রোজার সময় যানবাহনের আধিক্য এবং মার্কেটগুলোতে ক্রেতাদের অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীতে যাত্রী-দুর্ভোগ হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু রোজার অর্ধেক পার না হতেই দেশের মহাসড়কগুলোতে চরম জনদুর্ভোগ নেমে আসার কী কারণ থাকতে পারে? প্রতিবছরই দেখা যায়, ঈদের আগে স্বার্থান্বেষী একটি মহল নানা কায়দায় যাত্রীসাধারণকে জিম্মি করার জন্য মরিয়া হয়ে ওঠে।
গত শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট ডাকেন পরিবহনশ্রমিকেরা। তাঁদের দাবি—বেতন-ভাতা বাড়াতে হবে। মালিকপক্ষ পাঁচ দিনের মধ্যে দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা রোববার বিকেলে ধর্মঘট তুলে নেন। কিন্তু এরই মধ্যে যে হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হলো, সেই দায় কে নেবে? মালিকপক্ষ যদি শ্রমিকদের দাবিদাওয়া মেনেই নেবে, তাহলে ধর্মঘটের আগে নিল না কেন?
অস্বীকার করার উপায় নেই যে অধিকাংশ পরিবহনশ্রমিক অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করেন। তাঁদের বেতন-ভাতা যেমন কম, তেমনি চাকরির নিশ্চয়তাও নেই। পরিবহনশ্রমিকদের নামে অনেক সংগঠন থাকলেও সাধারণ শ্রমিকদের স্বার্থ দেখা হয় না। শ্রমিক সংগঠনের নেতারা ব্যস্ত থাকেন রাজনৈতিক ফায়দা লাভে। তাই পরিবহনমালিকদের উচিত কথিত শ্রমিকনেতাদের পেছনে অর্থ ব্যয় না করে সাধারণ শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো। আর শ্রমিকদেরও বুঝতে হবে, দাবিদাওয়া আদায়ে ধর্মঘটই একমাত্র উপায় নয়।
কেবল এই পাঁচ জেলায়ই নয়, দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোতে অব্যবস্থা চলছে। কোথাও চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘট ডাকা হয়, কোথাও রাজনৈতিক কারণেও যান চলাচল বন্ধ হয়ে যায়, যার জন্য কাফফারা দিতে হয় সাধারণ যাত্রীদেরই।
বছর দুই আগে ঈদের সময় রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে পরিবহনমালিক-শ্রমিকেরা একযোগে ধর্মঘট ডেকেছিলেন। এবার যোগাযোগমন্ত্রী কথা দিয়েছেন, ঈদের আগে রাস্তাঘাট মেরামত করা হবে; যাত্রীরা দুর্ভোগে পড়বেন না। তাঁর কথার বরখেলাপ হবে না বলে আশা করি। ঈদ সামনে রেখে যাতে কোনো মহল মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি বা চাঁদাবাজি করতে না পারে, সে ব্যাপারে এখনই সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।