রোজাদারদের মূল্যবোধের বহিঃপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজাদারদের মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে সত্যবাদিতা, ন্যায়নীতি, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কর্তব্যপরায়ণতা, সদাচরণ প্রভৃতি সুকুমারবৃত্তি বা মানবীয় গুণাবলির সমষ্টি। ইসলাম মানবজাতিকে এসব মহৎ গুণ অর্জনের জন্য আজীবন প্রয়াস চালাতে বিশেষভাবে দিকনির্দেশনা প্রদান করেছে। সমাজজীবনে কোনো প্রকার অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন থাকবে না, মানুষ স্বার্থপরতা-সংকীর্ণতা থেকে মুক্ত থাকবে—এটি ইসলামের শিক্ষা। নবী করিম (সা.) মানবজাতিকে অন্যায় প্রতিরোধের শিক্ষা দিয়ে বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে, তাহলে সে যেন তার শক্তি দ্বারা তা প্রতিহত করে; যদি সে তাতে অক্ষম হয়, তবে মুখ দ্বারা নিষেধ করবে; যদি সে তাতেও অপারগ হয়, তবে সে অন্তর দ্বারা ঘৃণা পোষণ করবে।’ (মুসলিম)
বর্তমান সমাজে নানা রকম দুর্নীতির অনুপ্রবেশ ঘটায় নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। জাতীয় জীবনের সর্বস্তরে দুর্নীতির ব্যাপক প্রভাব রয়েছে। কোনো প্রকার অন্যায়ই যেন অপরাধ বলে বিবেচিত হয় না। নীতিভ্রষ্ট মানুষ নিজেকে অপরাধী বা হীন বলে গণ্য করে না। দুর্নীতির মাধ্যমে বিত্তশালী হয়েও সংকোচবোধ করে না, বরং অর্থের অহংবোধে গৌরবান্বিত হয়। সমাজে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও আত্মসাতের প্রতিযোগিতা চলছে। সীমাহীন দুর্নীতি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে সমাজজীবনকে কলুষিত করে ফেলছে। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন-সম্পদ গ্রাস কোরো না।’ (সূরা আন-নিসা, আয়াত-২৯)
বর্তমান সমাজে মানুষ দারুণভাবে নৈতিকতার অভাব অনুভব করছে। নৈতিক মূল্যবোধ আশঙ্কাজনকভাবে কমেছে। চুরি, ডাকাতি, সন্ত্রাস, বোমাবাজি খুন-খারাবি, অপরাধ, দুর্নীতি, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সুদ, ঘুষ, কালোবাজারি, মুনাফাখোরি, লোভ, লালসা, নারী নির্যাতন, অধিকার আদায়ের নামে নারী জাতিকে ভোগ্যপণ্যের মতো ব্যবহার প্রভৃতি অনৈতিক কার্যাবলি সমাজকে সম্পূর্ণরূপে কলুষিত করে ফেলেছে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে রোজাদার ব্যক্তিরা অপরের বদনাম ও কূটনামি থেকে বিরত থাকেন। তাঁরা সকল প্রকার ঝগড়া-বিবাদ, ফিতনা-ফ্যাসাদ, অযথা বাগিবতণ্ডা ও যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকেন। তাঁদের মুখ থেকে কোনো অশ্লীল কথা বের হয় না। নবী করিম (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ কোনো দিন রোজা রাখে, তখন তার মুখ থেকে যেন কোনো রূপ খারাপ কথা ও শোরগোল বের না হয়। যদি কেউ তাকে গালিগালাজ করে বা ঝগড়া-বিবাদে প্ররোচিত করতে চায়, তখন সে যেন বলে, ‘আমি রোজাদার ব্যক্তি।’ (বুখারি)
সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। ফলে সমাজের মধ্যে মানববন্ধন গভীর হয়, রোজাদারের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব স্থাপিত হয়। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়, জীবনে শৃঙ্খলা আনে এবং মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে। মানুষের প্রতি মানুষের সহানুভূতির অভাব, কর্তব্যে আন্তরিকতার বদলে দায়সারা ভাব, স্বীয় স্বার্থসিদ্ধির জন্য ব্যাপক তৎপরতা, জনকল্যাণের প্রতি অনীহা—এসব মূল্যবোধহীনতা মানুষের জীবনকে অশান্তিময় করে তোলে। পরমতসহিষ্ণুতা ও সহনশীলতার অভাবে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, হানাহানি, দ্বন্দ্ব-সংঘর্ষ প্রভৃতি অনাচারের ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সহনশীলতা অপেক্ষা অধিক উত্তম ও অত্যধিক কল্যাণকর বস্তু আর কিছুই কাউকে দান করা হয়নি।’ (বুখারি)
রমজান মাসে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কঠোর ত্যাগ, উদারতা, সততা, ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। কঠোরভাবে সিয়াম সাধনার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতার যে মানবিক গুণটি অর্জিত হয়, তা শুধু ব্যক্তিপর্যায়ের নয়; বরং এটি কারও মধ্যে সৃষ্টি হলে ইমানদারের সমষ্টিগত জীবনে অন্যের জন্য তা উদ্দীপক হিসেবে কাজ করে, মানুষকে কঠিন ও দুর্গম পথ পরিক্রমায় চলতে শক্তি জোগায়। রোজা পালনের মাধ্যমে অর্জিত ধৈর্য-সহনশীলতা ইমান ও তার ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রাম সাধনায় প্রচুর নিয়ামক শক্তি সঞ্চার করে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সহনশীলতা তাই শুধু ব্যক্তিগত কল্যাণই বয়ে আনে না, বরং মুসলমান সমাজের জন্য একটি দলগত কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘অবশ্যই ধৈর্যশীলদের তাদের (ধৈর্যের) প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে।’ (সূরা আল-জুুমার, আয়াত: ১০)
ইসলামের রীতিনীতি ও নৈতিকতাবোধ জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ ও তাঁর রাসুল খুশি হন এবং ইহকাল ও পরকালে চরম সুখ ও পরম শান্তি লাভ করা যায়। দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য জাতীয় জীবন থেকে নৈতিক মূল্যবোধের অবক্ষয় দূর করার উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। সমাজ থেকে সর্বপ্রকার দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটাতে হবে। মানুষকে জানমাল ও জীবিকার পূর্ণ নিরাপত্তা দিতে হবে। সামাজিক মূল্যবোধ ও নীতিনৈতিকতাসম্পন্ন দক্ষ প্রশাসন গড়ে তুলতে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং জনগণের মধ্যে দেশপ্রেম-দেশাত্মবোধ জাগ্রত করতে হবে। ইসলামের বিধিবিধান ও অনুশাসনকে রোজাদারদের জীবন ও সমাজে প্রতিষ্ঠিত করা হলে সমাজ থেকে যাবতীয় অনৈতিকতা দূর হবে।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ বিভাগ, ধর্মবিজ্ঞান অনুষদ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।
[email protected]