রানা প্লাজা ট্র্যাজেডির পরও সংশ্লিষ্ট মহলের টনক নড়েনি। যে ঘটনায় জাতির মধ্যে হূদয়বিদারক আলোড়ন উঠেছিল, উদ্ধারকাজে সাধারণ মানুষের মহান ত্যাগের দৃষ্টান্ত মিলেছিল, এক হাজার ১৩২ জনের মর্মান্তিক মৃত্যুর পরও সেই ঘটনায় এমন দায়িত্বহীনতা সত্যিই ক্ষমাহীন। তাজরীন ফ্যাশনসের নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়েও অভিযোগ রয়েছে। উভয় ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও রয়েছে বিরাট রকম গাফিলতি।
নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিরূপণের দায়িত্ব ছিল সরকারের বিভিন্ন সংস্থার—এর জন্য আন্দোলন করতে হবে কেন? ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং সে অনুযায়ী বিতরণের কাজটাও আইনানুগভাবেই হওয়া উচিত ছিল। অথচ তা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেশ কজনকে ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেকেই তা পাননি বলে আক্ষেপ করছেন। আইন অনুযায়ী মালিকপক্ষ ও তাঁদের সংগঠন বিজিএমইএও দায়িত্ব এড়াতে পারে না। অথচ তারা ভয়ংকর রকম নির্বিকার।
ক্ষতিপূরণের পরিমাণ কত হওয়া উচিত, তা নিয়েও মতভেদ রয়েছে। তাজরীনের বেলায় নিহত ব্যক্তিদের একাংশ ছয় থেকে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে। অনেকে তা-ও পাননি। ১৮৫৫ সালের শ্রম আইন অনুযায়ী প্রকৃত ক্ষতিপূরণ হওয়ার কথা ৪৮ লাখ টাকার ওপরে বলে শ্রম অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। অন্যদিকে আইএলওসহ আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের হিসাব অনুযায়ী বাংলাদেশের মজুরিকাঠামো সাপেক্ষে পরিবারপ্রতি ক্ষতিপূরণ দাঁড়ায় প্রায় ২৮ লাখ টাকা। এটা পূরণের দায়িত্ব সরকার, মালিকসহ সংশ্লিষ্ট সবার। ইতিমধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থসহায়তা এলেও তা কীভাবে বিতরিত হচ্ছে, সে বিষয়ে সমন্বয় ও স্বচ্ছতা নেই। এসব বিবেচনায় ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ সব ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করায় কেন্দ্রীয়ভাবে স্বাধীন তদারকি দল বা আলাদা কমিশন গঠনের সুপারিশ এসেছে। এটা করা যেমন জরুরি, তেমনি শ্রমিকের স্বার্থের প্রতি বিজিএমইএর চরম অবজ্ঞারও বিহিত হতে হবে।
তাজরীনে নিহত শ্রমিকদের প্রকৃত সংখ্যাও জানা দরকার। জানা দরকার তাজরীনের মালিক দেলওয়ার হোসেন এবং রানা প্লাজার স্বত্বাধিকারী সোহেল রানাসহ দায়ী সবার বিচারের কী অগ্রগতি। রানা প্লাজার সব ক্ষতিগ্রস্ত ব্যক্তি কত দিনের মধ্যে তাঁদের ন্যায্য পাওনা বুঝে পাবেন, তা-ও জানাতে হবে। জানা দরকার বিজিএমইএ আর কত কাল জবাবদিহির ঊর্ধ্বে থাকবে? রানা প্লাজার ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং পোশাকশিল্পে শৃঙ্খলা আনতে এসব অভিযোগের প্রতিবিধান ছাড়া এগোনোর পথ আর আছে কি?