রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সদর থেকে খাঁটিয়ামারী পর্যন্ত দুই কিলোমিটার একটি মাত্র পাকা রাস্তা। রৌমারীর পূর্বে খাঁটিয়ামারী, রতনপুর, চর বামনের চর, সুতিরপাড়, মোল্লারচর, বেহুলারচর, মাঝিপাড়া (সবুজপাড়া) গ্রামের মানুষের চলাচল ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র রাস্তা এটি।
২০০৫ সালে ওই রাস্তায় মাঝিপাড়া (সবুজপাড়া) আলমের বাড়িসংলগ্ন খালের ওপর এলজিইডির আর্থিক সহায়তায় একটি স্লুইসগেট নির্মাণ করা হয় এবং খালের বাকি অংশটুকু মাটি ভরাট করে রাস্তা তৈরি করা হয়। এর পরের বছরই বন্যায় স্লুইসগেটটি অক্ষত থাকলেও রাস্তার ওই অংশটুকু গভীরভাবে ভেঙে গিয়ে পুনরায় খালের সৃষ্টি হয়।
এর কয়েক বছর পর পুনরায় রাস্তাটির ওই অংশটুকু মেরামত করা হলেও রাস্তাটি অবকাঠামোগত দুর্বলতার কারণে গত বছর বন্যায় আবারও ভাঙনের ঝুঁকির মধ্যে পড়ে। পরে গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় রাস্তাটি কোনোরকমে ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়।
বর্তমানে রাস্তা দিয়ে নছিমন-করিমন ও ভটভটির মতো যানবাহন চলাচলের কারণে রাস্তার ওই অংশটুকু দেবে গেছে এবং বৃষ্টিপাতের ফলে রাস্তার দুই পাশে গভীরভাবে ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন বন্যার আগেই রাস্তার ওই অংশটুকু ভালোভাবে সংস্কার করা না হলে এবারের বন্যায় ওই রাস্তাটি আর টিকিয়ে রাখা সম্ভব হবে না।
এই পরিস্থিতিতে আসন্ন বন্যার আগেই রাস্তাটির ওই অংশটুকু সংস্কার করার জন্য স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নূর

রৌমারী, কুড়িগ্রাম।