রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ফেব্রুয়ারি থেকে পরবর্তী চার বছরে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১০ জনের বেশি রগ কাটার শিকার হয়েছেন। রাজশাহী পুলিশের কমিশনার মাহবুবুর রহমান গতকাল বুধবার বৈঠকে বসেছিলেন। ২০১৩ সালের অক্টোবরের আগেকার কোনো মামলার তদন্ত থেমে নেই। অভিযোগপত্র দাখিল হয়ে গেছে। এগুলো বিচারাধীন। বিচার কবে হবে তা অবশ্য কারও জানা নেই। মামলার হালফিল জানারও কারও কোনো গরজ নেই। একটি নতুন সহিংসতা গণমাধ্যমে সংবেদনশীলতার ঢেউ তুলে মিলিয়ে যায়। সেই ঢেউয়ের হিসাব কেউ রাখে না।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন পুলিশ প্রশাসনের ওপর গভীর হতাশা ব্যক্ত করেছেন। তাঁর ধারণা, পুলিশ ছাত্রশিবিরের রাশ টানতে অনিচ্ছুক। অবশ্য তিনিই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বের পৃষ্ঠপোষকতা দেন। এর আগে তিনি যখন মেয়র ছিলেন, তখন প্রকাশ্যে পুলিশের বন্দুক কেড়ে নেওয়া ছাত্রশিবিরের কর্মীরাও থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

পুলিশ মনে করে যে দুজন আহত হয়েছেন, তাঁদের ওপর হামলাকারীরা ছাত্রশিবিরভুক্ত সেটা যেমন ঠিক, তেমনি এর নেপথ্যে চাঁদাবাজি ও মাস্তানিও মুখ্য কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পারতপক্ষে কোনো সহিংস ঘটনার পর তদন্ত কমিটি করে না। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নজির নেই বললেই চলে। রাবি ক্যাম্পাসে শিবিরকে বাগে রাখতে সরকারি মহলে সন্তুষ্টি আছে। ছাত্রশিবিরের দখলে হল নেই। ক্যাম্পাসেও তাদের দাপট নেই। পুলিশের মতে, বিশ্ববিদ্যালয়ের সাতটি গেট থাকা একটি সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে ছাত্রশিবিরের বহিরাগত কর্মীরা অতর্কিতে চোরাগোপ্তা হামলা করে পালিয়ে যান।

পুলিশ ২৮ এপ্রিলের ঘটনার পর নগরের মেসসহ ছাত্রশিবিরের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে। এদের জিজ্ঞাসাবাদ চলছে। এ রকম পাইকারি ধরপাকড় চূড়ান্ত বিচারে লোক দেখানো। অপরাধীদের কাছে এটা কোনো বার্তা বয়ে নিয়ে যাবে না। ছাত্রশিবিরের সন্ত্রাসীদের বাইরেও আরও অনেক সন্ত্রাসী রয়েছে। অসহনীয় ভর্তি-বাণিজ্য ও টেন্ডার-সন্ত্রাসের দায় সরকারি মহলকেই নিতে হবে। কিন্তু তারা এটা ক্ষীণস্বরে বলে। অথচ এটা চলতে দেওয়াটাও ছাত্রশিবির দমনে অন্তরায়। সরকারি দল এবারও ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি করেছে। এটা কে পূরণ করবে, তা কারও জানা নেই।