রোজাদারের খোদাভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা এমন একটি গোপন ইবাদত, যার মধ্যে লোক দেখানোর স্থান নেই; কিন্তু নামাজ-জাকাত কিংবা দান-সাদকা প্রভৃতি ইবাদতে এসবের বিন্দুমাত্র অবকাশ থাকে। রোজাদার ব্যক্তি রোজা আছেন কি না, তা তিনি ছাড়া অন্য কেউ জানেন না। ক্ষুৎপিপাসা ও খাদ্য গ্রহণের ইচ্ছাকে আধ্যাত্মিক সাধনা বলে নিয়ন্ত্রণ করেন। কোনো রোজাদার যদি লোকচক্ষুর অাড়ালে কোনো খাদ্যদ্রব্য ভক্ষণ করেন বা কিছু পান করেন বা নিষিদ্ধ কোনো খারাপ কাজ করে বসেন, তাহলে তা কোনো মানুষের জানার নয়। কিন্তু খাঁটি রোজাদার তা করেন না; কারণ তিনি জানেন যে মানুষ না দেখলেও আল্লাহ তাঁর বান্দার সব কর্মকাণ্ড গভীরভাবে প্রত্যক্ষ করছেন। এ জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না।’ (সূরা আল–ইমরান, আয়াত: ১০২)
সততা ও ন্যায়নিষ্ঠার কারণে রোজাদারের মধ্যে খোদাভীতি সৃষ্টি হয় এবং সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যাবতীয় অশ্লীল কাজ, মিথ্যা কথা প্রভৃতি খারাপ ও নিন্দনীয় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখেন। তাই সিয়াম সাধনা বা রোজাকে বলা হয় খোদাভীরুতা লাভের সোপান। একদা রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘সবচেয়ে সম্মানীয় ব্যক্তি কে?’ তিনি বললেন, ‘সবার চেয়ে যে আল্লাহকে বেশি ভয় করে।’ (বুখারি ও মুসলিম) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি কি তোমাদের উত্তম লোকদের সম্পর্কে বলব?’ সাহাবায়ে কিরাম বললেন, ‘বলুন, হে আল্লাহর রাসুল!’ তিনি বললেন, ‘তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।’ (ইবনে মাজা)
যদি কেউ আন্তরিকভাবে রোজার প্রতিটি বিন্যস্ত নেক আমল ও শরিয়তের বিধিবিধান সুন্দরভাবে পালন করেন, তাহলে তাঁর মধ্যে অবশ্যই খোদাভীতি আসবে। রোজা মুত্তাকির জন্য এক অফুরন্ত নিয়ামতস্বরূপ। আর তাকওয়া হচ্ছে মনুষ্যত্ব অর্জনের প্রথম ও সর্বোত্তম অবলম্বন। রোজা রাখার মধ্য দিয়ে মানুষের মনে আল্লাহর প্রতি ঐকান্তিক বিশ্বাস জন্মে এবং খোদার প্রেমে মত্ত হয়ে রোজাদারদের অন্তর উদ্ভাসিত হয়ে ওঠে। কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুত্তাকি ক্ষুধা, পিপাসা, কাম, ক্রোধ, লোভ-লালসা পরিত্যাগ করে রোজা পালনে ব্রতী হন। তাই নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা পালন করতে গিয়ে এর সীমারেখা বুঝে নেবেন এবং যে কর্তব্য রোজার ভেতর পালন করা বাঞ্ছনীয় তা সুচারুভাবে পালন করে চলবেন, তাঁর এরূপ রোজা তাঁর বিগত গুনাহের ক্ষমার কাফফারা হয়ে যাবে। (বায়হাকি)
মাহে রমজানে খোদাভীতির গুণাবলি অর্জনের মাধ্যমে মানুষের পাপাচারের প্রতি আকর্ষণ দিন দিন হ্রাস পেতে থাকে। বস্তুত যে রোজা তাকওয়া তথা আল্লাহর ভয় ও হৃদয়ের পবিত্রতাশূন্য, সে রোজা যেন প্রকৃত অর্থে রোজাই নয়। আল্লাহর কাছে এমন রোজার কোনো প্রয়োজন নেই। এ জন্য ইসলামে মাহে রমজানের বিধিবিধানের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয়েছে। রোজা যাতে অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এবং তা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই পালন করা হয়, সে জন্য তাকওয়াভিত্তিক সমাজ গঠনের প্রতিও বিশেষ তাগিদ প্রদান করা হয়েছে।
ইমাম গাজ্জালি (র.) যথার্থই বলেছেন, ‘জীবসত্তা যা দ্বারা প্রবল হয়, সেসব রিপুকে অবদমন করে রুহের শক্তিকে বৃদ্ধি করাই রোজার সাধনা। আর এ সাধনায় অর্জিত হয় এক অকল্পনীয় আত্মশক্তি, যা সাধককে সৃষ্টিকুলের সবকিছুর ওপর এক অনন্য মর্যাদায় সমাসীন করে। তাই আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভের জন্য জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের অমিয় সুধা আস্বাদনে মাহে রমজানে তাকওয়ার সাধনাই করা উচিত।’
প্রকৃত রোজাদাররাই মুত্তাকি হিসেবে ভূষিত। কেননা, তাঁরা ইমান ও সওয়াবের আশায় সিয়াম সাধনা সম্পন্ন করেন। তঁারা আল্লাহর ভয়ে রোজা রেখে সব পাপকাজ ত্যাগ করেন। তাই এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। সুতরাং রোজার প্রকৃত মূল্য মানুষ ধারণা করতে অক্ষম। রোজার বিনিময়ে এর চেয়ে বড় পাওনা আর হতে পারে না, যেখানে নবী করিম (সা.) ঘোষণা করেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ইমান ও সওয়াবের আশায়, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যাবে।’ (বুখারি ও মুসলিম)
সিয়ামের বিধিবিধান যাঁরা সুষ্ঠুভাবে পালন করেছেন, তাঁদের দ্বারাই অর্জিত হয়েছে আত্মশুদ্ধির উপায় হিসেবে তাকওয়া বা খোদাভীতি ও ধৈর্যের সোপান। তাঁরাই হচ্ছেন মহাভাগ্যবান পরহেজগার মুত্তাকি বান্দা। যাঁরা সৎ ও নেককাজ এবং আমলে সালেহ অর্থাৎ সৎ কর্মের মধ্যে নিজেকে সমর্পণ করবেন এবং আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর হুকুম-আহকাম অনুযায়ী ইহকালীন জীবন অতিবাহিত করবেন, মহান সৃষ্টিকর্তা তাঁদের বেহেশত প্রদান করবেন। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি তাঁর প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখেন এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখেন, জান্নাতই হবে তাঁর আবাস। (সূরা আন-নাযিআত, আয়াত: ৪০-৪১)
ইসলামে রোজার যে নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, তা আত্মশুদ্ধি লাভ ও তাকওয়া অর্জনের মূলমন্ত্র। মাহে রমজানসহ মুসলমানদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের জাতীয় জীবনে তাকওয়ার প্রভাব না থাকার কারণে সমাজের সর্বস্তরে সুদ-ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, অরাজকতা, অনৈতিকতা প্রভৃতি শিকড় গেড়ে বসেছে। মানবচরিত্রের এ দুষ্টক্ষত থেকে বাঁচতে তাকওয়া অর্জন তথা খোদাভীতির বিকল্প নেই।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
[email protected]