শঙ্কায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান দেশের লাখ লাখ শিক্ষার্থীকে মহা শঙ্কায় ফেলে দিয়েছে। যেকোনো রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তায় কমবেশি দেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা যে মানসিক, আর্থিক ও শিক্ষাগত ক্ষতির সম্মুখীন হয়, তা অপূরণীয়।
চলতি বছরের যে সময়টিতে রাজনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে, সেই সময়টিতেই সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে। রেওয়াজ অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা। এর পরই শুরু হবে ভর্তি পরীক্ষার তোড়জোড়। এ ছাড়া ৪ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর থেকে শুরু হবে সারা দেশে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তি পরীক্ষা। এই অবস্থায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা কী দুশ্চিন্তায় আছেন, তা অনুমান করা কঠিন নয়।
কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, তা হোক ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাইরের—আদৌ আমলে নেন বলে প্রতীয়মান হয় না। তাঁরা এতটাই অন্ধ যে চোখের সামনে ঘটা প্রলয়ও দেখতে পান না। বর্তমান সংকটের মূলে রয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। সরকারপক্ষ বলছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। বিরোধীপক্ষ বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া তারা নির্বাচনে যাবে না, সেই নির্বাচন হতেও দেবে না।
এই অবস্থায় সরকারি দলের পক্ষ থেকে পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বিরোধী দলের সব কর্মসূচির বাইরে রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু নির্বিঘ্নে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য এই মামুলি আহ্বানই কি যথেষ্ট? সরকার যদি সত্যি সত্যি শান্তি ও স্থিতি চায়, তাহলে সমঝোতার পথই খোলা রাখতে হবে। বিরোধী দলের উচিত শিক্ষা ও শিক্ষাঙ্গনকে তাদের সব কর্মসূচির বাইরে রাখা। আবার সরকারকেও বুঝতে হবে, বিরোধী দলের সভাসমাবেশ বন্ধ করার মতো হঠকারী পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে।
বক্তৃতা-বিবৃতিতে দুই দলই যেখানে শিক্ষার প্রসারে ও গুণমান বৃদ্ধিতে কৃতিত্ব দাবি করে থাকে, সেখানে শিক্ষার্থীদের দুর্ভোগ সৃষ্টি হয়, এমন পদক্ষেপ তারা কেন নিচ্ছে? তাদের ভুলে যাওয়ার কথা নয় যে, রাজনৈতিক কর্মসূচির কারণে একসময় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা রাত তিনটায় পরীক্ষা দিতে বাধ্য হয়েছিল। চলতি বছর বিরোধী দলের হরতালের কারলে বেশ কয়েকবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হয়েছে। সেই ভয়ংকর পরিস্থিতির পুনরাবৃত্তি কাম্য নয়।
আমরা শিক্ষাহিতৈষী রাজনৈতিক নেতৃত্বের কাছে শিক্ষানুকূল পদক্ষেপই আশা করি। তৈরি পোশাকশিল্প যদি বিরোধী দলের হরতাল ও অবরোধ কর্মসূচির বাইরে থাকতে পারে, তাহলে শিক্ষাঙ্গন কেন নয়? ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা থাকার জন্য আর যা-ই করুন, দয়া করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি করবেন না।