রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থিক খাতের নেতিবাচক চিত্র একের পর এক প্রকাশিত হচ্ছে আর বাড়িয়ে তুলছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে ব্যাংকগুলোয় ঋণ বিতরণে অনিয়ম-বিশৃঙ্খলা যেন এই সরকারের সময়ে নতুন নতুন মাইলফলক অর্জনের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। আর এই কাজে এগিয়ে থাকছে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো।
গত সপ্তাহেই প্রথম আলোসহ একাধিক পত্রিকায় রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর নাজুক অবস্থার চিত্র প্রকাশিত হয়েছে। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল এই চার ব্যাংকের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে প্রতিবেদন দিয়েছে, যেখানে ব্যাংকগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ‘স্পেশাল ডায়াগনস্টিক রিভিউ এক্সামিনেশন’ নামে বাংলাদেশ ব্যাংক এই চার ব্যাংকের পরিস্থিতির যে চুলচেরা বিশ্লেষণ করেছে, তাতেও নেতিবাচক চিত্র উঠে এসেছে। সব মিলিয়ে এই চার ব্যাংক যে গোটা আর্থিক খাতকে ঝুঁকিতে ফেলে দিয়েছে, তা স্পষ্ট।
রাষ্ট্রমালিকানাধীন এই চার ব্যাংক যে এ রকম একটা অবস্থায় উপনীত হতে পারে, তা অনেক আগেই আশঙ্কা করা হয়েছিল। মহাজোট ক্ষমতায় আসার পরই রাজনৈতিক বিবেচনায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে যাচাই-বাছাই ও রীতিনীতির তোয়াক্কা না করে বিপুল পরিমাণ ঋণ প্রদান শুরু হয়। এরপর চলে নানাভাবে খেলাপি ঋণে ছাড় ও ঋণ আদায়ে শিথিলতা। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও অর্থ মন্ত্রণালয়ের নির্লিপ্ততা ব্যাংকগুলোর ভিত্তি নড়বড়ে করে দিতে থাকে। অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্থাপন করে বলা হয়েছিল যে এসব ব্যাংকের ওপর নজরদারি করা হবে। বাস্তবে তা হয়নি, উল্টো কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার পর সোনালী ব্যাংকের নাজুক পরিস্থিতি জনসমক্ষে আসে। নানা সমালোচনার মুখে সরকার পরিচালনা পর্ষদ পুনর্বিন্যাস করে। কিন্তু আগের বছরগুলোয় নির্বিচারে লুটপাট করে যে বিরাট গর্ত তৈরি করা হয়েছে, তা তো আর সহজে পূরণীয় নয়। জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিস্থিতিও কমবেশি একই রকম। খেলাপি ঋণ বেড়েছে, বেড়েছে লোকসানি শাখা, কমেছে ঋণ আদায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এসব ব্যাংকের কাজই হলো লুটপাটের জন্য অর্থের জোগান দেওয়া। রাজনৈতিক মদদপুষ্ট ও সুবিধাভোগীরা ঋণ গ্রহণের নামে লুট করবে আর জনগণের আমানতের অর্থে হবে তার অর্থায়ন!
বস্তুত, রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক এখন অনিয়ম ও কুশাসনের নজির হিসেবে আবির্ভূত হয়েছে। এর দায় রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত পরিচালনা পর্ষদের, এর দায় ব্যাংকের দুর্নীতিপ্রবণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এর দায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্লিপ্ততা, এর দায় বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা। অথচ বিগত বছরগুলোয় এই চারটি ব্যাংককে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার মধ্যে আনা গেলে দেশের অর্থনীতিই দীর্ঘ মেয়াদে উপকৃত হতো।