অনিয়ম যেন কিছুতেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়টির পিছু ছাড়ছে না। সাবেক আমলের অনিয়ম দূর করতে গিয়ে নতুন কিছু অনিয়ম যোগ হয়েছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধিমালা অনুযায়ী, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে অনুমোদিত জনবল ছিল ৫৪০। কিন্তু সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়া নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ৩৩৩ কর্মকর্তা-কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছিলেন। গত বছর মে মাসে আন্দোলনের মুখে তিনি চলে যেতে বাধ্য হলেও তাঁর নানা অপকর্মের দায় এখনো বিশ্ববিদ্যালয়টিকে ভোগ করতে হচ্ছে।
সাবেক উপাচার্য যে কেবল নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত লোক নিয়োগ করেছেন তাই নয়, প্রতিষ্ঠানটি পরিচালনায়ও চরম স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। ইউজিসির তদন্ত রিপোর্টে তাঁর অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে। কিন্তু অদৃশ্য খুঁটির জোরে তিনি পার পেয়ে যান। এসব অনিয়ম দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যেদিন তাঁর বিরুদ্ধে মামলা করে, তার দুই দিন আগেই তিনি কানাডায় পাড়ি জমিয়েছেন।
সাবেক উপাচার্য নিয়মবহির্ভূতভাবে যে ৩৩০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন, বর্তমান উপাচার্য এসে তাঁদের মধ্যে ১৯৫ জনকে নিয়মিত করেছেন। এটি তাঁর কৃতিত্ব হিসেবে গণ্য হতে পারত, যদি তিনি নতুন করে ৩৪ জনকে নিয়োগ না দিতেন। এর প্রতিবােদ ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার উপাচার্যকে অবরুদ্ধ করেন।
গত শুক্রবার উপাচার্য সেই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেলেও বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। পুরোনোদের চাকরি স্থায়ী করতে যদি আইনগত বাধা থাকে তাহলে নতুন করে ৩৪ জন নিয়োগ পেলেন কীভাবে?
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে আন্দোলনের মুখে সাবেক উপাচার্য মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিয়েছিলেন। সেই অনিয়ম ও দুর্নীতি ঝেড়ে ফেলে নব উদ্যমে রোকেয়ার নামাঙ্কিত শিক্ষাপ্রতিষ্ঠানটি চলবে, এটাই সবার প্রত্যাশা ছিল। বর্তমান উপাচার্য সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন কী?