রাজ্যসভায় সীমান্ত বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত বিল উত্থাপন করে ভারত তার প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করল বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ যে মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হতে পারত, যদি এর বিরুদ্ধে সেখানকার বিরোধী দল এমন মরিয়া হয়ে না উঠত। সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে যেই রাজ্যের সমর্থন ও সহযোগিতা একান্ত জরুরি, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলটি সংসদে পাস হতে দেবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন। বিলের বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিজেপি, অসম গণপরিষদও।
তবে সালমান খুরশিদ এ কারণে ধন্যবাদ পেতে পারেন যে তিনি শেষ পর্যন্ত বিলটি রাজ্যসভায় পেশ করতে পেরেছেন। এর আগে দুবার চেষ্টা করলেও বিরোধী দলের বিরোধিতার কারণে তা সফল হননি। যদিও ১৯৭৪ সালে সই করা মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুক্তি বাস্তবায়ন হলে ভারত ভূমি হারাবে বলে যে যুক্তি দেখাচ্ছেন, সেটি সঠিক নয়। বাংলাদেশের ভেতরে ভারতের কিংবা ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলগুলোর ওপর এ পর্যন্ত কেউই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সেখানকার বাসিন্দারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। একইভাবে অসার যুক্তি তুলে ধরে তিনি তিস্তার পানিবণ্টন চুক্তিও আটকে রেখেছেন।
সীমান্ত বিল পাস হলে যে ভারতই অধিকতর লাভবান হবে, সেটি তৃণমূল নেত্রী না বুঝলেও দেশটির থিংক ট্যাংক বলে পরিচিত দিল্লি পলিসি গ্রুপের মহাপরিচালক ঠিকই উপলব্ধি করেছেন। চুক্তির বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তাঁদের কি জাতীয় স্বার্থ সম্পর্কে কোনো ধারণা আছে, নাকি তাঁরা জাতীয় স্বার্থকে অবজ্ঞা করে চলেছেন?’
সীমান্ত বিলের বিষয়ে আমাদের উদ্বেগের কারণ হলো, আগামী এপ্রিলের নির্বাচনে ভারতে ক্ষমতার পালাবদল হলে দিল্লির বাংলাদেশনীতি অটুট থাকবে কি না? দিল্লি পলিসি গ্রুপের মতো আমরাও মনে করি, দুই দেশের জনগণের স্বার্থেই সীমান্ত চুক্তির বাস্তবায়ন জরুরি। যেখানে বাংলাদেশ ভারতের নিরাপত্তাঝুঁকি কমাতে সাধ্যমতো সবকিছু করেছে, উত্তর-পূর্ব ভারতে পণ্য সরবরাহের পথ সুগম করেছে, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থে তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের দাবি নিশ্চয়ই অযৌক্তিক নয়। তাই প্রতিশ্রুতি পূরণে চাই দিল্লির সাহসী পদক্ষেপ।