র্যাপের সফর ও বিচারের আন্তর্জাতিক মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিফেন র‌্যাপ মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানের কথা বলেছেন। ওই আন্তর্জাতিক মান কী এবং কোন মানদণ্ডে তা নির্ধারিত হবে? ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সংবিধি ও ওই আদালতের কর্মকাণ্ডের নিরিখে? উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তো আন্তর্জাতিক অপরাধ আদালতের সংবিধি অনুমোদন করেনি, ফলে যুক্তরাষ্ট্র ওই আদালতের রাষ্ট্রপক্ষ নয়। তাহলে কোন এখতিয়ারে মার্কিন দূত বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিয়ে কথা বলেন, আর আমরাই বা কেন মার্কিন সনদ নিয়ে আনন্দে উদ্বেল হই বা তাঁর অসন্তোষে বিমর্ষ হয়ে উঠি?

স্টিফেন র‌্যাপ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশকে এ প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।’ র‌্যাপ যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান, মৃত্যুদণ্ড ও পদ্ধতিগত ত্রুটি নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক দূত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কর্তাব্যক্তিরা, জামায়াতে ইসলামী ও তাদের প্রতি সহানুভূতিশীল কয়েকজন আইনজীবী প্রায়ই যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে আন্তর্জাতিক মানের কথা বলেন। তাঁদের দাবি, যুদ্ধাপরাধের বিচার হতে হবে স্বচ্ছতার সঙ্গে। আমরাও বলি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে হতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত হবে, প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করবে, দালিলিক ও মৌখিক সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করা হবে, অভিযোক্তা আইনজীবীদের প্যানেল ও অভিযুক্তের পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তারপর রায় প্রদান করা হবে। ইতিমধ্যে যে চারটি রায় দেওয়া হয়েছে, কোথায় তার ব্যত্যয় হয়েছে? ট্রাইব্যুনালের কর্মকাণ্ড প্রতিদিন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে,  বেসরকারি টেলিভিশন চ্যানেলেও আমরা এ বিষয়ে ওয়াকিবহাল থাকছি।

বাদ থাকল যুদ্ধাপরাধের বিচারের আন্তর্জাতিক মানের কথা। এই আন্তর্জাতিক মানের কথা বলে জামায়াতে ইসলামী ও তাদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা জনমনে বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করছেন। এ পর্যন্ত সারা বিশ্বে বড় দাগে যুদ্ধাপরাধের যে কটি বিচার হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনাল, আইকম্যানের বিচার, সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচার ও রুয়ান্ডার যুদ্ধাপরাধীদের বিচার। নুরেমবার্গ ট্রাইব্যুনালে ১১ মাসের মধ্যে জার্মানির নেতৃস্থানীয় ২৪ জন রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তার বিচার সম্পন্ন হয়। ট্রাইব্যুনাল ১২ জনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০-২০ বছরের কারাদণ্ড ও বাকি তিনজনকে মুক্তি দেন। উল্লেখ্য, নুরেমবার্গ ট্রাইব্যুনালে আপিলের বিধান ছিল না। ফলে ১৯৪৬ সালের ১ অক্টোবর রায় ঘোষণার পর ১৬ অক্টোবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

টোকিও ট্রাইব্যুনাল সাতজনকে মৃত্যুদণ্ড ও ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আইকম্যানকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর্জেন্টিনা থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায়, সেখানে ১৯৬২ সালে ইসরায়েলের আদালতে বিচার করে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এরপর আমরা বড় ধরনের অগ্রগতি লক্ষ করি সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন জাতিসংঘ উদ্যোগ নেয়। নিরাপত্তা পরিষদের সর্বসম্মত প্রস্তাব অনুযায়ী ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ফরমার ইয়োগোস্লাভিয়া বা আইসিটিওয়াই গঠন করা হয়। এ ট্রাইব্যুনালে ১৩৬ জনকে অভিযুক্ত করা হয়। বিচার কর্মকাণ্ড শেষে ইতিমধ্যে ৬৯ জনকে বিভিন্ন মেয়াদের দণ্ডাদেশ দেওয়া হয়েছে, ১৩ জনকে জাতীয় এখতিয়ারভুক্ত বিচারিক আদালতের আওতায় নিয়ে আসা হয়েছে এবং ১৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। ১৯৯৪ সালে গঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা বা আইসিটিআরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ফরমার ইয়োগোস্লাভিয়া এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডার সংবিধিতে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আপিলের ব্যবস্থা রয়েছে, যা নুরেমবার্গ ট্রাইব্যুনালের সংবিধিতে ছিল না।

জামায়াতে ইসলামী এবং তাদের প্রতি সহানুভূতিশীল আইনজীবীরা যুদ্ধাপরাধীদের বিচারের যে আন্তর্জাতিক মানের কথা বলছেন, তা কি নুরেমবার্গ ট্রাইব্যুনালে অনুসৃত মান, নাকি সাবেক যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধাপরাধীদের বিচারে অনুসৃত মান? একাত্তর সালের মানবতাবিরোধীদের অপরাধের বিচারের ব্যাপারে যদি সাবেক যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধাপরাধীদের বিচারে অনুসৃত বিধান ও মান অনুসরণ করা হয়, তাহলে জামায়াতে ইসলামীর নেতারা ও তাঁদের সহযোগীরা মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে রায়ের পর আপিলের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিচারিক প্রক্রিয়াকে প্রলম্বিত করতে পারবেন। আন্তর্জাতিক মানের কথা বলে সে জন্য তাঁরা জাতিকে বিভ্রান্ত করতে চান, অন্যদিকে তার সুযোগ নিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড ঠেকাতে চান, সম্ভব হলে বিচারকে প্রলম্বিত করে পুরো বিচারটিকেই নস্যাৎ করে দিতে চান। কিন্তু জামায়াতে ইসলামী বা তাদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা উচ্চারণ করেন না। এতে করে বছর খানেকের মধ্যে বিচার-প্রক্রিয়া সম্পন্ন করে একাত্তরের মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে একটি বাধ্যবাধকতা তৈরি হয় যে!

কোনো সংশয় ছাড়া যে কথাটি বলতে চাই, তা হচ্ছে ১৯৭১ সালে এ ভূখণ্ডে যাঁরা গণহত্যা, লুটতরাজ ও মানবতাবিরোধী অপরাধ করেছিলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুযায়ী তাঁদের বিচার চলছে। ১৯৭৩ সালের আইনটি করা হয়েছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালের সংবিধির অনুসরণে। আইনটি করতে গিয়ে আইনপ্রণেতারা মানবাধিকার-বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং জেনেভা কনভেনশনগুলোকেও আমলে নিয়েছিলেন। একাত্তর সালের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য সংবিধানের ৪৭ অনুচ্ছেদও সংশোধন করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক মানের কথা বলে বিভ্রান্তি তৈরি করার অবকাশ নেই। আমরা চাই, একাত্তর সালে যাঁরা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে তাঁদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হোক। এতে ইতিহাসের দায় থেকে যেমন আমরা মুক্তি পাব, তেমনি বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

শেখ হাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও অপরাধবিজ্ঞান গবেষক।