গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ঘটেছে ইতিহাসের জঘন্যতম ভবনধসের ঘটনা। এ দুর্ঘটনায় ১১৩৫ জন পোশাকশ্রমিক নিহত হন এবং আহতের সংখ্যা হাজার হাজার। আহত শ্রমিকদের অনেককেই অঙ্গপ্রত্যঙ্গ কেটে বের করে আনতে দেখা গেছে, পরেও অঙ্গহানি হয়েছে অনেকের। এ উদ্ধারকাজে সরকারি বাহিনীর পাশাপাশি অনেক বেসরকারি উদ্ধারকারীকেও তৎপর থাকতে দেখা গেছে। যাঁরা শুধু মানবিকতার দায়ে ছুটে গেছেন রানা প্লাজায়। কখনো বা উদ্ধার করতে পেরে তাঁরা আত্মতৃপ্তি পেয়েছেন, আবার উদ্ধারে ব্যর্থ হয়ে অঝোরে কেঁদেছেন।
কিন্তু এসব উদ্ধারকারী যখন মানসিক যন্ত্রণায় ছটফট করে মানসিক রোগী হয়ে যাচ্ছেন, কেউবা নিজেই নিজের হাত কেটে ফেলার চেষ্টা করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়, তখন মনোরোগ চিকিৎসকদের সহযোগিতা ও সাহায্য একান্ত কাম্য।
আমরা হয়তো ওই দুর্ঘটনার কথা ভুলে যাই, কিন্তু ওই দিনগুলোর ‘নায়কেরা’ তা আজও ভুলতে পারছেন না। তাঁদের মনের মধ্যে যে অবস্থা বিরাজ করে, তা যেন ওই রানা প্লাজার ধ্বংসস্তূপের মতোই। অনেকেই সেই সময়ের মানসিক ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই আমাদের উচিত, এই জীবন্ত মানুষগুলোকে একটু মানসিকভাবে শান্তি দেওয়া, প্রয়োজনে তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। যাঁরা মানবতার দায়ে ছুটে গিয়েছিলেন, আজ তাঁদের জন্য আমাদের কিছু করার আছে এবং আমি মনোরোগ চিকিৎসকদের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। শিল্পকারখানার বিপর্যয়ের বিষয়েঅভিজ্ঞ মনোচিকিৎসকও থাকা দরকার।
সাজেদা আক্তার
নরসিংদী।