রানা প্লাজা ট্র্যাজেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের চৈতন্যোদয় হয়েছে বলে মনে হয় না।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ১৫ মাস পার হলেও হতাহত পরিবারের সদস্যরা খুব কমই ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করতে গঠিত কমিটি প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ১৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা এবং আহত পরিবারকে দেড় থেকে সাড়ে সাত লাখ টাকা করে দেওয়ার সুপারিশ করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা ব্যবস্থাপনা সমন্বয় কমিটির তহবিলে এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বা ১৪১ কোটি টাকা জমা পড়েছে। অথচ ক্ষতিপূরণের জন্য প্রয়োজন ৩২০ কোটি টাকা।
সমন্বয় কমিটি অর্থাভাবে কিস্তিতে ক্ষতিপূরণের টাকা হতাহত ব্যক্তিদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণও বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্বিষহ জীবন যাপন করলেও ক্ষতিপূরণ প্রদানে সরকার ও বিজিএমইএর টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ কথা সত্য যে বিদেশিরা বাংলাদেশের পোশাকশিল্পের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কর্মপরিবেশ উন্নয়নে তেমন সহায়তা দেয়নি। রানা প্লাজার পাঁচটি পোশাকশিল্পের ক্রেতাদের মধ্যে প্রাইমার্ক নামের একটি প্রতিষ্ঠান ৯০ লাখ ডলার দিলেও অন্যদের কাছ থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি। কিন্তু সরকার বা বিজিএমইএ কী করেছে? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ বাবদ ১২৭ কোটি টাকা জমা পড়লেও মাত্র ২২ কোটি খরচ করার কী যুক্তি থাকতে পারে? এখানে অর্থ রেখে দিয়ে ক্ষতিগ্রস্তদের কিস্তিতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।
বাইরের মুখাপেক্ষী না হয়ে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কাজটি সরকার ও বিজিএমইএকেই করতে হবে। কিস্তিতে নয়, ঈদের আগেই তাঁদের সব পাওনা মিটিয়ে দেওয়া হোক।