
শচীন টেন্ডুলকারের জন্য আমার খুব খারাপ লাগছে। হঠাৎই কিছু অর্বাচীনের দৌলতে তিনি যেভাবে অনভিপ্রেত আলোচনায় উঠে এলেন, তা তাঁর মোটেই প্রাপ্য ছিল না।
কী করেছেন শচীন? তেমন কিছুই নয়। শুধু মনপ্রাণ এক করে ক্রিকেট খেলে গেছেন। একটানা ২৪টা বছর সেই খেলার দৌলতেই ক্রমে ক্রমে তিনি ভারতের মানুষের নয়নের মণি হয়ে গিয়েছেন। তাঁর ক্রিকেটে বিভোর-বিশ্ব একসময় বিস্মিত হয়ে দেখল, ছোটখাটো ছেলেটার উচ্চতা ক্রমশ হিমালয়কেও ছাড়িয়ে গেছে। ক্রিকেটীয় প্রায় সব রেকর্ড ভেঙেচুরে খানখান করে তিনি এমন কীর্তি গেঁথে দিলেন, আগামী বহু বছর যাঁর দিকে সারা পৃথিবীর ক্রিকেটাররা জুলজুল করে তাকিয়ে থাকবে।
ক্রিকেটকে গুডবাই বলার দিনেই শচীনকে ভারতরত্নে ভূষিত করা হলো। সেই দিন থেকেই শুরু সেই অবাঞ্ছিত ও অনভিপ্রেত আলোচনা। শচীন হয়ে দাঁড়ালেন অনেক ‘কেন’র উপলক্ষ। কেন ধ্যানচাঁদ নন, কেন মিলখা সিং নন, কেন বিশ্বনাথন আনন্দ নন, কেন অটল বিহারি বাজপেয়ি নন, কেন অমুক নন, কেন তুমুক নন? শুধু কি তাই? কেন অবসর ঘোষণার দিনেই শচীনকে এই সম্মানটা দেওয়া হলো, সেই ‘কেন’ নিয়েও একটা অহেতুক রাজনৈতিক কচকচানি ভারতের আকাশে-বাতাসে পাক খেতে শুরু করল। কেন শচীন, কেন অন্যরা নন, সেই দায়ও যেন শচীনেরই!
ক্রিকেট আমার প্রাণের খেলা নয়। কিন্তু ক্রিকেট আমার ভালো লাগে। আগে ভালো লাগত গাভাসকার-বিশ্বনাথ-কপিলের জন্য, পরে ভালো লাগাতে বাধ্য করেন শচীন-সৌরভ-রাহুলেরা। একটা সময় সবাইকে ছাপিয়ে শচীনের মাথা যখন উঁচু হয়ে গেল, তখন ওই কবিতাটার সঙ্গে আমি শচীনের মিল পেতাম—‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে।’ শচীনের উচ্চতা যত বেশি বেড়েছে, সারা পৃথিবীর ক্রিকেটারদের সমীহ যত বেশি আদায় করেছেন, যত বেশি শ্রদ্ধেয় হয়েছেন, তত বেশি আমি তাঁর ভক্ত হয়ে পড়েছি, ভারতীয় হিসেবে তত বেশি গর্বিত বোধ করেছি। আমার বিশ্বাস, আমার মতো শতাধিক ভারতীয়ও সেদিন তৃপ্ত হয়েছেন।
হকির জাদুকর ধ্যানচাঁদ অথবা উড়ন্ত শিখ মিলখা সিংদের কেন ভারতরত্ন দেওয়া হলো না, এ এক ভিন্ন প্রশ্ন। দুজনের একজন জীবিত, দুজনই নিশ্চিত মহান খেলোয়াড়। দুজনের কারও প্রতিই আমার কোনো বিদ্বেষ নেই। থাকার কথাও নয়। কিন্তু ওঁদের কারও খেলাই আমি বা আমার বয়সী কেউ দেখেনি। ধ্যানচাঁদের হকি স্টিকে নাকি বল লেপ্টে থাকত। ভারত তাঁদের সময়ে বিশ্বের এক নম্বরই শুধু ছিল তা নয়, এক একটা খেলায় প্রতিপক্ষকে ১০ গোল ২০ গোল করে দিত। সেটা কতটা ধ্যানচাঁদদের কৃতিত্ব আর কতটা প্রতিপক্ষ দেশের শিক্ষানবিশি হাল, জানি না। তবে ভারতীয় হকির ইতিহাস ঘাঁটলে এটা দেখা যায়, বিশ শতকের প্রথমার্ধে বিদেশে হকির প্রসার যতটা ছিল, দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে তার ব্যাপ্তি হইহই করে বেড়ে যায়। বিদেশিরা যত বেশি করে হকিকে আঁকড়ে ধরল, ভারতের হকি তত দ্রুত নিম্নগামী হতে লাগল। আজ হকির টপ টেনেও ভারতের স্থান নিশ্চিত নয়। মিলখা সিং নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা দৌড়বীর। তাঁর তুলনা তিনি যেমন নিজেই, তেমনি শচীনও। ক্রিকেটই একমাত্র খেলা, যেখানে ভারত অতীতকে ছাপিয়ে বর্তমানকে সেরা প্রতিপন্ন করেছে। এবং শুধু সেরাই নয়, ক্রমাগত নিজের উত্তরণ ঘটিয়ে পৃথিবীর এক নম্বর হওয়ার যোগ্যতা আদায় করেছে। আর, সেই ঝলমলে কৃতিত্বের পাগড়ির সবচেয়ে উজ্জ্বল ও বর্ণময় পালকটির নাম শচীন টেন্ডুলকার, গোটা বিশ্ব যাঁকে সম্ভ্রমে কুর্নিশ করে।
সর্বপল্লি রাধাকৃষ্ণণ ও চক্রবর্তী রাজাগোপালাচারি প্রথম ভারতরত্ন। ১৯৫৪ সালে। সেই থেকে গত ৫৯ বছরে শচীন ছাড়া আরও ৪২ জন ভারতরত্ন হয়েছেন। এঁদের মধ্যে ২৫ জন রাজনীতিক, ১১ জনকে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে। খান আবদুল গাফফার খান, নেলসন ম্যান্ডেলা কিংবা আমৃত্যু ভারতকে কর্মক্ষেত্র করে রাখা মাদার তেরেসার মতো বিদেশিদেরও এই সম্মান দেওয়া হয়েছে। সম্মানিত হয়েছেন জন্মসূত্রে ভারতীয় অথচ যুক্তরাজ্যের নাগরিক অমর্ত্য সেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক রবিশঙ্কর। ১৯৯২ সালে বীর বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর সম্মান দেওয়া হলে শুরু হয় প্রবল বিতর্ক। যাঁর অন্তর্ধান এখনো রহস্যাবৃত, যিনি মৃত কি না, এখনো চূড়ান্ত প্রমাণিত নয়, তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ায় নানা স্তর থেকে যে আপত্তি ওঠে, তাতে সরকার বাধ্য হয় পিছু হটতে। তারও আগে দেশের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদকে এই সম্মান দেওয়া হলে তিনি তা গ্রহণে অস্বীকার করেন, যেহেতু তিনি নিজে ছিলেন নির্বাচন কমিটির সদস্য। ১৯৯২ সালে নেতাজির সঙ্গে তাঁকেও মরণোত্তর সম্মান দেওয়া হয়। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংগীত, সংস্কৃতি, বিজ্ঞান ও সমাজসেবায় শ্রেষ্ঠ অবদানের জন্য নির্দিষ্ট দেশের এই
সর্বোচ্চ নাগরিক সম্মানের আওতার বাইরে ছিলেন খেলার জগতের মানুষজন। তাঁদের জন্য নির্দিষ্ট ছিল দ্রোণাচার্য বা খেলরত্ন সম্মান। শচীনকে ভারতরত্ন দেওয়ার তাগিদেই নীতির পরিবর্তন ঘটানো হয়। তা নিয়েও কম হইচই হয়নি। নিন্দুকদের বোঝা উচিত, শ্রেষ্ঠ প্রতিভাবানরাই নিয়মের নিয়ন্ত্রক হন। শচীনরা সব দেশে সব কালেই ব্যতিক্রম।
শচীন কি শুধুই একজন খেলোয়াড়? নিশ্চয় নয়। শচীন একজন মহান খেলোয়াড়, খুব বড় মন ও মাপের মানুষ। খেলতে খেলতে ক্রমশ তিনি ‘আইকন’ হয়ে উঠেছেন। যখন তাঁরই সমসাময়িক বিদেশি খেলোয়াড় বলেন, ‘আমি ভগবানকে দেখেছি। তিনি ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন’, কিংবা ‘ক্রিকেট আমাদের ধর্ম, শচীন সেই ধর্মের ঈশ্বর’, তখন নিছক এক খেলোয়াড় থেকে উত্তরণ ঘটে শচীন অন্য এক অধিষ্ঠান পেয়ে যান। এতগুলো বছর ধরে একভাবে খেলে যাওয়া, খেলতে খেলতে অনন্য এক ভাবমূর্তি গড়ে তোলা, সাধারণ মধ্যবিত্ত পরিবারের বালক হয়েও উত্তুঙ্গ সাফল্যে মাথা ঘুরিয়ে না-ফেলা, ক্রিকেটকে ঘিরে বেড়ে চলা বিপুল অনৈতিক বাণিজ্যে নিজেকে বিকিয়ে না দেওয়া, পাহাড়প্রমাণ চাপের মধ্যেও নিজের ফোকাস ঠিক রাখা এবং মাঠের ভেতর-বাইরে কখনো কোনো ধরনের বিতর্কে না জড়ানো খুব চাট্টিখানি কথা নয়। এত কিছু পাওয়ার পরও এ দেশের সনাতন মূল্যবোধগুলো বাঁচিয়ে রেখে পারিবারিক থেকেও সর্বজনীন হয়ে উঠতে খুব কম মানুষকেই দেখা যায়। শচীন পেরেছেন। তিনি ক্ষণজন্মা। শুধু ক্রিকেটার শচীন নন, সম্মানিত হয়েছেন এই সবের সমাহার শচীন।
লেখাটি লিখতে লিখতে ১৪ বছর আগের একটি দৃশ্য চোখে ভেসে উঠল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ কভার করছি। ৮ জুন বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা। হোটেল সিয়াচেনের তিনতলায় ম্যানেজারের ঘরে টিভি এনে ম্যাচ দেখছি আমরা। পাকিস্তান হেরে গেল। রাতভর তারা পাগলের মতো শেলিং করল। আমাদের হোটেলের ধারেকাছের কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হলো। পরদিন সকালে উদ্ভ্রান্ত এক বালকের সঙ্গে বাজারে দেখা। বুকে চেপে ধরা একটা ফটোফ্রেম নিয়ে সে ছবি বাঁধাইয়ের এক বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছে। আগের রাতের শেলিংয়ে তার বাড়ির একটা দেয়াল ভেঙে গেছে। সেই দেয়ালে টাঙানো ছিল তার ‘হিরো’র ছবি। শেলিংয়ে চৌচির ছবির কাচ। কুঁচকে ও ফুটো হয়ে গেছে ছবিটা। শচীনের সেই ছবি সে টানটান করার বৃথা চেষ্টা করছে। তার দুই গালে অশ্রুধারা। বাড়ির দেয়াল ভেঙেছে ঠিক আছে, শচীনের দুমড়ে-মুচড়ে যাওয়া ছবির ফ্রেম তাকে ভেঙে খানখান করে দিয়েছে।
ইদানীং ‘ভালো’ শব্দটা খুব ভেবেচিন্তে উচ্চারণ করতে হয়। কাউকে ভালো বলার আগে খানিক ভাবতে হয়। শচীন টেন্ডুলকারকে ভালো মানুষ বলতে গেলে অত ভাবার দরকার নেই। তাঁকে সম্মানিত করে সরকার একটা ভালো কাজই করেছে। ভালো মনের ভালো মানুষ এই সর্বোত্তম ক্রিকেটারকে ঘিরে শেষ দিনে কিছু অর্বাচীনের এমন অনভিপ্রেত সমালোচনা শোনা না গেলেই ভালো হতো। শচীনের জন্য তাই খারাপ লাগছে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: ভারতীয় সাংবাদিক। প্রথম আলোর দিল্লি প্রতিনিধি।