রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মজীবন শুরু করার আগে চিকিৎসকদের এই বলে শপথ নিতে হয় যে তাঁরা যেকোনো অবস্থায় রোগীর চিকিৎসা করতে বাধ্য থাকবেন। এমনকি যুদ্ধের ময়দানেও চিকিৎসকেরা নিজেদের দায়িত্ব সম্পর্কে উদাসীন থাকতে পারেন না এবং জীবনের ঝুঁকি নিয়েও চিকিৎসাসেবা দিয়ে থাকেন। কিন্তু রাজশাহীর চিকিৎসকেরা খোদ রোগীদের জিম্মি করে আন্দোলনে নেমেছেন, যা শুধু পেশার সঙ্গেই অসংগতিপূর্ণ নয়, নৈতিকতার বিচারেও অমার্জনীয়।
এক রোগীর মৃত্যুর ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজশাহী মহানগর আদালত পুলিশের ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে পুনঃ তদন্তের পাশাপাশি মামলার বিবাদী ক্লিনিকের মালিক শামিউল উদ্দিন আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরই রাজশাহীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়। এমনকি সরকারি হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী আনোয়ারুল হককে পিটিয়ে পা ভেঙে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। ২৯ জানুয়ারি শামিউল উদ্দিনের ডলফিন ক্লিনিকে আনোয়ারুল ভর্তি হওয়ার পর রাত ১০টায় তাঁর অস্ত্রোপচারের জন্য চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। এর পরই তিনি মারা যান। শামিউল উদ্দিন ক্লিনিক ব্যবসা করলেও সরকার-সমর্থক চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও একজন নেতা। এখন সেই নেতাকে রক্ষায় রাজশাহীর চিকিৎসকেরা একযোগে মাঠে নেমেছেন। প্রথম আলোয় প্রকাশিত ছবিতে দেখা যায়, রোগনির্ণয় কেন্দ্র বন্ধ থাকায় ভ্যানবাহী একজন রোগীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
অনেক সময় রোগীদের আত্মীয়স্বজনের উচ্ছৃঙ্খল আচরণের কারণে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দেওয়ার কাজ বন্ধ করে দেন এবং নিরাপত্তার অজুহাত খাড়া করেন। কিন্তু এখানে তো রোগীর স্বজনেরা বেআইনি পথে না গিয়ে আইনের আশ্রয় নিয়েছেন। আইনের প্রতি ন্যূনতম আস্থা থাকলে ক্লিনিকের মালিক এবং তাঁর সতীর্থরা এভাবে গোটা শহরে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখতে পারতেন না।
রোগীদের জিম্মি করে কিংবা চিকিৎসাসেবা বন্ধ রেখে কোনো আন্দোলন চলতে দেওয়া যায় না। এটি যেমন আইনের পরিপন্থী, তেমনি আদালত অবমাননারও শামিল। অবিলম্বে রাজশাহীতে চিকিৎসাসেবা স্বাভাবিক হোক, আইনকে নিজস্ব পথে চলতে দেওয়া হোক।