বাংলাদেশ রেলওয়েতেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে বেশ কয়েক বছর হয়। ইতিমধ্যে অনলাইন টিকিটিং এবং মোবাইল ফোনে রেলের সময়সূচি জানানোর ব্যবস্থা করা হয়েছে, যা আমাদের মতো তরুণদের রেলভ্রমণে আগ্রহী করতে বড় ভূমিকা রাখছে। সেই সঙ্গে কালোবাজারি রুখতেও এই প্রযুক্তি কার্যকর। বর্তমানে ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে এবং এর প্রায় সবই বিক্রি হয়ে যায়।
কিন্তু এখানে প্রযুক্তির বিস্তার যেন একটি পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে গেছে, যা হতাশাজনক। প্রথম যখন অনলাইন টিকিটিং শুরু হয় তখন কেবল ঢাকা, বিমানবন্দর, রেলস্টেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী—এই ছয়টি বিভাগীয় স্টেশন থেকে অনলাইনে টিকিট কাটা যেত। সে সময় বলা হয়েছিল পর্যায়ক্রমে সব জেলার রেলস্টেশনের আওতায় আনা হবে।
কিন্তু ২০১১ সালে ই-টিকিটিং শুরু হওয়ার সময় যে ছয়টি স্টেশনে এ সুবিধা ছিল, এই ২০১৪ সালের মাঝামাঝিতে এসেও সেই ছয়টি স্টেশনেই প্রযুক্তির বিস্তার থেমে গেছে। রেলমন্ত্রীর কাছে আবেদন, অন্যান্য জেলা শহরের স্টেশনেও এ সুবিধা দেওয়া হোক, যাতে দেশের অন্যান্য জেলার লোকজন এ প্রযুক্তির সুফল ভোগ করতে পারেন৷ তা ছাড়া এই ছয়টি স্টেশন থেকেই অনলাইনে রিটার্ন টিকিট কাটার ব্যবস্থা করা হোক।
মো. মোস্তাইন ইমতিয়াজ
ঢাকা৷