লেভেল প্লেয়িং ফিল্ড গঠনই চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে তাদের প্রস্তুতির বিষয়টি এখনো চূড়ান্ত করেনি। যে ধরনের সরকারের অধীনেই হোক, তাদের তরফে চূড়ান্ত প্রস্তুতির এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বারবার ‘যথাসময়ে’ নির্বাচনে তাঁদের প্রস্তুত থাকার বিষয়ে যদিও আশ্বাস দিয়ে চলেছেন, কিন্তু বাস্তবে যে ধরনের খবরাখবর পাওয়া যাচ্ছে, তাতে ‘যথাসময়ে’ নির্বাচন পরিচালনার বিষয়টি বোধগম্য হলেও ‘যথাযথভাবে’ তাঁরা পারবেন কি না, তা বিরাট জিজ্ঞাসার বিষয়।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পর যথাসম্ভব দ্রুত ও সর্বাধিক অগ্রাধিকারের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধিসহ অন্যান্য বিধিবিধানে প্রয়োজনীয় সংশোধনী ও সংযোজন আনতে পুনর্গঠিত কমিশনের তেমন কোনো উদ্যোগের কথা জানা যায় না। এমনকি নির্বাচনের প্রধান প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনেও তারা সীমাহীন ঔদাসীন্যের পরিচয় দিয়ে আসছে।

সত্য বটে, দেশের প্রধান বিরোধী দল অব্যাহতভাবে বলে আসছে, নির্দলীয় সরকার না হলে তারা নির্বাচনে যাবে না। একটি রাজনৈতিক সমঝোতা তাদেরও কাম্য হওয়া স্বাভাবিক। কিন্তু তারা দাবি করতে পারে না যে, তারা সম্ভাব্য সমঝোতার অপেক্ষায় থাকার কারণে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনে শৈথিল্য দেখিয়েছে। বিদ্যমান সংবিধানের আওতায় কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু
নির্বাচন করা যায়, সেই বিষয়ের মূল চ্যালেঞ্জ হচ্ছে প্রতিযোগীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ ও মন্ত্রিসভার কারও নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ছিল না। তাই যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান এল, তখন আসলে নির্বাচন কমিশনের ওপরই দায়িত্বের বোঝা এসে চেপে বসল।

আমরা স্মরণ করতে পারি, বিগত শতকের আশি ও নব্বইয়ের দশকের নির্বাচনগুলোর অধিকাংশই ছিল বিতর্কিত। এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ফসল হিসেবে যে সাধারণ নির্বাচনটি হলো, তা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এরপর নানা চড়াই-উতরাইয়ের পর ১৯৯৬ সালে তা স্থায়ী সাংবিধানিক রূপ পেল।

সুতরাং, প্রকৃত প্রস্তাবে পঁচাত্তরের পর দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অভিজ্ঞতার ঝুড়ি শূন্য। আমরা যেকোনো সংলাপ ও সমঝোতার ভিত্তিতে নির্বাচন চাইলেও এটা বিস্মৃত হওয়ার নয় যে, কালক্রমে নির্বাচন কমিশনকেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেখাতে হবে। তাই বলি, এ রকম একটি জটিল প্রেক্ষাপটে বর্তমান কমিশনের যে ধরনের ইতিবাচক ও সাহসী ভূমিকা পালন করা উচিত ছিল, তা এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি। ক্ষমতাসীনদের চাহিদা অনুযায়ী সংসদ বহাল রেখেই যদি নির্বাচন করতে হয়, সে ক্ষেত্রে মন্ত্রী ও সাংসদদের প্রভাব-প্রতিপত্তি কীভাবে কাটানো যাবে, কীভাবে সব প্রতিযোগীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, সেসব বিষয়ে প্রয়োজনীয় বিধিব্যবস্থা প্রবর্তনের দায়িত্ব নির্বাচন কমিশনেরই।