লাল-সবুজের বিশ্ব জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের অনেক স্মৃতি নিয়ে আমরা হানাদারমুক্ত হই। পরাধীনতার গ্লানি থেকে মুক্ত, একটি জাতির একটি নিশান সেদিন উদিত হলো। সবুজ শ্যামল বাংলার মুখ সেদিন লাল রক্ত বুকে নিয়ে বাঁশের কঞ্চিতে পতপত করে উড়তে লাগল। আর বিশ্বকে জানান দিল লাল-সবুজের স্বাধীন দেশ হিসেবে।
স্বাধীনতার ৪৩ বছরে আমরা ৪৩টা বিজয় দিবস পালন করেছি। তবে ৪৩তম বিজয় দিবসে আমরা আরেকটি বড় বিজয় অর্জন করেছি। জাতির সূর্যসন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজের পতাকা আজ বিশ্ব জয় করেছে। ২৭ হাজার ১১৭ জনের অংশগ্রহণের লাল-সবুজের মানব পতাকা বিশ্বের সব রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে যখন রেকর্ডটি তৈরি হয়, তখন লাখো মানুষের মতো আমিও টেলিভিশনের সামনে বসে দেখছি।
গ্রামে আছি বলে এই রেকর্ডে সরাসরি অংশ নিতে না পারলেও টেলিভিশনের সামনে একটি প্ল্যাকার্ড হাতে আমিও ছয় মিনিট ১৭ সেকেন্ড দাঁড়িয়ে থেকে এই রেকর্ড অর্জনে অংশ নিয়েছি। তাই ২৭ হাজার ১১৮তম প্রতিযোগী হিসেবে আমি নিজেকে অনেক ধন্য মনে করি।
আমার দেশই আমার প্রাণের চেয়ে বড়, এমনটি শিখেছি আমার প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে। অগণিত শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত সবুজের মাঝে লাল পতাকা যেন আজ হূদয় নিভৃতে ‘লাল-সবুজের বিশ্ব জয়’-এর আনন্দ অশ্রুতে ভাসছে।
মো. আরিফ চৌধুরী
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।