শব্দদূষণ রোধে কঠোর আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা জুরাইন। ১৯৮৮ সালের বন্যার পর থেকে ডিএনডি বাঁধের মধ্যে থাকা জুরাইন এলাকা দ্রুত ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে। বিদেশি টাকা ও নানা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার দাপটের কাছে নীতিমান, পরিশ্রমী মানুষের তিল তিল করে গড়ে তোলা নিয়মনীতি, আদর্শ যেন উবে যাচ্ছে। ফলে পরিবর্তিত সময়ে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং পাঁচ-ছয়তলা ভবনের ছাদে ছাদে চলে ‘গায়েহলুদ’-এর নামে নাচ-গানের অনুষ্ঠান।
নানা বিত্তের মানুষের বসবাস এখানে। সারা দিনের পরিশ্রম শেষে ঘরে ফিরে মানুষ যখন একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করে, তখনই চলে গগনবিদীর্ণ করা শব্দের তাণ্ডব। ড্রামের দ্রিম দ্রিম শব্দ হূদয়ে সুর না তুলে মস্তিষ্কের অতল গহ্বরে হাতুড়ি পেটা করে। অসুস্থ মানুষ, পরীক্ষার্থী, শিশু—এদের জন্য এই শব্দ শতগুণ ভয়ংকর অবস্থা সৃষ্টি করে।
পরিবেশ অধিদপ্তর থেকে শব্দদূষণ রোধে আইন থাকলেও এই আইন মানার কোনো সাজা না থাকায় বরং এ শব্দের ব্যাপারে কেউ আপত্তি তুললে সামাজিকভাবে তাকেই নাস্তানাবুদ হতে হয়। এ ধরনের অনুষ্ঠানের বিপক্ষে কথা বললে তাকে সামাজিকভাবে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য শুনতে হয়।
সামনে আসছে গ্রীষ্মকাল। দুঃসহ গরমে মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত। তার ওপর শব্দের অত্যাচার মানুষের জীবনকে আরও বিষিয়ে তুলবে। কে কতটা জোরে, কতটা দূরে হিন্দি গানের বিকট সুর পৌঁছে দিতে পারে, তারই প্রতিযোগিতা চলছে।
উচ্চ শব্দে কানের পর্দা ফেটে যায়, হূদেরাগের সৃষ্টি হয়, মাথাব্যথাসহ নানা ধরনের মস্তিষ্কের সমস্যা সৃষ্টি হয়।
তাই ঢাকা শহরের শব্দদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শব্দদূষণ রোধে কঠোর আইন চাই।
শাকিলা নাছরিন, ডেমরা, ঢাকা।