রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ঢাকা-কিশোরগঞ্জ জেলা সড়কসংলগ্ন ধলাগড় (আমতলী) থেকে চিনাডুলী এম আর উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। এ রাস্তাসংলগ্ন রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ভোটকেন্দ্র, মসজিদ, ঈদগাহ, মন্দির, গ্রন্থাগার, ক্লাব, খেলার মাঠ, এনজিও, টিকাদানকেন্দ্র, বাজার প্রভৃতি। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের লোকজনসহ সাতটি গ্রামের অগুনতি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।
রাস্তাটির আধা কিলোমিটারের কম পিচ ঢালাই ও কয়েক শ গজ ইট বিছানো থাকলেও পুরো রাস্তার বর্তমান অবস্থা করুণ। এবড়োখেবড়ো রাস্তাজুড়েই রয়েছে ছোট-বড় গর্ত। প্রতি বর্ষার অতিবর্ষণে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে। বর্ষার সময় এ রাস্তা দিয়ে চলাচল হয়ে পড়ে দুষ্কর। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাকা করার দাবি গ্রামবাসীর স্বাধীনতার পর থেকে। অথচ বিভিন্ন সরকারের স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কার্যকর উদ্যোগের অভাবে এটির আজ বেহাল অবস্থা। পরিতাপের বিষয়, ‘রাজা আসে রাজা যায়’, এ রাস্তার ইতিবাচক পরিবর্তন হয় না। অতিদ্রুত রাস্তাটি পাকা করতে স্থানীয় সাংসদ ও যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
গোলাম রাব্বানী
কাপাসিয়া, গাজীপুর।