বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি লিমিটেড বাগেরহাটের রামপালে নির্মিতব্য এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার আমদানি কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লার উৎস সন্ধান, পরিবহন, বড় জাহাজ থেকে আমদানি করা কয়লা ছোট জাহাজে স্থানান্তর, কয়লা সরবরাহের প্রয়োজনীয় উপকরণ-অবকাঠামো ও প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষকে কয়লা আমদানির প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনে প্রার্থিত পরামর্শসেবার তালিকা থেকে স্পষ্ট, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানিকে (এনটিপিসি) উভয়ের সমান (৫০: ৫০) মালিকানার রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজ বাস্তবায়নে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, রামপালের প্রকল্প এলাকায় এখন ভূমি উন্নয়নের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের শর্ত সাপেক্ষে দেওয়া পরিবেশগত ছাড়পত্র নিয়ে পরিবেশ আন্দোলনকারী সংগঠনগুলোর সমালোচনা, আন্দোলনের হুমকি শোনা যাচ্ছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিবেশের ওপর কী প্রভাব পড়বে, সুন্দরবন কী মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে, নিকটবর্তী জনপদে প্রকল্পের প্রভাব কতটুকু পড়বে—এ নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ বরাবরের মতো কোনো ব্যাখ্যা-বক্তব্য থেকে নিজেদের দূরে রাখছে। উল্লিখিত পরামর্শকের আহ্বান করে দেওয়া বিজ্ঞাপনে বলা হয়েছে, ৪ দশমিক ৭২ মিলিয়ন টন কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতিবছর আমদানি করতে হবে এবং সেই কয়লার তাপজননক্ষমতা প্রায় ছয় হাজার কিলোক্যালরি/কেজি, ছাই (অ্যাশ) এবং গন্ধকের (সালফার) পরিমাণ যথাক্রমে ১৫ শতাংশ ও শূন্য দশমিক ৬-এর নিচে হবে বলে ধারণা। এই পরিমাণ কয়লা আমদানি করতে বছরে ৮০ হাজার টন বহনক্ষমতার ৫৯টি মহাসমুদ্রে চলাচলের জাহাজ পশুর নদের মোহনায় ‘আকরাম পয়েন্ট’ নামক স্থানে এসে ভিড়বে। এ জন্য সুন্দরবনের ভেতর ‘আকরাম পয়েন্টে’ কয়লাবাহী জাহাজ ভেড়ানোর আয়োজন, সেই জাহাজ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টন ক্ষমতার ছোট বার্জে কয়লা খালাস করা এবং ছোট বার্জ দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন জেটিতে কয়লা পরিবহন করতে হবে। বলাই বাহুল্য, পাঁচ হাজার টন ক্ষমতার বার্জ ব্যবহার করলে বড় জাহাজে আনা কয়লা বিদ্যুৎকেন্দ্রে আনতে প্রতিদিন বার্জগুলোকে অন্তত ছয়বার পশুর নদের পথে চলাচল করতে হবে। এই ৪০ কিলোমিটার পথের পুরোটাই সুন্দরবনের ভেতর দিয়ে অন্যান্য চলাচলকারী নৌযানের পাশাপাশি চলতে হবে। সাধারণত কয়লা বহনকারী ছোট বার্জগুলো আবৃত হয় না, সে কারণে চলাচলের পথে কয়লার গুঁড়া ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সুন্দরবন ও তার অনন্য পরিবেশ নিয়ে উদ্বিগ্ন মানুষ। তা ছাড়া দুর্ঘটনার কারণেও বার্জের কয়লা নদীপথে ছড়িয়ে পড়তে পারে। দুর্ভাগ্যক্রমে গভীর মহাসমুদ্র থেকে ‘আকরাম পয়েন্ট’ এবং সেখান থেকে পশুর নদ দিয়ে রামপাল পর্যন্ত নৌপথ কয়লাবাহী জাহাজ ও ছোট বার্জ চলাচলের উপযোগী করতে ‘ক্যাপিটাল ড্রেজিং’ করতে হবে এবং প্রতিবছর ‘মেইনটেন্যান্স ড্রেজিং’ প্রয়োজন হবে, না হলে তা নাব্যতা হারাবে। স্থানীয় পরামর্শক সিইজিআইএসের প্রাথমিক হিসাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ের অতিরিক্ত আরও প্রায় ১৫০ মিলিয়ন ডলার নৌপথ নাব্য করতে ব্যয় হবে। প্রতিবছর পশুর নদের সংশ্লিষ্ট অংশ নাব্য রাখতে আরও অন্তত ৩০ মিলিয়ন ডলার ব্যয় হবে। যদি কয়লা আমদানির মেয়াদি চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে প্রতি টন কয়লা পরিবহন, ট্রান্সশিপমেন্ট, হ্যান্ডলিং ব্যয়, উৎসে কয়লার জাহাজীকরণ মূল্যের সঙ্গে যোগ হবে। অতিরিক্ত হিসেবে আন্তর্জাতিক পরামর্শ সেবার জন্য দীর্ঘ মেয়াদে বড় অঙ্কের অর্থ গুনতে হবে, যা শেষাবধি প্রতি টন কয়লার আমদানিমূল্যের সঙ্গে যোগ হবে। তা ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্তাবলির প্রতি রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আন্তরিক হলে, পরিবেশের বৈরী প্রভাব নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সম্পদ বিনিয়োগ করতে হবে। শেষ পর্যন্ত প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্যের সঙ্গে এসব ব্যয় যুক্ত হবে।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে যে যুক্তি দেওয়া হয়, তা প্রধানত বিদ্যুৎকেন্দ্রের জন্য তুলনামূলক সস্তা জমির মূল্য ও কমসংখ্যক মানুষকে প্রকল্পের কারণে স্থানান্তর করার সুবিধা-সংক্রান্ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি কয়লা দিয়ে যে কটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা হচ্ছে, তুলনামূলক কম পরিবহনব্যয়ের বিবেচনায় তার সব কটিই চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারকেন্দ্রিক, ব্যতিক্রম কেবল রামপালের বিদ্যুৎকেন্দ্র। একই জায়গায় অনেকগুলো বড় বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে তার কৌশলগত সীমাবদ্ধতা ছাড়াও উৎপাদিত বিদ্যুৎ দেশের অন্যান্য অংশে নির্ভরতার সঙ্গে সঞ্চালনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সে বিবেচনায় খুলনা, বাগেরহাট অঞ্চলে আমদানি কয়লা দিয়ে বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনা যৌক্তিক। চাইলেই যেহেতু দেশের যেকোনো প্রান্তে আমদানি করা কয়লা সহজে ও সহনীয় মূল্যে পৌঁছানো যায় না, সে কারণে তুলনামূলক গভীর ও ধারাবাহিকভাবে নৌচলাচলের উপযোগী নদীপথের কাছাকাছি বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা করতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত উৎপাদিত বিদ্যুতের জন্য গ্রাহককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কত মূল্য পরিশোধ করতে হবে, সেটিও বিবেচনায় নিতে হবে।
রামপালে যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা হচ্ছে, তার ৭০ শতাংশ বিনিয়োগ যে ঋণ নিয়ে বাস্তবায়িত হবে, তার শর্ত এবং মূল্য এখনো অজানা। ‘সুপার ক্রিটিক্যাল’ প্রযুক্তিনির্ভর উচ্চ দক্ষতার ৬৬০ মেগাওয়াট ক্ষমতার যে দুটি প্ল্যান্ট রামপালে স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার উপযোগী কয়লা কী মূল্যে আমদানি করা যাবে, সেটিও বিবেচ্য (এ প্রসঙ্গে মনে রাখা ভালো, ২০০৫ সালে দেশের একমাত্র কয়লাখনি বড়পুকুরিয়ায় উৎপাদন বিপর্যয় ঘটলে, খনিমুখে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ অব্যাহত রাখতে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারতের মেঘালয় থেকে ৫০ হাজার টন উচ্চ সালফারযুক্ত কয়লা আমদানি করা হয়েছিল। সে কয়লা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা যায়নি কারিগরি কারণেই)। ভবিষ্যতে আমদানি উৎসে মানসম্মত কয়লা বাংলাদেশের জন্য জাহাজে তোলা হলো কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েও এখনই ভাবার সময়। ভারত বিশ্বের অন্যতম প্রধান কয়লা আমদানিকারক দেশ এবং গত অর্থবছরে ভারত ২০৪ মিলিয়ন টন কয়লা আমদানি করেছে। কয়লা আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য গড়ে উঠেছে দীর্ঘদিনে (১৭৯৯ সালে ভারত অস্ট্রেলিয়া থেকে প্রথম জাহাজে ভরে কয়লা এনেছিল এবং ভারতে কয়লা উৎপাদন শুরু ১৭৭৪ সালে)। রামপালের বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় এনটিপিসি ৫০ শতাংশ অংশীদার হলেও এ বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির চ্যালেঞ্জ বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকেই সামাল দিতে হবে।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।