গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ ও সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব এবং এর দুই দিন পর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার পাল্টা প্রস্তাব দেশের রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে পারেনি। সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই যাচ্ছে। বিরোধী দলের নানা কঠোর কর্মসূচির আভাস ও পাল্টা হিসেবে সরকারের
সভা-সমাবেশ নিষিদ্ধসহ কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে অনেকটাই ভীতিকর করে তুলেছে।
বর্তমান সরকার মেয়াদের শেষ পর্যায়ে এসেছে। বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক শাসন কার্যকর রয়েছে, ফলে ভবিষ্যতে কারা সরকার গঠন করবে, তা নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে—এটাই বাস্তবতা। কিন্তু নির্বাচন কোন সরকারের অধীনে বা কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সরকার ও বিরোধীপক্ষ এমন এক অচলাবস্থার সৃষ্টি করেছে যে জনগণ সামনের দিনগুলো নিয়ে নিশ্চিত থাকতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ অক্টোবর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো সমঝোতার কোনো কার্যকর লক্ষণ দৃশ্যমান নয়।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ বিরোধী দল চাইছে ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করতে। সেটা করতে দেওয়া না হলে ২৭ অক্টোবর দলটি ঢাকা অবরোধ করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই পাল্টা অবস্থান খুব স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে সামনের দিনগুলোর ব্যাপারে উদ্বেগ ও ভীতির সৃষ্টি করছে। আমাদের অভিজ্ঞতা বলছে, এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি মানেই হানাহানি ও সহিংসতার ক্ষেত্র তৈরি হওয়া। ২০০৬ সালে সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন-পূর্ববর্তী পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছিল এবং তার পরিণতি কী হয়েছিল, তা দেশবাসী ভুলে যায়নি। ফলে ২৫ অক্টোবরের পর কী হবে, এ নিয়ে জনগণ ভয়ের মধ্যে রয়েছে।
নির্বাচন নিয়ে অতীতের মতো কোনো হানাহানিকর পরিস্থিতি সৃষ্টি যেমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণকে এ রকম একটি দমবন্ধকর পরিস্থিতিতে রাখার অধিকারও দেশের রাজনৈতিক দলগুলোর নেই। গণতান্ত্রিক রাজনীতি মানেই
আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা ও সিদ্ধান্ত নেওয়া। গণতন্ত্রে বিশ্বাস করলে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে দুই পক্ষকেই আলাপ-আলোচনার পথ ধরতে হবে এবং এ ব্যাপারে সমঝোতায় আসতে হবে।
সরকার যদি সমঝোতার পথ না ধরে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিরোধী দলকে মোকাবিলার পথ বেছে নেয় এবং একতরফাভাবে নির্বাচন করার উদ্যোগ নেয়, সেটা হবে চরম বোকামি। অন্যদিকে, বিরোধী দল যদি গ্রহণযোগ্য কোনো সমঝোতা না মেনে কোনো একগুঁয়ে অবস্থান নেয় এবং আন্দোলনের নামে সংঘাত ও সহিংসতার পথ বেছে নেয়, সেটাও হবে আত্মঘাতী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে এক চিঠিতে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি, এই আনুষ্ঠানিক যোগাযোগ সামনে এগিয়ে নিয়ে দ্রুতই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু করা উচিত। জনগণ সামনের দিনগুলো নিয়ে আর শঙ্কা ও ভীতির মধ্যে থাকতে চায় না।