সুন্দরবনের কাছাকাছি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আপত্তি উঠেছিল শুরু থেকেই। বিরোধিতার মূল কারণ পরিবেশ বিপর্যয় ও সুন্দরবনের ক্ষতির আশঙ্কা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তা কোনোভাবেই বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। কিন্তু পরিবেশবাদীদের আশঙ্কা ও উদ্বেগ সরকারের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সব উদ্যোগ ও আয়োজন চলছে পুরোদমে। সুন্দরবন বা পরিবেশ—এসব কি সরকারের কোনো বিবেচনার মধ্যেই নেই?
দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে এবং সামনে বিদুতের চাহিদা আরও বাড়বে। এই বাস্তবতায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি মাথায় রাখা জরুরি। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর হলেও সাশ্রয়ী। বিদ্যুতের চাহিদা ও কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন—এ দুটি বিষয় বিবেচনায় নিলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগকে বাস্তবসম্মত হিসেবেই বিবেচনা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র কেন সুন্দরবনের মতো একটি অনন্য প্রাকৃতিক ঐতিহ্যের কাছেই হতে হবে? সারা দেশে কি আর সুবিধাজনক কোনো জায়গাই পাওয়া গেল না!
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা শুরু থেকেই যাঁরা করছেন, তাঁরা বলছেন যে এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের প্রকৃতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। সুন্দরবন ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, এর এত কাছাকাছি এ ধরনের একটি স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত সুন্দরবন ও বেঙ্গল টাইগার রক্ষা চুক্তিরও পরিপন্থী বলে তাঁরা জানিয়েছেন। তা ছাড়া এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্ন শর্তে যে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল, তার অনেকগুলো লঙ্ঘন করা হয়েছে বলেও পরিবেশবাদীরা অভিযোগ করেছেন। সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় বলে আমরা মনে করি।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন অব নেচার (আইইউসিএন) তাদের পর্যবেক্ষণে বলেছে, এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করতে পারে। আন্তর্জাতিক বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খানের মত হচ্ছে, সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া ঠিক হবে না। সুন্দরবনের ভারতীয় অংশে ২৫ কিলোমিটারের মধ্যে কোনো কারখানা স্থাপনেরও অনুমতি দেওয়া হয় না। এসব উদ্বেগ ও মতামতকে আমরা গুরুত্বের সঙ্গে নিতে চাই।
আমরা মনে করি, বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের কোনো ক্ষতি হোক, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকা-সুন্দরবন লংমার্চ শুরু করেছে। এই প্রকল্পের শুরু থেকেই যেহেতু এর বিরোধিতা হয়েছিল, সরকারের উচিত ছিল পরিবেশবাদীদের উদ্বেগ ও আশঙ্কাকে বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সেটি না করে সরকার নিজেদের মতো এগিয়ে গেছে, অন্যদিকে এ নিয়ে বিরোধিতাও এখন বাড়তে শুরু করেছে। এ অবস্থা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।