‘রেডিও উধাও’ শিরোনামে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে আরিফা সরকার ২১ ফেব্রুয়ারিতে প্রথম আলোয় একখানি চিঠি লিখেছেন, যা আমাকে খুবই আনন্দিত করেছে। ছোটবেলায় ও যুবক বয়সে আমি রেডিও নামক যন্ত্রটিকে ভীষণ ভালোবাসতাম। প্রথমত এ জন্য যে এটা দিয়ে তৎকালের বহুল প্রচারিত অনুষ্ঠান ‘রেডিও সিলোন’ থেকে আমরা এ উপমহাদেশের চারটি সুললিত মধুর ও দরাজ কণ্ঠের গান শুনতে পারতাম। এই চারটি কণ্ঠ হচ্ছে লতা মঙ্গেশকর, তালাৎ মাহমুদ, মুকেশ ও মো. রফিক।
সংগীতের সেই সোনালি যুগের, অর্থাৎ চল্লিশ থেকে সত্তরের দশকের সেই সময়ে আমরা এই চার শ্রেষ্ঠ কলাকারের বীণানিন্দিত সুর এই উপমহাদেশের সবচেয়ে প্রিয় চ্যানেল ‘রেডিও সিলোন’ থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ‘রেডিও সিলোন’ কিন্তু বর্তমান শ্রীলঙ্কা থেকে ব্রডকাস্ট হতো না। এটা ব্রডকাস্ট হতো মুম্বাই মেরিন ড্রাইভের পূর্ব পাশের একটি সুরম্য অট্টালিকা থেকে, যার পরিচালক ছিলেন গভীর মধুর কণ্ঠের অধিকারী শিবকুমার সুরজ।
দ্বিতীয়ত, এটা পছন্দ করতাম রেডিও দিয়ে কণ্ঠের সুর যেভাবে মধুর হয়ে ভেসে আসে, তা পরবর্তী যুগের আবিষ্কৃত ট্রানজিস্টার দিয়ে তত মধুর হয় না। এ জন্য রেডিও ছিল একটি প্রিয় যন্ত্র। রেডিওতে আওয়াজ এত সুন্দর হয়, ট্রানজিস্টার দিয়ে তা হয় না।
এখন তো টেলিভিশনের যুগ। টেলিভিশন দিয়েও রেডিওর সেই সুন্দর আওয়াজ বের হয় না, যা রেডিও দিয়ে হতো। রেডিও প্রস্তুত করাও খুব সহজ, তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যাবে কি না, জানি না। আরিফা সরকার লিখেছেন, বড় শহরের কিছু দোকানে রেডিও সেট কদাচিৎ দেখা যায়। আমার মনে হয় না এটা সঠিক। আমি বহু চেষ্টা করেও ভারতবর্ষের সব শহরের বড় দোকানে এটা আবিষ্কার করতে পারিনি।
হানিফ সংকেত তাঁর ‘ইত্যাদি’তে সম্প্রতি দেখিয়েছেন যে এক সংগ্রাহক এ ধরনের ৪০০ রেডিও সংগ্রহ করে তাঁর গৃহে রেখেছেন। আমি যদি একটি রেডিও সেট সংগ্রহ করতে পারতাম! তাই ইলেকট্রনিকস কোম্পানিগুলোর কাছে আবেদন, তারা যদি সীমিত আকারে কিছু রেডিও উৎপাদন করে বাজারে আনত, তাহলে আমি ও আরিফা সরকার তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম।
রেজাউল হাকিম
গুলশান, ঢাকা।