সম্প্রতি জয়পুরহাটের কালাই ও ফেনী শহরে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে দুজন নারীর মুখ ঝলসে দিয়েছে। তাদের একজন কালাইয়ের কলেজছাত্রী। ফেনীর মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক দুর্বৃত্ত তাঁর ওপর অ্যাসিড হামলা চালায়। কিন্তু আসামিরা পলাতক। গত বছরের ডিসেম্বরে একজন অ্যাসিডদগ্ধ নারী মারা গেছেন। এ ঘটনায়ও মূল আসামি ছিল পলাতক। প্রশাসন ও পুলিশ সক্রিয় থাকলে নারীর ওপর বর্বর হামলাকারীরা পালিয়ে বেড়ায় কীভাবে?
অ্যাসিড-সন্ত্রাস রোধে সমাজে সচেতনতা সৃষ্টি, অ্যাসিডদগ্ধদের পুনর্বাসন ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য প্রথম আলো ১৩ বছর ধরে কাজ করছে। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারও এ লক্ষ্যে কাজ করছে। সবার সম্মিলিত চেষ্টায় ২০০২ সালের পর থেকে অ্যাসিড ছোড়ার ঘটনা প্রতিবছর ধারাবাহিকভাবে কমে আসছে। অ্যাসিডদগ্ধ নারীর সংখ্যাও ক্রমান্বয়ে কমছে। ২০০২ সালে যেখানে ৪৯৬ জন অ্যাসিড-সন্ত্রাসে আক্রান্ত হয়েছিলেন, সে তুলনায় গত বছর অ্যাসিডদগ্ধদের সংখ্যা ছিল ৯৮ জন। এ বছরের প্রথম সাত মাসে ৪৪ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। সন্ত্রাস হ্রাসের হার এত মন্থর যে, আশ্বস্ত হওয়া কঠিন। এই অবস্থা চলতে থাকলে অ্যাসিড-সন্ত্রাস নিয়ন্ত্রণে আরও অনেক সময় লাগবে। তাই এই জঘন্য অপরাধ দ্রুত বন্ধ করতে সর্বশক্তি নিয়োগ করা প্রয়োজন।
আইন আছে, কিন্তু প্রয়োগ দুর্বল। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ১১ বছরে সরকারি হিসাবে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় দেশে এক হাজার ৭৭৯টি মামলার মধ্যে অপরাধীদের সাজা হয়েছে মাত্র ১৭০টি মামলায়, বাকি সব বাতিল, স্থগিত, চূড়ান্ত নিষ্পত্তি বা অপ্রমাণিত। ১৩ জন আসামির মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু রায় কার্যকর হয়নি একজনেরও! দৃষ্টান্তমূলক শাস্তি ও রায় কার্যকর না হলে এই জঘন্য অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে না।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন মূলত নারীরা। সমাজে নারীর প্রতি বৈষম্য, যৌতুকের অভিশাপ, বখাটেদের উৎপাত অবাধে চলছে বলেই এই পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ চাই। আর একজন নারীর মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়। আমাদের সবার স্লোগান হোক: রুখো অ্যাসিড, বাঁচাও নারী।