রেলমন্ত্রীর জেলাপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনোক্র্যাট কোটার না হলে প্রত্যেক মন্ত্রীই দেশের কোনো না কোনো এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু মন্ত্রী হওয়ার পর তিনি আর নির্দিষ্ট এলাকার থাকেন না, থাকতে পারেন না। অথচ আমাদের অধিকাংশ মন্ত্রী মহোদয় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ভুলে গিয়ে নিজ জেলা ও এলাকার স্বার্থের বিষয়টি বড় করে দেখেন।
গতকাল প্রথম আলোয় বেলমন্ত্রীর ‘জেলায় ছয় ট্রেনের যত্রতত্র যাত্রাবিরতি’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা রেলওয়ের অগ্রগতির চেয়ে অবনতিরই নির্দেশক। বর্তমান রেলমন্ত্রী মুজিবুল হক ২০১২ সালের সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর রেলওয়ের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না নিলেও নিজের জেলায় বিভিন্ন আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি বাড়িয়েছেন।
মন্ত্রী যুক্তি দিয়েছেন, রেলওয়ে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, সেহেতু যাত্রীসেবা বাড়ানোর জন্যই স্টেশনের সংখ্যা বাড়ানো হয়েছে। এটিকে যাত্রীসেবা না বলে জেলাসেবা বলাই শ্রেয়। যাত্রীসেবা হলে তিনি সারা দেশের যাত্রীদের কথাই ভাবতেন।
প্রতিটি যাত্রাবিরতিতে দু-এক মিনিট সময় লাগে বলে মন্ত্রীর যে সাফাই, তা-ও ঠিক নয়। ৭০ কিলোমিটার গতিসম্পন্ন ট্রেন একটি স্টেশনে থামতে ও পুনরায় যাত্রা শুরু করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। সে ক্ষেত্রে বর্ধিত যাত্রাবিরতির জন্য ঘণ্টা খানেক সময় লাগার কথা। যাত্রীসাধারণ কেন এই দুর্ভোগে পড়বেন? বর্ধিত যাত্রাবিরতির জন্য রেলওয়ের যে বাড়তি খরচ, তা-ই বা কে জোগাবে?
রেলওয়ের কালো বিড়াল তাড়াতে গিয়ে কেলেঙ্কারিতে পড়ে সাবেক রেলমন্ত্রীকে বিদায় নিতে হয়েছে। আশা করা গিয়েছিল, নতুন রেলমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর রেলওয়ে ব্যবস্থাপনায় নতুন গতি আসবে। কিন্তু তিনি পুরো রেলওয়ে ব্যবস্থাপনার প্রতি নজর না দিয়ে নিজের জেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মন্ত্রিসভার অন্যান্য সদস্যও যদি সবক্ষেত্রে এ রকম জেলাপ্রীতি দেখাতে থাকেন, তাহলে যেসব জেলায় মন্ত্রী নেই, সেসব জেলার মানুষের কী অবস্থা হবে, তা সহজেই অনুমেয়।
আন্তনগর তো বটেই, সব রেলওয়ের যাত্রাবিরতির ক্ষেত্রে একটি অভিন্ন নীতিমালা থাকতে হবে; যাতে কেউ ইচ্ছে করলেই যাত্রাবিরতির সংখ্যা বাড়াতে বা কমাতে না পারেন।