লালফিতার বাধা দূর হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় আবাসিক সুবিধার দাবিতে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত রাখতে মুখে মুখে প্রশাসনের কর্তাব্যক্তিরা সব সময়ই ইতিবাচক বক্তব্য দিয়ে এলেও দাবি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণে তাঁদের তীব্র অনীহা লক্ষ করা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান আন্দোলনে সমর্থন দিলেও শিক্ষার্থীরা যখন বিনা উসকানিতে পুলিশি হামলার শিকার হন, তখন প্রশাসন নির্লিপ্ত থাকে। গত সপ্তাহে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশি হামলায় তিন শতাধিক নিরীহ শিক্ষার্থী আহত হন। ছাত্রদের রক্ষা করতে ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ স্যার পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বর্তমান উপাচার্য, মীজানুর রহমান দায়িত্ব নেওয়ার পরপরই হল নির্মাণে জোর প্রত্যয় ব্যক্ত করা হয় এবং হলের জন্য জমি ক্রয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও আজও সে বিষয়ে কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি। এ ছাড়া ২০০৮ সালে তৎকালীন উপাচার্য সিরাজুল ইসলাম খানের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেদখলকৃত ১২টি হল ও ধূপখোলার খেলার মাঠের জমির বৈধ কাগজপত্র উদ্ধারে ১৮ লাখ টাকা খরচ করে সিএ ফার্ম নিয়োগ দেয়। সিএ ফার্মের রিপোর্ট মোতাবেক ছয়টি হলের বৈধ কাগজপত্র থাকার বিষয়ে নিশ্চিত করা হলেও ড. হাবিবুর রহমান হল ছাড়া আর কোনো হল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
হল উদ্ধার সম্ভব না হলেও ২০০৯ সালের জুন মাসে শহীদ সাহাবুদ্দিন ছাত্রাবাস পুলিশের দখল থেকে আওয়ামী লীগের নেতা আমিনুল হক বিপ্লবের দখলে চলে যায়। একই বছরে ঈদ ও পূজার ছুটির সময় তিব্বত হলের অবশিষ্টাংশ দখলে নিয়ে যান হাজি মো. সেলিম। আওয়ামী লীগের এই নেতাই তিব্বত হলের একাংশ দখল করে একটি মার্কেট নির্মাণ করেন। আর প্রশাসনের ব্যর্থতায় ২০০১ সালে শহীদ আজমল হোসেন হলটি পুলিশের দখল থেকে একটি শহীদ পরিবারের দখলে চলে যায়। কিন্তু অনেকেরই অভিযোগ, এটি আসল শহীদ পরিবার নয়।
কয়েক বছর থেকে ছাত্রী হল নির্মাণ বাবদ ৪০ কোটি টাকার সরকারি বরাদ্দ অলস পড়ে থাকার পর গত বছরের ২২ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাবাজারে একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নির্মাণকাজ শুরু করতে পারেনি। একইভাবে সাততলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজের জন্য সাতবার দরপত্র আহ্বান করেও কোনো এক দুর্বোধ্য কারণে কাজটি বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকার পরও এ দুটি অবকাঠামো নির্মাণের কাজ শুরু না হওয়া অশুভ তৎপরতার ইঙ্গিত বহন করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নতুন স্থাপিত অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ইতিমধ্যে হল নির্মিত হয়েছে। কিন্তু ব্যতিক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে হলের আন্দোলন শুরু হলে হল উদ্ধারের বিষয়টি অবধারিতভাবে সামনে আসে। যদিও আমাদের মূল দাবি সব শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিত করা। সরকার সুকৌশলে হল নির্মাণের বিষয়টি এড়িয়ে গিয়ে হল উদ্ধারের আশ্বাস প্রদান করে কিংবা দু-একটি উচ্চক্ষমতাসম্পন্ন (!) কমিটি করে দেওয়ার মধ্যেই তাদের দায় শেষ করে।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তী এক মাসের মধ্যে সেই কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এবং তিব্বত হলসহ একাধিক হল উদ্ধারে পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলন থেমে যাওয়ার পর এসব কমিটির রিপোর্ট লাল ফিতায় বাঁধা পড়ে যায়। তাই অনেক শিক্ষার্থীই মনে করেন বেদখলকৃত হলের দাবি করাটাই বুঝি অন্যায়! তা না হলে হয়তো কুমিল্লা কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো জবিতেও এত দিনে সরকার হল নির্মাণ করতে বাধ্য হতো। হল উদ্ধারের নামে ‘হাইকোর্ট দেখানোর’ সুযোগ পেত না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ কিংবা পুরোনো বেদখলকৃত হল উদ্ধারে প্রশাসন ও সরকারের হাজারো আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিলেও বিভিন্ন সময় প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে সাধারণ মানুষের অনেক জমি জবরদস্তি অধিগ্রহণের অনেক দৃষ্টান্ত আছে। রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জন্য জোরপূর্বক হাজার হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করতেও সরকার পিছপা হয় না। ভারতের বিনিয়োগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্যও একইভাবে জমি অধিগ্রহণ করা হয়।
প্র্রশাসন ও সরকারের সদিচ্ছা থাকলে কেরানীগঞ্জে খাসজমির ওপর হল নির্মাণ করা কিংবা দ্রুততম সময়ে বাংলাবাজারে ছাত্রী হল নির্মাণের কাজ শুরু করা সম্ভব। পাশাপাশি বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়াও অসম্ভব কিছু নয়। কোনো লালফিতার বাঁধনে ২০ হাজার শিক্ষার্থীর ভাগ্য যেন আটকা না পড়ে।
লাকি আক্তার: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।