
অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
তত্ত্বাবধায়ক সরকার চায় ৯০% মানুষ
প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত জরিপে দেখা গেছে, আগের বছরগুলোর তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত এখন জোরালো। বেশির ভাগ মানুষের বিশ্বাস, দেশের অবস্থা খারাপ। এ সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে দেবু সরকার মতামত ব্যক্ত করেছেন: তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা অস্বীকার করা মানে সত্যকে অস্বীকার করা। সত্যি বলতে কি, আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতির জন্যও এটি প্রয়োজন। দলটি যদি এমন সরকার চালুর সিদ্ধান্ত আরও আগে নিত, তবে বিএনপি তার ফল ঘরে তুলতে পারত না। এখন বিএনপির জন্য সুবিধা হবে। আর আওয়ামী লীগ যদি অনড়ই থাকে, তবে বিএনপি নির্বাচনে যাবে না এবং তাতে নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। তাই আশা করছি, আওয়ামী লীগের থিংক ট্যাংক বিষয়টি গভীরভাবে ভেবে দেখবে।
প্রণয় সাহা: জরিপ পরিচালনার জন্য ধন্যবাদ। তবে এত স্বল্প মানুষ বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে কি না, তা ভেবে দেখার বিষয়।
নূর আহমেদ: পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্র যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে গণতান্ত্রিক ধারায় ফিরতে পারে, তবে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে কেন আমরা নির্দলীয় সরকারের বিষয়ে একমত হতে পারছি না?
সাইফ উদ্দিন খান: যদি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাছাই করে তবে বিএনপি বলবে, আওয়ামী লীগ তাদের মনোনীত ব্যক্তিকে বসিয়েছে। বিএনপির বাছাই করা লোক নিয়ে সরকার গঠিত হলে, আওয়ামী লীগও বিরোধিতা করবে। এ অবস্থা থেকে ফেরত আসতে হলে অবশ্যই দুই দলকে সংলাপে বসতে হবে।
মোহাম্মদ ইকবাল হোসেন: তত্ত্বাবধায়ক সরকার একটি অসাংবিধানিক প্রক্রিয়া। জনপ্রতিনিধিত্বহীন এ সরকারের ধারণা কেবল রাজনৈতিক সংঘাত বাড়িয়েছে। গণতান্ত্রিক সরকারের অধীনে একটি শক্তিশালী নির্বাচন কমিশন থাকলে সবার কাছে গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।
এ এম এম মুকাদ্দেস: প্রথম আলো রাজনীতিকদের সিদ্ধান্তের পথ বাতলে দিল। সংবাদপত্রের জরিপের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত। প্রয়োজনে গণভোট হতে পারে। আন্দোলনে যে পরিমাণ ক্ষতি হয়, তা দিয়ে একটি গণভোট আয়োজন করা সম্ভব। এ হিসাবটা জনগণের জন্য খুবই সহজ, হয়তো রাজনীতিকদের জন্য কঠিন।
১৭তম দিনে জীবিত রেশমাকে উদ্ধার
সাভারে পোশাক কারখানা ধসে পড়ার ১৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা খাতুন নামের এক নারী শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এই সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ জমির হায়দার লিখেছেন: অন্ধকারে একটানা বিনা খাবারে ১৭ দিন জীবিত থাকার ইতিহাস আছে কি না, আমার জানা নেই। মৃত্যুকূপ থেকে রেশমার ফিরে আসার খবর সারা দেশের বেদনার্ত মানুষকে যেমন সান্ত্বনা দেবে, তেমনি সারা বিশ্বের মানুষকে বিস্মিত করবে। উদ্ধারকর্মীরাসহ দেশের মানুষ কল্পনা করতে পারেনি যে ওই স্থানে কাউকে জীবিত পাওয়া যাবে। এটি মহান আল্লাহর অপার করুণা ছাড়া আর কিছুই নয়।
আলাল: আমার মনে হয়, পৃথিবীতে কোনো ধ্বংসস্তূপের নিচ থেকে দীর্ঘদিন পর জীবিত মানুষকে উদ্ধারের ঘটনায় এটা রেকর্ড। তবে এভাবে বেঁচে থাকার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই আছে। কোনো অলৌকিক বা মহাশক্তির হাত রেশমাকে বাঁচায়নি; বাঁচিয়েছে সঠিক সময়ে, সঠিক জায়গায় অবস্থান করার ঘটনা। উদ্ধারকর্মীদের ধন্যবাদ।
আবেগতাড়িত হয়েই পদত্যাগ!
জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর এ আকস্মিক ঘোষণায় পাঠকেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মশিউর আবির লিখেছেন: মুশফিক, আপনি তো অনেক আগেই আমাদের কাছে একজন গ্রহণযোগ্য অধিনায়ক। সব ক্ষেত্রে যখন আজ ক্ষমতা ধরে রাখার লড়াই, তখন আপনার এ সিদ্ধান্ত অবাক করেছে। ধোনিকে দেখুন, ফ্লেমিংকে দেখুন, তাঁরাও অনেক সিরিজ হেরেছেন, তাই বলে অধিনায়কত্ব ছাড়েননি। সবাইকে দিয়ে নেতৃত্ব হয় না, হলে টেন্ডুলকার থাকতেন সবার আগে। ভালো অধিনায়ক সব সময় দলকে সামনে থেকে পরিচালনা করেন। আপনার মধ্যে সেই গুণটি আছে। আবেগতাড়িত হয়ে আমাদের হতাশার মধ্যে ফেলবেন না। বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে আপনি সিদ্ধান্ত পাল্টাবেন—এটিই আমাদের কামনা।
বেনজির: মুশফিকের এ সিদ্ধান্ত থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত। তিনি সত্যিই একজন নিরেট মনের মানুষ। অন্তত আমাদের দেশের বিজ্ঞ রাজনীতিকেরা চোখ বন্ধ না রেখে মুশফিকের কাছ থেকে সিদ্ধান্ত নিন। আর সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠ ক্রিকেটাররা এটা বুঝুন যে দল নিয়ে কীভাবে খেলতে হয়। তামিম-সাকিবদের উদাসীন ক্রিকেট মুশফিককে প্রভাবিত করে থাকবে। কারণ, তাঁরা অধিনায়ককে সহায়তা করেননি। এ দুজনের খেলায় কোনো দলীয় চেতনা খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলা হারার পেছনে এ দুজনের দায় বেশি। কারণ, তাঁরা নিজেদের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে দাবি করেন, কিন্তু কাজে তার পরিচয় মেলে না। মুশফিককে অবশ্যই ফেরাতে হবে। অধিনায়ক হওয়ার মতো সত্যিকারের কোনো খেলোয়াড় আমাদের দলে নেই।
কামারুজ্জামানের ফাঁসির আদেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন। এ খবরে মতামত জানিয়ে অরূপ দাশ লিখেছেন: ভাবা যায়, একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণা করা হবে, আর আমরা সবাই ভয়ে আছি তাঁর অনুসারীরা কী লঙ্কাকাণ্ডটা-ই না ঘটায়! একটা স্বাধীন দেশে এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে!
এম এম নুরুজ্জামান: দেশের সব আদালতে যদি এভাবে বিচার হতো, তবে রাজনীতির নামে খুনি-দুর্নীতিবাজ-অপরাধীরা আমাদের নেতা হতে পারত না। আর আমাদেরও আতঙ্কে দিন কাটাতে হতো না।
ফেরদৌসুর রহমান: গুটি কয়েক মানবতাবিরোধী অপরাধীর শাস্তি হলেই কি দেশ জাপান, কানাডা, সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে যাচ্ছে? দেশে বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতার মতো হাজারো সমস্যা বিদ্যমান। এগুলো আগে ফয়সালা করুন, না হলে তরুণ প্রজন্মই একদিন তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের দিকে নজর না দেওয়ার জন্য বিচারকদের কাঠগড়ায় দাঁড় করাবে।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)