রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখা দিতে পারে, এটা ভাবা যায় না।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেছেন। কয়েকজন শিক্ষক উপাচার্যের কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছেন, আবার কয়েকজন শিক্ষক শুরু করেছেন আমরণ অনশন।
এই অভাবনীয় কাণ্ডটি কেন, কীভাবে ঘটেছে, সে সম্পর্কে কিছু তথ্য ছাপা হয়েছে গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোট ৬১৮ জন শিক্ষক-কর্মচারীকে বেতন দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন তহবিল থেকে অর্থ ঋণ নিতে নিতে খোদ বিশ্ববিদ্যালয়ের তহবিলই শূন্য হয়ে গেছে। কারণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২৮৫। তাঁদের বেতন বাবদ যে অর্থ বিশ্ববিদ্যালয়টি পায়, সে অর্থই ভাগ করে পরিশোধ করা হয় ৬১৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন। এভাবে চার মাসের বেতন বকেয়া হয়েছে। আর এই বকেয়া পরিশোধের দাবিতে শিক্ষকদের নামতে হয়েছে আন্দোলনে।
কিন্তু বাড়তি ৩৩৩ জন শিক্ষক-কর্মচারী কোথা থেকে কী করে এলেন? সে এক মহা কেলেঙ্কারি বটে! বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন না নিয়েই নিয়োগ দিয়েছেন এই অতিরিক্ত লোকবল। পদ ছিল না, নিয়মানুগভাবে পদ সৃষ্টি করাও হয়নি। সাবেক উপাচার্য তাঁদের নিয়োগ দিয়েছেন অস্থায়ীভাবে। কিন্তু তাঁদের বেতন-ভাতা আসবে কোথা থেকে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো স্থায়ী ২৮৫ জনের বাইরে আর একজনেরও বেতন অনুমোদন করতে পারে না, করেও না। এখন এই অস্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন নিয়মিত শিক্ষক-কর্মচারীরা। আর সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। কারণ, শিক্ষকেরা চার মাস ধরে বেতন না পেলে, উপাচার্য তাঁদের দ্বারা অবরুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকে না।
কিন্তু এভাবে তো চলতে পারে না। এই সংকট থেকে বিশ্ববিদ্যালয়টিকে মুক্ত করে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ৩৩৩ জন অতিরিক্ত শিক্ষক-কর্মচারী নিয়োগের বিষয়টি তদন্ত করে আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি।