গতকাল শুক্রবার প্রথম আলোতে একই পাতায় দুটি খবর ছাপা হয়েছে। একটি হলো রানা প্লাজা ধসে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। দ্বিতীয়টি বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের জরিপ। সেই জরিপ থেকে জানা যায়, রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ৯৪ শতাংশ এখনো কারখানার মালিকদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পায়নি, যদিও দুর্ঘটনার ছয়মাস পার হয়ে গেছে।
আরও উদ্বেগের খবর হলো, ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ শতাংশ ঋণগ্রস্ত এবং ৯০ শতাংশের বেশির ভাগের কোনো সঞ্চয় নেই। নিয়োগদাতা কারখানার কাছ থেকে অসুস্থতা ভাতা বা ক্ষতিপূরণ পায়নি ৯৪ শতাংশ। আহত শ্রমিকদের ৯২ শতাংশ কাজে ফিরতে পারেনি এবং ৬৩ শতাংশ স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে।
কারখানার কর্মরত অবস্থায় শ্রমিকেরা হতাহত হলে শ্রম আইনেই তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। কারখানার মালিকেরা এই আইন কীভাবে লঙ্ঘন করে চলেছেন? তাঁরা কি আইনের ঊর্ধ্বে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বা কেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? অবিলম্বে যাতে হতাহত শ্রমিকদের পরিবারগুলো ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করতে হবে।
রানা প্লাজা ধসের পর দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য এগিয়ে আসে। প্রথম আলো ট্রাস্টও বিশেষ তহবিল গঠন করে আহত শ্রমিকদের চিকিৎসা-সহায়তা দিয়ে যাচ্ছে। জেনেভায় গত মাসে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর বৈঠক হয়েছে, যাদের অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে। তারা যেহেতু সংশ্লিষ্ট তৈরি পোশাক প্রতিষ্ঠানের পণ্য কিনেছে, সেহেতু নৈতিক দায় থেকে তারা সহায়তা দিচ্ছে। সর্বশেষ প্রাইমার্ক নামের প্রতিষ্ঠানটি প্রত্যেক শ্রমিককে ৩০ হাজার টাকা দিয়েছে।
কিন্তু শ্রমিকদের এই দুর্বিষহ জীবনের জন্য যারা দায়ী, তারা কোনোভাবেই ছাড় পেতে পারে না। অবিলম্বে ক্ষতিপূরণ দিতে তাদের বাধ্য করতে হবে এবং সেই কাজটি করতে পারে একমাত্র সরকারই। রানা প্লাজার ধস কেবল আমাদের তৈরি পোশাকশিল্পের শতাধিক শ্রমিককে হত্যা করেনি, দেশের ভাবমূর্তিকেও হত্যা করেছে। তাদের জন্য আমেরিকায় জিএসপি-সুবিধা বাতিল হয়েছে। আইন লঙ্ঘনকারী কারখানার মালিকদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।