রূপকথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়ের প্রেসিডেন্টের বাড়ি
উরুগুয়ের প্রেসিডেন্টের বাড়ি

আলাদিনের চেরাগের গল্প আমরা সবাই জানি। ভাগ্যগুণে অত নিঃস্ব আলাদিন এক জাদুর চেরাগ কুড়িয়ে পায়। সে চেরাগে ঘষা দিলেই বেরিয়া আসে জিনের বাদশা। যা চাই, মায় রাজ্য ও রাজকন্যা, এক লহমায় এসে হাজির। আলাদিনের চেরাগ রূপকথা মাত্র। জিনের বাদশাও নেই, চেরাগে আঙুল ঘষে ধনপতিও হওয়া যায় না। অবশ্য আপনি যদি বাংলাদেশে ক্ষমতাসীন দলের নেতা, মন্ত্রী, সাংসদ বা তাঁদের নিকট-দূর আত্মীয় না হন।
বাংলাদেশে মাত্র পাঁচ বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, এমন অনেকের গল্প আমরা পত্রপত্রিকায় দেখেছি। কোনো কোনো সরকারদলীয় সাংসদ আগের তুলনায় মাত্র পাঁচ বছরে ৩০০-৪০০ শতাংশ পরিমাণ অধিক ধন-সম্পদের মালিক হয়েছেন, সে কথা চাউর হওয়ার পর, সরকারদলীয় এক মন্ত্রী যুক্তি দেখিয়েছিলেন, ক্ষমতায় পাঁচ বছর থাকার পর তাঁরা একটু-আধটু ধন-সম্পদের মালিক হবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। তিনি অবশ্য ব্যাখ্যা করে বলেননি, এই অতিরিক্ত সম্পদ তাঁরা সোজা না বাঁকা পথে অর্জন করেছেন। সোজা পথে অর্জন সম্ভব হলে আমরা সবাই সে পথই ধরতাম। আর বাঁকা পথ হলে তা যে বেআইনি, মন্ত্রীপ্রবর প্রকারান্তরে সে কথা স্বীকার করে নিতেন। অন্য আর যে পথ বাকি থাকে সে পথে চলতে হলে আপনাকে বাগদাদের রাস্তায় জিনের বাদশার খোঁজে থাকতে হবে। মজার ব্যাপার হলো যে মন্ত্রী ‘অবাক হওয়ার কিছু নেই’ বলে যুক্তি দেখিয়েছেন, তিনি নিজে অতিরিক্ত এক কানাকড়িও বানাননি বলে জনশ্রুতি আছে। এমন লোকের কাছ থেকে ক্ষমতার অপব্যবহারের পক্ষে এমন যুক্তি শুনে মাথা চুলকাতে বাধ্য হয়েছি।
মানছি, ক্ষমতায় থাকলে আঙুল ফুলে কলাগাছ হওয়া যায়, এ কোনো নতুন কথা নয়। যেমন ধরুন, বলা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটি হলেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার নতুন জার। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ নাকি কম করেও হলেও ১০০ বিলিয়ন ডলার। আমাদের পাশের বাড়ির পাকিস্তান, সে দেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল মোশাররফ, তিনিও নয় নয় করে কয়েক বিলিয়ন ডলার বানিয়েছেন।
স্ত্রী সেবা মোশাররফের সঙ্গে যৌথ অ্যাকাউন্টে দুবাইয়ের ইউনিয়ন ব্যাংকে তাঁদের নামে মোটা টাকার প্রমাণ মিলেছে। পাকিস্তানের আরেক
নেতা আসিফ আলী জারদারিরও নাকি সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। লন্ডনের টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, ‘ক্যাশ’ টাকা ছাড়াও জারদারি সাহেব আমেরিকা, ফ্রান্স, স্পেন ও সুইজারল্যান্ডে প্রাসাদোপম বাড়ি কিনে রেখেছেন। তাঁকে যে দেশের মানুষ আদর করে ‘মি. টেন পারসেন্ট’ বলত, দেখা যাচ্ছে জারদারি সাহেব সে কথার মান রেখেছেন!
কিন্তু এমন যদি হয়, আপনি ক্ষমতায় আছেন, টাকা বানানোর বিস্তর সুযোগও আছে, কিন্তু সে পথে না যেয়ে আপনি ক্ষমতায় যাওয়ার আগে যেমন ছিলেন, ক্ষমতায় যাওয়ার পরও তেমনি রয়ে গেলেন? প্রশ্ন শুনে হয়তো আপনারা বলেন, দূর দূর, এসব গুলতানি ছাড়ুন। এমন গল্প রূপকথায় মানায়, বাস্তব জীবনে নয়। কিন্তু রূপকথা নয়, উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকা ঠিক সে রকম একজন মানুষ। দেশের প্রেসিডেন্ট অথচ থাকেন রাজধানীর বাইরে দোচালা এক ঘরে, চড়েন পুরোনো একটি ফক্সওয়াগনে, যে বেতন পান, তার বাইরে এক পয়সাও কখনো ব্যয় করেন না। এমনকি যে ১২ হাজার মার্কিন ডলার তাঁর মাসিক বেতন, তার ৯০ শতাংশই তিনি নানা বেসরকারি কাজে দান করে দেন। কিছুদিন আগে লন্ডনের টেলিগ্রাফ পত্রিকার এক সাংবাদিক তাঁর সেই দোচালা ঘরে গিয়েছিলেন নিজ চোখে পৃথিবীর সবচেয়ে গরিব এই প্রেসিডেন্টকে দেখতে। দেখা গেল যা শোনা গেছে, তার সবই সত্যি। যে বাড়িতে থাকেন, সেটির মালিক তাঁর স্ত্রী, পারিবারিক সূত্রে পেয়েছেন। বাড়ির কাছে
কয়েক কাঠা জমি আছে, সেখানে স্বামী-স্ত্রী মিলে ফুলের চাষ করেন। ঘরদোর সাফ-সুতরো করার কাজও করেন নিজের হাতে, এমনকি ঘর মেরামতের কাজটিও তাঁরা নিজেরাই সারেন। শুধু নিজের নয়, তাঁর স্ত্রী, যিনি একজন পার্লামেন্ট সদস্য, তিনিও যা বেতন পান, প্রায় তার পুরোটাই দান করে দেন।
সব দেখে-শুনে তো সেই সাংবাদিক একদম হাঁ।
কিন্তু মুহিকার কাছে এর কোনো কিছুই অস্বাভাবিক নয়। দীর্ঘদিন মাওবাদী গেরিলা নেতা হিসেবে পাহাড়ে ও জঙ্গলে কাটিয়েছেন। জেল খেটেছেন এক দশকেরও বেশি। সাংবাদিক তাঁর ‘লাইফস্টাইল’ দেখে বিস্মিত, তা টের পেয়ে প্রেসিডেন্ট মুহিকা বললেন, ‘দেখো বাপু, এখন যে আরাম-আয়েশে আমি থাকি, সারা জীবন তার কণামাত্র পাইনি। পালিয়ে পালিয়ে বেরিয়েছি, কত দিন না খেয়ে দিন গেছে। রোগ-বালাইয়ের সময় ডাক্তার পাইনি। সেই তুলনায় এখন তো মচ্ছবের ভেতর আছি। অনেকে বলে আমি নাকি পৃথিবীর সবচেয়ে গরিব প্রেসিডেন্ট। কথাটা মোটেই সত্যি না। আমি গরিব নই। গরিব হলো তারা যারা নিজেদের সামর্থ্যের বাইরে বাস করে এবং সারাক্ষণ আরও চাই আরও চাই বলে আক্ষেপ করে।’ আশি বছরের মুহিকা সরোষে বলেন, ‘আমাকে তোমরা হয়তো খেপাটে ভাবো, কিন্তু আমি যা করি নিজের ইচ্ছাতেই করি।’
মুহিকা দুই বছর আগে রিও ডি জেনিরোর পরিবেশ সম্মেলনে তাঁর বক্তব্যের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর যুক্তি ছিল, ‘আমাদের পৃথিবীতে সম্পদের অভাব নেই। সাত শ কোটি মানুষের খাওয়া-পরার মতো যথেষ্ট সম্পদ আমাদের আছে। যা নেই তা হলো সম্পদের সুষম বণ্টন ও ব্যবহার। ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ও তার সঙ্গে পাল্লা দেওয়া ভোগ, এই দুই মিলিয়ে আমরা এখন আমাদের সাধ্যের অতিরিক্ত এক অবস্থায় পৌঁছেছি। এই অবস্থা না পাল্টালে আমাদের সর্বনাশ থেকে রক্ষা নেই।’
তাঁর সেই ভাষণ শুনে সবাই হাততালি দিয়েছিল, কিন্তু ভোগের মাত্রা বিন্দুমাত্র কমেছে, তার প্রমাণ মেলেনি।
শুধু যে বড় বড় কথা বলেই মুহিকা খালাস তা নয়। উরুগুয়েকে তিনি একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন। লাতিন আমেরিকার সবচেয়ে দুর্নীতিমুক্ত সে দেশের অর্থনীতি এই অঞ্চলে সবচেয়ে স্থিতিশীল। সেখানে শিক্ষা ও চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করে। প্রতিটি শিশুর জন্য রয়েছে নতুন কম্পিউটার। গৃহায়ণের জন্য স্বল্প সুদের ঋণের সুযোগ। জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের সাধ্যের বাইরে না চলে যায় সে জন্য দুধসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সরকার ঠিক করে দেয়। প্রবৃদ্ধির হারও ভালো—বার্ষিক তিন থেকে চার শতাংশ।
ক্ষমতা থাকা সত্ত্বেও তার অপব্যবহার করে না, এমন উদাহরণ বর্তমান পৃথিবীতে কার্যত নেই। উরুগুয়ে ও তার প্রেসিডেন্ট সম্ভবত একটি ব্যতিক্রম। ক্ষমতার শীর্ষে এমন একজন মানুষ থাকার ফল হয়েছে এই যে পুরো উরুগুয়েতেই এখন সুস্থ ও সুষম জীবনচর্চার একটা ঢেউ এসেছে। ব্যক্তিগত জীবনচারিতায় ভিন্নমুখী ধারা গড়ে উঠছে। সারাক্ষণ ‘আরও চাই আরও খাই’-এর দৌড় কমতে শুরু করেছে।
কথায় বলে, মাছের পচন শুরু হয় মাথা থেকে। কথাটা দুর্নীতির বেলাতেও সত্যি। দুর্নীতিগ্রস্ত যেকোনো দেশের দিকে তাকিয়ে দেখুন। সেসব দেশের ক্ষমতার লাগাম যাদের হাতে, তারা প্রত্যেকেই কম-বেশি দুর্নীতিগ্রস্ত। মাথার পচন ঠেকানো গেলে মাছের বাকি শরীরের পচন ঠেকানোও সম্ভব। একটি দেশের বেলাতেও ঠিক তা-ই। দেশের যিনি কর্ণধার তা রাজা, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে-ই হোন না কেন, তিনি যদি ব্যক্তিগত উদাহরণে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির লাগামহীন রশিখানির রাশ টেনে ধরেন, অবস্থার পরিবর্তন অবশ্যই সম্ভব। এমনকি আমাদের দেশেও, এখনো।
পাদটীকা: সে লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হতে পারে ‘ক্যাশ চাই’ বলে যে লোকটা সারা শহরে ঢেঁড়া দিয়েছিল, তাকে এখনই কান ধরে ক্ষমতাসীন দল থেকে বহিষ্কার করা।
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।