দশম জাতীয় সংসদের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন বর্জনকারী দলগুলোর প্রতি সংঘাত ও নৈরাজ্যের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার জন্য যে আহ্বান জানিয়েছেন, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করি। কেননা, গণতান্ত্রিক ব্যবস্থাকে বিকশিত ও সমৃদ্ধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, সংলাপ ও সমঝোতার বিকল্প নেই।
রাষ্ট্রপতি এ-ও স্বীকার করেছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনটি হতে হয়েছে। বিগত সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশ কিছু দল এই নির্বাচন শুধু বর্জনই করেনি, প্রতিহত করারও ডাক দিয়েছিল। এ কারণে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে যেমন বিতর্ক রয়েছে, তেমনি এতে জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটেনি বলেই অনেকের বিশ্বাস।
সম্ভবত এসব বিবেচনায় নিয়েই নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপির প্রতি সংলাপে বসার আহ্বান জানান। তবে তিনি একই সঙ্গে তাদের সন্ত্রাস ও জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার কথা বলেছেন। গত বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণেও একই কথার প্রতিধ্বনি থাকায় আমরা ধরে নিতে পারি যে তাঁর এই বক্তব্যের প্রতি সরকারের সমর্থন আছে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ভাষণে ক্ষমতাসীন দলের রাজনৈতিক দর্শনই প্রতিফলিত হয়ে থাকে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণী-পেশানির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার যে তাগিদ দিয়েছেন, তা-ও অনুধাবনযোগ্য। এই ঐকমত্য গড়ে তোলার দায়িত্ব সব দলের হলেও ক্ষমতাসীনদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। রাষ্ট্রপতি যে সংলাপের আহ্বান জানিয়েছেন, সেই সংলাপের উদ্দেশ্য কী হবে, সেটিও স্পষ্ট করা দরকার। বিরোধী দল যেহেতু নির্বাচন বর্জন করেছে, সেহেতু সংসদে তাদের ভূমিকা রাখার সুযোগ নেই।
এই বাস্তবতায় ক্ষমতাসীন ও বিরোধী—উভয় দলের উচিত সুনির্দিষ্ট আলোচ্যসূচি তৈরি করা। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেসব পূর্বশর্তের কথা বলেছেন, তা যেমন অন্তর্ভুক্ত হতে পারে, তেমনি বিরোধী দলের দাবি অনুযায়ী আগাম নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে। একই সঙ্গে বিরোধী দলের নেতাদের মুক্তি দিয়ে সরকার আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
সরকারি দলের নেতা-মন্ত্রীদের ভাষায়, পাঁচ বছরের এক দিন আগেও যদি সরকার নির্বাচন দিতে প্রস্তুত না থাকে, তাহলে এসব আলোচনার আহ্বান ব্যর্থ পরিহাস বলেই প্রতীয়মান হবে। তাদের বুঝতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচনে জয়লাভ করা আর জনপ্রতিনিধিত্বমূলক সরকার এক কথা নয়। আর বিরোধী দলকেও সবকিছু বর্জন ও রাজপথে ফয়সালার মানসিকতা পরিহার করে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ আর কখনোই ৫ জানুয়ারির আগে ফিরে যাবে না।