আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের অনেকের পেশাদারি সততা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তাঁদের দ্বারা অন্য আদালতে মামলা পরিচালনা করা, বিশেষ করে কোনো যুদ্ধাপরাধী সংগঠনের নেতা-কর্মীর পক্ষে অাইনি লড়াই চালানোটা খুবই পীড়াদায়ক৷ বিষয়টি যতটা না আইনগত, তার চেয়ে নৈতিকতার দিকটি বেশি জোরালো৷
এ-সংক্রান্ত গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিশ্চিত করেছে যে, রাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিকে যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনায় নেয়নি। এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের ধারণাও স্বচ্ছ নয়। সে কারণে একজন আইনজীবীকে প্রশ্ন করা হলে তিনি নির্বিকারচিত্তে জবাব দিয়েছেন, ‘আমরা ব্যক্তিগত মামলা চালাতেই পারি। আমরা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা নই। আমরা সম্মানী পাই।’ অথচ আইনে বলা আছে, সরকারের আইন কর্মকর্তারা ব্যক্তিগত মামলা পরিচালনা করতে পারবেন, তবে তাঁরা সরকারের বিরুদ্ধে কোনো মামলায় পরামর্শ দিতে বা মামলা পরিচালনা করতে পারবেন না। এ ছাড়া সরকারের পূর্বানুমতি ছাড়া ফৌজদারি মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন না। অথচ আমাদের জানামতে, এ ধরনের পূর্বানুমতি দেওয়ার রেওয়াজও তেমন নেই৷
ট্রাইব্যুনালের আইনজীবীদের দ্বারা অন্য অাদালতে মামলা পরিচালনার বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন একটি অসাধারণ অগ্রগতি বলেই প্রতীয়মান হয়৷ এটা স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হওয়ার কথা নয়। ধারণা করা যায় যে উপযুক্ত কর্তৃপক্ষের জ্ঞাতসারেই এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা তাই আশা করব, এই প্রতিবেদন লালফিতায় বন্দী হয়ে পথ হারাবে না। এর একটি যৌক্তিক ও আইনসংগত পরিণতি নিশ্চিত করা সরকারের সংশ্লিষ্ট মহলের স্বাভাবিক দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে যে বাধানিষেধ আছে, তা সংশ্লিষ্ট কারও অজানা থাকার কথা নয়৷ কারণ, ব্যক্তিগত মামলা পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব পরিত্যাগ করার নজির আছে৷
আইন কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত মামলা পরিচালনার যে যুক্তি, সেটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের আইনজীবীদের জন্য প্রযোজ্য হওয়ার নয়। অথচ তাঁরা অবলীলায় ‘সম্মানীর’ যুক্তি দিয়েছেন। এটা স্পষ্টতই আচরণবিধির পরিপন্থী কেবল নয়, এই বিচার-প্রক্রিয়ার মর্যাদা বা গুরুত্ব সম্পর্কে তাঁদের ঔদাসীন্যেরও পরিচায়ক বটে। একাধিক আইনজীবী বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের পক্ষে মামলা পরিচালনা করবেন, আর সেটা তাঁদের নজরে আনলে পরে বুঝবেন, অন্যথায় বুঝবেন না—এটা দুর্ভাগ্যজনক।এই বিচার-প্রক্রিয়ার সঙ্গে শামিল থাকাকে কেবলই বেতন-ভাতানির্ভর বলে গণ্য হতে পারে না। একটি পরিষ্কার অঙ্গীকারের জায়গাও থাকতে হবে, যার ঘাটতি প্রকট৷
অ্যাটর্নি জেনারেল যদিও বলেছেন যে সরকারের আইন কর্মকর্তা বা রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারেন না। কিন্তু বিিভন্ন সময়ে তাঁর দপ্তরের কৌঁসুিলদেরও তা থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ পাওয়া যায়৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে আইনের লঙ্ঘন ঘটলে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই৷