেগের তোড়ে ইতালি বংশোদ্ভূত সোনিয়া প্রধানমন্ত্রী হতে পারেননি৷ কংগ্রেসের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে যে যাকে প্রধানমন্ত্রী করা যায় না, তাঁকে দলের কান্ডারি করা যায়৷ গান্ধী পরিবারের উচিত স্বাধীনতার নেতৃত্বদানকারী কংগ্রেসকে অগান্ধী নেতৃত্বের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা৷ ভারতের এবারের নির্বাচনী ফল গোটা উপমহাদেশীয় রাজনীতিতে গোষ্ঠীতন্ত্রের অবসান ঘটানোর বার্তা পেঁৗছাবে কি?

মিজানুর রহমান খান: সাংবাদিক৷

[email protected]