দয়াগঞ্জ থেকে জুরাইন রেলগেট নতুন রাস্তা। এই রাস্তাটি বহুল ব্যবহূত একটি রাস্তা। এই রাস্তা দিয়ে নারায়ণগঞ্জ-পাগলা শিল্প এলাকার ট্রাক, লরি, পিকআপ এবং দক্ষিণবঙ্গের কাঁচামালবাহী ট্রাক এবং বিক্রমপুরের যাত্রীবাহী বাস পোস্তগোলা ব্রিজ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে প্রবেশ করে। এ ছাড়া এই রাস্তায় আছে গেন্ডারিয়া রেলস্টেশন। যেখানে প্রতিদিন অগুনতি যাত্রী যাতায়াত করে। দয়াগঞ্জ থেকে জুরাইন রেলগেট যেতে হাতের ডান পাশে ২৫০-৩০০ ফুট পর্যন্ত জায়গা ভেঙে ময়লা-আবর্জনা ও পানিতে ডুবে রয়েছে। এটুকু জায়গার জন্য এই রাস্তায় প্রতিদিন যানজট ও দুর্ঘটনা লেগে থাকে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটি ওইটুকু জায়গার জন্য অব্যবহূত থাকছে। এতে এই সড়কটির মূল সুফল ভোগ থেকে সবাই বঞ্চিত হচ্ছে। তাই যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করছি, দয়াগঞ্জের ওই নতুন রাস্তাটি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হোক।
মো. রফিক
ঢাকা।