রাস্তা পুনর্নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়ায় প্রায় চার লাখ লোকের বাস। এই এলাকার দুটি প্রধান রাস্তার একটি আদর্শ উচ্চবিদ্যালয়-সংলগ্ন, যেটি এক দশক ধরে অযত্নের শিকার। এ রাস্তা দিয়েই এলাকার লোকজন গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের কাছে গিয়ে বিভিন্ন গন্তব্যে গাড়িতে চড়ে। রাস্তার পাশে দুটি ভালো স্কুল ও মসজিদ থাকা সত্ত্বেও দনিয়া ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আগে এই রাস্তা সাধারণ পথচারী ও ছাত্রছাত্রীদের হাঁটাচলা এবং রিকশা ও ট্যাক্সি চলার কাজে ব্যবহূত হতো। কিন্তু তিন বছর ধরে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলা কয়েকটি বাস ও বিভিন্ন প্রাইভেট কার এই রাস্তা ব্যবহার করে দোলাইরপাড়ের দিকে যায়। ফলে রাস্তাটির বিভিন্ন অংশে ১০টিরও বেশি বড় গর্ত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি সম্পূর্ণ কর্দমাক্ত হয় আর রাস্তার কিছু অংশে সারা বছরই ড্রেনের আবর্জনা জমে থাকায় মহল্লাবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতি বর্ষায় এই রাস্তা সাধারণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। প্রতি বর্ষায় গর্তে পড়ে বা পিছলে অনেক মানুষআহত হয়।
রাস্তাটি দ্রুত পাকা করা না হলে অত্র এলাকার জনসাধারণের কষ্টের সীমা থাকবে না। তাই রাস্তাটি পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
সানজিদা শিরীন
প্রধান শিক্ষিকা, আদর্শ উচ্চবিদ্যালয়, উত্তর দনিয়া, ঢাকা।