লাগামছাড়া বচনজনিত বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাটুর্ন: তুলি
কাটুর্ন: তুলি

বাংলাদেশে বিদেশিদের ব্যাপারে একধরনের স্পর্শকাতরতা বেশ পুরোনো বিষয়। বিদেশিরা কেউ যদি ইতিবাচক কিছু বলে, তাহলে আমরা এতটাই গদগদ হয়ে যাই যে সেটাকেই বড় সার্টিফিকেট হিসেবে তুলে ধরে আত্মতৃপ্তি পাই। বিদেশি কোনো পত্রিকা বা সাময়িকীতে প্রশংসাসূচক কিছু প্রকাশিত হলে দেশের সংবাদপত্রের প্রথম পাতায় সেটির পুনর্মুদ্রণ নিশ্চিত করার জন্য নানা মহল তৎপর হয়ে ওঠে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল—এমডিজি) মাত্র দুটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য জাতিসংঘ যখন আমাদের প্রশংসা করল, তখনো যথারীতি আমরা সবাই উচ্ছ্বসিত হলাম।
কিন্তু এই বিদেশিরাই যখন কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন আমরা তাতে ক্ষুব্ধ হই এবং ষড়যন্ত্র খুঁজি। এটা প্রকটভাবে প্রতিফলিত হয় ক্ষমতাসীনদের মধ্যে। অবশ্য ক্ষমতার বাইরে থাকলে সমালোচনা তাঁদের ভালোই লাগে। কেননা, সেটাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো যায়। বিদেশিদের কোনো মন্তব্য বা পরামর্শ পছন্দ না হলে আমাদের রাজনীতিকেরা এতটাই অধৈর্য হয়ে পড়েন যে কখনো কখনো তাঁদের প্রতিক্রিয়া শালীনতার সীমা ছাড়িয়ে যায়।
এখানে দু-একটা দৃষ্টান্তের উল্লেখ নিশ্চয়ই অন্যায় হবে না। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাকশ্রমিকের মৃত্যুতে শোকাহত বিশ্বসম্প্রদায়ের তরফ থেকে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার মান, ন্যূনতম মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার বিষয়ে বিভিন্ন পরামর্শ আসতে শুরু করল, তখন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্যে ক্ষুব্ধ হলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে এবং কোনো খোঁজখবর না করেই রাষ্ট্রদূতের কাছে চিঠি লিখে জানতে চাইলেন তাঁর দেশের কয়টি রাজ্যে ট্রেড ইউনিয়ন আছে। তিনি রাষ্ট্রদূত মজীনার বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করে তাতে উষ্মা প্রকাশ করেন (ডেইলি স্টার, মে ২০, ২০১৩)। মন্ত্রীর ওই চিঠিটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় অনেক স্কুলছাত্রও তাঁর ইংরেজি জ্ঞান দেখে চমকিত হয়েছে বলে শুনেছি। একজন মন্ত্রীর এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে রাষ্ট্রাচারের ক্ষেত্রে কতটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা সম্ভবত আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভালো জানেন। তাতে অবশ্য মন্ত্রীর কিছুই এসে যায়নি। কেননা, তাঁর নিয়োগকর্তা সম্ভবত তাঁকে মন্ত্রিসভায় রেখেছেনই বেপরোয়া কথাবার্তা বলার জন্য। নইলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি হরতালকারীদের বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে হত্যা করার আহ্বান জানানোর পরও স্বপদে বহাল থাকতে পারেন না। দলীয় সমর্থকদের আইন হাতে তুলে নেওয়ার উসকানি দেওয়ার কারণে প্রধানমন্ত্রী তাঁকে সামান্য ভর্ৎসনা করেছেন বলেও জানা যায়নি। তেমনটি হলে তিনি সপ্তাহ না ঘুরতেই আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একই কথা বলতেন না।
একই ধরনের লাগামছাড়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আরও কয়েকটি ক্ষেত্রে। যেমন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গত রিপোর্টটি যদিও বিশ্বের শতাধিক দেশে পরিচালিত জরিপের ফল, তবু আমাদের নেতারা সেটাকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে গলা ফাটালেন। গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ প্রশ্নে ড. ইউনূসের সমর্থনে বিদেশি রাষ্ট্রনেতা, শীর্ষস্থানীয় পণ্ডিত ও ব্যবসায়ী নেতাদের উদ্বেগ বা অনুরোধ তাঁদের এতটাই ক্ষুব্ধ করেছে যে তাঁর বিরুদ্ধে বিরতিহীন অপপ্রচার চলছে। হিলারি ক্লিনটন যদি এখনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থাকতেন, তাহলে ড. ইউনূসকে সমর্থনের জন্য তাঁকে নিয়ে কথাবার্তাগুলো এত দিনে কোন পর্যায়ে পৌঁছাত বলা মুশকিল। একই অবস্থা হিউম্যান রাইটস ওয়াচের ক্ষেত্রেও। বিদেশি একটি প্রতিষ্ঠানের বিবৃতিতে ভুল তথ্য থাকতে পারে, তাদের সমালোচনা আমাদের পছন্দ না হতে পারে, সে জন্য আমরা তাদের ভুলটা দেখিয়ে দিয়ে তাদের পর্যবেক্ষণ প্রত্যাখ্যান করতে পারি। কিন্তু, একেবারে চরম পদক্ষেপ হিসেবে তাদেরকে হাইকোর্ট দেখানোর ব্যবস্থা করাটা কতটা যৌক্তিক? গোলাম আযমের আগে অন্য যে কটি মামলার রায় হয়েছে, সেগুলোর বিষয়ে ওই একই ধরনের সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত স্টিফেন র‌্যাপ। এরপর কি তাঁর বিরুদ্ধেও মামলা হবে? হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলসের আইনজীবী সমিতির মানবাধিকার কমিটি বলেছে, সমালোচকদের পেছনে সময় ব্যয় না করে বরং মামলা পরিচালনার যেসব বিষয় সমালোচিত হচ্ছে, সেগুলো কাটিয়ে উঠতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে মনোযোগী হওয়া প্রয়োজন। সেটাই কি বুদ্ধিমানের কাজ নয়?
আমার ঘরের মধ্যে আমি যদি অন্যায় কিছু করি, সে বিষয়ে কি আমার প্রতিবেশীর কিছুই বলার অধিকার থাকবে না? বিশ্বসমাজে আমরা কি একঘরে হতে চাই? যেমনটি হয়ে আছে জিম্বাবুয়ে? কিংবা যে পথে হাঁটছে শ্রীলঙ্কা? রাজনীতিকেরা লাগামছাড়া কথা বলায় অভ্যস্ত হয়ে পড়লে তার পরিণতি কী রকম হতে পারে, তার একটা তাজা দৃষ্টান্তের উল্লেখ করব শ্রীলঙ্কা থেকে। ঘটনাটি ঘটেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের আগস্ট শেষের সপ্তাহব্যাপী শ্রীলঙ্কা সফরের সময়। দেশটিতে তামিল বিদ্রোহ দমনের পর মিস পিল্লাই হলেন জাতিসংঘের সবচেয়ে পদস্থ ব্যক্তি, যিনি দেশটি সফর করলেন। বছর দুয়েক ধরে তিনি দেশটি সফরের চেষ্টা করছিলেন, কিন্তু প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তাতে রাজি হচ্ছিলেন না। বিদ্রোহ দমনের সময় গণহত্যার অভিযোগ ছাড়াও দেশটিতে যুদ্ধ-পরবর্তী জাতিগত আপস-সমঝোতার প্রশ্নে সরকারের আন্তরিকতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের অন্ত নেই। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এ কারণে রাজপক্ষে সরকারের সমালোচনা করে প্রস্তাব পাস হয়েছে দুবার। এই পটভূমিতে মিস পিল্লাইয়ের সফরের গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেননা, চলতি মাসেই জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে মিস পিল্লাইয়ের প্রাথমিক রিপোর্টটি পেশ করার কথা।
মিস পিল্লাই তাঁর সফর শেষে এক বিবৃতিতে বলেছেন যে দেশটিতে যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু দুর্ভোগের অবসান হয়নি। কেননা, তাঁর ভাষায় দেশটি কর্তৃত্বপরায়ণতার দিকে এগোচ্ছে। মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে, তাতে ভবিষ্যতের জন্য অনৈক্যের বীজ বপন করা হচ্ছে। প্রধান বিচারপতির অপসারণকে কেন্দ্র করে বিচার বিভাগের স্বাধীনতা যেভাবে খর্ব হয়েছে, তার উল্লেখ করে তিনি বিবৃতিতে আরও বলেছেন যে গণতন্ত্র উপেক্ষিত হচ্ছে এবং আইনের শাসন বিলুপ্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার নাগরিক আইনজীবী মিস পিল্লাই তাঁর সমাপনী সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে নিজের জাতীয় পরিচয় তুলে ধরে বলেন, তাঁর সফরকালে অন্তত তিনজন মন্ত্রী তাঁকে ভারতীয় বংশোদ্ভূত তামিল হিসেবে চিহ্নিত করতে তাঁকে ‘তামিল বাঘিনী’ (তামিল টাইগ্রেস) হিসেবে বর্ণনা করেছেন।
তবে জাতিসংঘের ম্যান্ডেটধারী এই মানবাধিকাররক্ষীকে হেনস্তা করার ঘটনা এটুকুতেই থেমে থাকেনি। প্রেসিডেন্ট রাজাপক্ষের মন্ত্রিসভার একজন সদস্য, জনসংযোগমন্ত্রী মারভিন সিলভা এক অনুষ্ঠানে মিস পিল্লাইকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বলেন যে তাঁর দেশ কতটা সমৃদ্ধ সেটা তিনি তাঁকে দেখিয়ে দেবেন। মি. সিলভা বলেন তাঁর বয়স মাত্র ৪০ এবং তাঁর দেহ এখনো কর্মক্ষম। তিনি বলেন, একজন মুসলমান যদি চারজনকে বিয়ে করতে পারেন, তাহলে তাঁদেরও ছোটখাটো সুযোগ থাকা উচিত। মিস পিল্লাই অবশ্য এ রকম অরুচিকর নারীবিদ্বেষী মন্তব্যের কোনো জবাব দেননি। শ্রীলঙ্কার মন্ত্রিসভার পক্ষ থেকে অবশ্য এ জন্য মিস পিল্লাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন অন্য আরেক মন্ত্রী, দুল্লাস আলাপ্পেরুমা (কলম্বো গেজেট, ৪ সেপ্টেম্বর। পত্রিকাটি জনসংযোগমন্ত্রী সিলভার বক্তব্যের অডিও রেকর্ডও সংবাদটির সঙ্গে প্রকাশ করেছে।) মি. সিলভার বেয়াড়াপনার বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগের অন্ত নেই। তবে তাতে প্রেসিডেন্টের আস্থায় চিড় ধরেনি; তিনি এই নিবন্ধ লেখা পর্যন্ত স্বপদে বহাল আছেন।
তবে, তাঁর সহকর্মীদের জন্য পরিস্থিতিটা মোটেও সুখকর নয়। জাতিসংঘ মানবাধিকার প্রধানের রিপোর্টের কারণে যাতে নভেম্বরে কলম্বোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সদস্যদেশগুলোর অংশগ্রহণের বিষয়ে কোনো প্রভাব না পড়ে, সে জন্য পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস কূটনৈতিক ক্ষতি সামাল দিতে পরদিনই লন্ডন ঘুরে গেছেন। ঘনিষ্ঠ প্রতিবেশীরা শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতির বিষয়ে তাঁদের দৃষ্টি ঘুরিয়ে রাখায় কানাডার মতো কেউ কেউ বর্জন করলেও শেষ পর্যন্ত হয়তো কমনওয়েলথ সম্মেলন স্থগিত হবে না। তবে তাতে করে কমনওয়েলথের ভাবমূর্তি যে স্থায়ীভাবে কালিমালিপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই।
ক্ষমতাসীন দলের কেউ কেউ যেভাবে লাগামছাড়া মন্তব্যে অভ্যস্ত হয়ে উঠছেন, তাতে ভবিষ্যতে তাঁরা যে আরও নিচে নামবেন না, তেমন ভরসা পাচ্ছি না। মানবাধিকাররক্ষীরা উন্নত বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে নিশ্চুপ থাকে বলে যাঁরা অভিযোগ করে থাকেন, তাঁদের প্রতি অনুরোধ, একটু খোঁজখবর করে দেখুন আপনাদের ধারণা কত ভুল। গুয়ানতানামোর বন্দীদের পাশে কিন্তু অন্য কোনো রাষ্ট্র দাঁড়ায়নি, এই মানবাধিকার প্রতিষ্ঠানগুলোই দাঁড়িয়েছিল। ব্রিটেনে গার্ডিয়ান পত্রিকায় গোয়েন্দাদের নজিরবিহীন হানা দেওয়ার ঘটনার বিরুদ্ধেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানই প্রথম সোচ্চার হয়েছে। সম্প্রতি, ৫ সেপ্টেম্বর জাতিসংঘের বাকস্বাধীনতা-বিষয়ক র‌্যাপোর্টিয়ার এবং মানবাধিকার ও সন্ত্রাসবিরোধী র‌্যাপোর্টিয়ার প্রধানমন্ত্রী ক্যামেরনকে চিঠি দিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন যে সংবাদপত্রের কণ্ঠরোধের উদ্দেশ্যে রাষ্ট্রীয় নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য নয়।
কামাল আহমেদ: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, লন্ডন।