চারদিকে এখন প্রচুর মাইকিং। ধর্মসভা, ওরস মোবারক, মৃত্যুসংবাদ, ভর্তি চলছে কিংবা ভিআইপিদের শুভাগমনবিষয়ক মাইকিং বেশি বেশি হচ্ছে। প্রতিবার মাইকে উদিগরিত শব্দের তীক্ষতা নিয়ে বহুদিন যাবৎ পত্রপত্রিকা, মিডিয়ায় লেখালেখি হচ্ছে। এ নিয়ে অনেক আইনি ব্যাখ্যাও আছে। বাস্তবে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা পাচ্ছি না।
শুধুই কি মাইকিং? অপরিকল্পিতভাবে তৈরি করা বিভিন্ন গাড়ি, যেমন পাওয়ার টিলার, মোটরসাইকেল, মেশিন, নছিমন, ভটভটি, হ্যান্ড ট্রলি, টেম্পো—সবই এখন শব্দদূষণের উৎস বলে চিহ্নিত। বিকট শব্দ উৎপাদনকারী কারখানাও কম যায় কিসে? ইদানীং যুক্ত হয়েছে বোমা বিস্ফোরণের মতো ঘটনাও। শব্দদূষণের শিকার হয়ে বুক ধড়ফড়ানি, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, বধিরতার মতো রোগের লক্ষণগুলো প্রশ্রয় পায়, যা আদৌ কোনো সুখবর বয়ে আনছে না। শিশু, নারী, বৃদ্ধরা এদিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন।
শারীরিক, মানসিক উভয় প্রকার ক্ষতির সামনে জনগোষ্ঠীর ব্যাপক একটা অংশ আজ ঝুঁকিতে রয়েছে এবং পরবর্তী সময় নানা রকম জটিলতর পরিস্থিতির সম্মুখীন হবে, এটা নিশ্চিত। এসব জেনেও প্রতিকার পাচ্ছি না কেউই। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর উদ্যোগী ভূমিকা বাস্তবে দেখার প্রত্যাশী।
মোহাম্মদ শহীদুল্লাহ
ময়মনসিংহ।