কয়েক মাস আগে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় একটি প্রকল্পের আওতায় প্লাস্টিক ও সিমেন্টের তৈরি ডিভাইডার দিয়ে রিকশা চলাচলের জন্য বিভিন্ন লেন তৈরি করা হয়। কিছুদিন যেতে না-যেতেই ডিভাইডারগুলো রাস্তায় এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা যাচ্ছে, যা গাড়ি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। যাঁরা এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, তাঁরা কি কোনো দিন ভেবে দেখেছেন, ঢাকা শহরের সরু রাস্তায় রিকশা চলাচলের জন্য বিভিন্ন লেন তৈরি করা যাবে কি না; নাকি শুধু প্রকল্পের টাকা খরচ ও নিজেদের পকেট ভারী করার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন?
রিকশা চলাচলের জন্য যে লেন তৈরি করা হয়েছে, তা দিয়ে সাইকেলও চলাচল করতে পারে না। তা ছাড়া অনেক জায়গায় রাস্তায় পাশে গর্ত ও ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় রিকশা চলাচলে বাধা সৃষ্টি হয়। কিছুদিন দেখা গেল, বিভিন্ন মোড়ে দু-চারজন লোক দিয়ে জোর করে রিকশাগুলো তৈরি করা লেনে ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে; কিন্তু এই লেন দিয়ে রিকশা চলতে পারে না। ডিভাইডারগুলো রাস্তা থেকে সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যাঁরা স্থাপন করেছেন) দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মমিন উল্যা
হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।