সেই ১৫০০ শতাব্দীর শেষ দিক থেকেই ইউরোপিয়ানরা নিজেদের অর্থনৈতিক দৈন্যদশা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজতে সমুদ্রপথের পথিক হয়েছিলেন, বণিকের বেশে প্রবেশ করে অপরের ভূখণ্ডের মালিক হয়েছিলেন। এই বণিকেরা পৃথিবীর কোনো প্রান্ত বাদ দেননি। আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা—সব মহাদেশেই তাঁরা ব্যবসা করেছেন আর অঢেল মুনাফার পাহাড় গড়ে নিজেদের দেশের চাকচিক্য বাড়িয়েছিলেন, আবার একসময় অপর ভূখণ্ডের শাসক হয়ে বসেছিলেন।
আজ প্রায় ৫০০ বছর পর ঘটনাটি বিপরীত, পৃথিবীর দারিদ্র্য, নিপীড়িত, যুদ্ধ-দাঙ্গাপীড়িত অভাবী অর্ধাহারে থাকা মানুষ, স্বাবলম্বী মহাদেশের মানুষের কাছে একটু স্বপ্ন দেখতে চাইছে, একটু আশ্রয় খুঁজছে। কিন্তু সেই স্বপ্ন, সেই আশ্রয়ের সলিলসমাধি ঘটছে ইউরোপের সর্বদক্ষিণে ভূমধ্যসাগরে ইতালির লাম্পেডুসা দ্বীপের লোনাজলে।
লাম্পেডুসা উপকূল দিয়ে ইউরোপে সুখস্বপ্ন দেখতে আসা মানুষদের সলিলসমাধি হওয়ার সংখ্যাটি দেখলে অবাক হতে হবে। ১৯৮৮ থেকে ২০১৩, ২৫ বছরে ১৯ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই এবারের এই মর্মস্পর্শী ঘটনা ঘটে। যখন আফ্রিকার গৃহযুদ্ধকবলিত দেশ সোমালিয়া ও ইরিত্রিয়ার প্রায় ৫০০ আশ্রয়প্রার্থীকে বহন করা মানুষ লাম্পেডুসা দ্বীপের উপকূলরক্ষীদের দৃষ্টি আকর্ষণের জন্য একটি কম্বলে আগুন দিলে তা দ্রুত নৌকাটিতে ছড়িয়ে পড়ে। এরপর নৌকার সব যাত্রীই ভূমধ্যসাগরের শীতল জলে ঝাঁপ দিলে প্রায় ২৭০ জন যাত্রীর সলিলসমাধি ঘটে, ১৫৫ জনকে উদ্ধার করা গেলেও বাকি প্রায় ২০০ আশ্রয়প্রার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার ঠিক তিন দিন আগে একইভাবে ইতালির সিসিলি দ্বীপের কাছে আশ্রয়প্রার্থীদের নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু ঘটে।
ঘটনার পর থেকেই ইউরোপের সংবাদমাধ্যমগুলো ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়প্রার্থী মানুষদের ব্যাপারে অনৈতিক নীতিমালার সমালোচনা শুরু হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা এই মর্মান্তিক ঘটনার জন্য অবৈধ অভিবাসীদের প্রতি নিপীড়নমূলক নীতিকে দায়ী করেছেন; জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, এ ঘটনার পর অভিবাসীদের অধিকার সুরক্ষার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁর বিশ্বাস। ইতালির ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস এই বিপর্যয়কে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন।
এই বছর ইউরোপমুখী অভিবাসীদের সংখ্যাটাও তুলনামূলকভাবে বিগত বছরগুলোর তুলনায় বেশি, ইরাক, সোমালিয়া ও ইরিত্রিয়ার গৃহযুদ্ধ আর তিউনিসিয়া, মিসর, সিরিয়া ও লিবিয়ার আরব বসন্ত বিপ্লব-পরবর্তী সময়ে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বিগত জানুয়ারি মাস থেকে প্রায় ২২ হাজার শরণার্থী লাম্পেডুসা উপকূলে অবতরণ করেছে। ব্যাপারটি এই: কম দুর্গত নিপীড়িতদের অল্পবিস্তর সহযোগিতা করতে হবে কিন্তু ইউরোপীয় সীমান্ত এই অযাচিত ব্যক্তিদের জন্য বন্ধ রাখতে হবে। লাম্পেডুসা ঘটনার এক সপ্তাহ না যেতেই ১০ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা ভূমধ্যসাগর দিয়ে তথাকথিত অবৈধ অভিবাসীদের আসা বন্ধ করতে, বিপুল অর্থ ব্যয়ে ইউরোসুর নামের স্যাটেলাইট রাডার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে সমুদ্র উপকূলে এই অভিবাসী বোঝাই নৌকা দেখলেই তা সময় থাকতে দূরে সরিয়ে দেওয়া যায়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, জাতিগত বৈষ্যমের কারণে প্রতিদিন শত শত মানুষ নিজ ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এ মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় চার কোটি শরণার্থীর ৮০ শতাংশ মানুষ দুর্গত অঞ্চলের প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে। বলাই বাহুল্য এই আশ্রয়দাতা দেশগুলো উন্নয়নশীল দেশগুলো, নিজেদের শত সমস্যার মধ্যে যারা নিরাশ্রয় বিপদাপন্নদের আশ্রয় দিয়েছে।
আর গত বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত ইউরোপ, মানবিকতাকে ভূলুণ্ঠিত করে সামান্য কিছু আশ্রয়প্রার্থী মানুষকে ঠেকাতে নতুন নতুন প্রযুক্তি আর আইন তৈরি করছে। অন্যদিকে ধনাঢ্য আশ্রয়প্রার্থীদের আইন করে আশ্রয় দেওয়ার নিয়ম চালু হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ল্যাটল্যান্ডের গ্রামাঞ্চলে ৭০ হাজার ইউরো দিয়ে কোনো অভিবাসী বাড়ি ক্রয় করলে, ক্রেতাকে পাঁচ বছরের ইউরোপীয় সেঙ্গনার ভিসা দেওয়া হবে, অর্থাৎ এই ভিসাতে ক্রেতা সেঙ্গনারভুক্ত ২৬ দেশের কোনো একটিতে থাকার আপাত সুযোগ পাবেন। ল্যাটল্যান্ডের রাজধানী রিগাতে তাই ভিড় জমাচ্ছে সদ্য ধনসম্পদের মালিক বনে যাওয়া রাশিয়ান, কাজাখ ও চীনারা। ১ অক্টোবর থেকে একই ধরনের নিয়ম করেছে স্পেন, যেখানে পাঁচ লাখ ইউরো দিয়ে বাড়ি ক্রয় করলে সেখানে থাকার ভিসা মিলবে। এই একই পদ্ধতিতে আইন করতে যাচ্ছে হাঙ্গেরি, গ্রিস ও পর্তুগাল। নিজেদের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙা করতে পুঁজির বিকাশ ঘটাতেই এই ব্যবস্থা।
একদিকে, মানবাধিকার আর সহমর্মিতা আর অন্যদিকে যুদ্ধকবলিত অঞ্চলে দেদার অস্ত্র ব্যবসা, যেহেতু নিজ অঞ্চলে এই মারণাস্ত্রের প্রয়োগ নেই বা যুদ্ধের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা নেই তাই এই মারণাস্ত্র বানাতে আর বেচতে বা বিত্তবান অভিবাসীদের পুঁজি আনতে অসুবিধা কোথায়, ইউরোপের এই দ্বিমুখী আচরণ নিয়ে কথা উঠেছে।
একদিকে পাকিস্তানের স্কুলছাত্রী ও নারী আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত হচ্ছে, অন্যদিকে মালালার মতো হাজারো স্কুলছাত্রী, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ইউরোপের তৈরি মারণাস্ত্রের কারণে বিপদাপন্ন হচ্ছে। ইউরোপের মুক্তবুদ্ধির মানুষ এবং সংবাদমাধ্যমগুলো, প্রায় প্রতিদিনই ইউরোপীয় শরণার্থীবিষয়ক যৌথ আইন শিথিল না করে আরও কড়াকড়ি আরোপের সমালোচনা করছেন, কিন্তু ইউরোপীয় মানবাধিকারের বারবারই সলিলসমাধি ঘটছে লাম্পেডুসার লোনাজলে।
সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।
[email protected]