সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের ৩৫ ঘণ্টা আপনার কীভাবে কেটেছে, আমরা তা অনুধাবন করতে পারি। আমরা অত্যন্ত ব্যথিত ও লজ্জিত।
১১ এপ্রিল শুক্রবার, ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য আবার উন্মুক্ত করার দাবিতে মাঠটির সামনে পরিবেশবাদীসহ অন্তত ৫০টি সংগঠন ও এলাকাবাসী সমবেত হয়েছিল। দেশের বিশিষ্টজনেরা এতে বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্যে বলেন, ‘চিহ্নিত ভূমিদস্যুরা এর পেছনে আছে। মাঠটি দখলমুক্ত করতে ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে নিয়ে আমরাই এটা দখল করব।’ আপনার এই বক্তব্য শুনে উপস্থিত দেশের একজন বিশিষ্ট ব্যক্তি তৎক্ষণাৎ শঙ্কা প্রকাশ করেছিলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ভালো সময় বলতে কী বুঝি আমরা? ভালো সময় মানে সেই সময় যখন ভালো মানুষেরা সংঘবদ্ধ আর খারাপেরা বিভক্ত এবং পরাজিত। এর উল্টোটা হলেই তাকে আমরা দুঃসময় বলি। আমাদের দেশে সব জায়গায় আজ অশুভের সংঘবদ্ধতা। কোথাও একটা দুর্বৃত্ত হাঁক দিলে মুহূর্তে সব দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশে ভালো মানুষেরা আজ বিচ্ছিন্ন, যোগাযোগহীন—যে যার আলাদা ঘরে শুয়ে একা একা কাঁদছে। পরস্পরকে খুঁজে পাচ্ছে না। তারা পরস্পরের কাছ অপরিচিত আগন্তুক এবং প্রত্যেকের চারপাশে একরাশ অন্ধকার। তাদের মাঝখানকার এই বিচ্ছিন্নতার দেয়াল ভেঙে দিতে হবে। তাদের সবাইকে করতে হবে একত্রিত ও সমবেত।
আপনি যে মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন, দৃঢ় পদক্ষপে এগোতে থাকুন। আমরা নাগরিকেরা আপনার সঙ্গে ধানমন্ডি মাঠ উদ্ধার বা যেকোনো শুভ কাজে একত্রে থাকব। অন্যায়ের বিরুদ্ধে আপনাদের জয় হবেই।
তবিবুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব, ঢাকা।