রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ‘সুরক্ষিত’ টিকিট বিক্রয়কেন্দ্রের ভেতরে এমন খুন ও টাকা লুটের ঘটনা এর আগে কখনো ঘটেনি। গত শনিবার সকালে ইসরাফিল হোসেন (৬০) নামের এক কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ‘সুরক্ষিত’ বলে বিবেচিত টিকিট বিক্রয়কেন্দ্রের কক্ষগুলো কতটা অরক্ষিত ও অনিরাপদ।
কমলাপুর রেলওয়ে স্টেশন রাষ্ট্রের ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অন্যতম। এর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত দায়িত্ব পালন করে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, পুলিশ ও এলিট ফোর্স র্যাব। কিন্তু এই নিরাপত্তাব্যবস্থা যে যথেষ্ট নয়, নিরাপত্তা বাহিনীগুলোর দায়িত্ব পালনে যে বড় ধরনের ত্রুটি বা ঘাটতি রয়ে গেছে, এই নজিরবিহীন খুন ও ডাকাতির ঘটনা ঘটে যাওয়ার পর এ নিয়ে আর কোনো সংশয় নেই। প্রথম আলোয় গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রেলের টিকিট বিক্রয়কেন্দ্রের ‘অত্যন্ত সুরক্ষিত কক্ষে’ একজন কর্মচারীর খুন হওয়া ও টিকিট বিক্রির ১৭ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন।
এ ঘটনা বিস্ময়করই বটে। কিন্তু শুধু বিস্মিত হওয়া কোনো কাজের কথা নয়। ঈদের আগে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে টিকিট বিক্রয়কেন্দ্রগুলোর বাড়তি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, সে দিকেও নজর রাখা দরকার। ঘটনা ঘটে যাওয়ার পর ছয় আরএনবি সদস্য ও চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আগেই নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা বাড়ানো হলে এ ঘটনা এড়ানো সম্ভব ছিল। এখন পুরো ঘটনাটির অনুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি। দায়িত্বরত কর্মচারীকে খুন করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যারা নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে, তারা যে সুপরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে সবচেয়ে কার্যকর হতে পারে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও শাস্তি দেওয়ার মধ্য দিয়ে। এখন সেটাই জরুরি কাজ।