একজন ছিলেন ফুটবলের রাজপুত্র, অন্যজন ছিলেন ও আছেন ‘মহারাজা’। একজনের খেলার গুণে মানুষ আনন্দ পেত, দেশ পেত সম্মান; অন্যজনের স্বভাবগুণে এলাকাবাসী আতঙ্কিত, লাঞ্ছিত ও অসম্মানিত। সাবেক তারকা ফুটবলার এমিলি বনাম নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে আলোচিত শামীম ওসমানের মধ্যে কার প্রতি কৃতজ্ঞ থাকব আমরা?
জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার সম্রাট হোসেন এমিলিকে প্রহার করে আহত করেছেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান। এ ধরনের ঘটনা এটাই নতুন নয়। প্রায়ই শামীম ওসমান কিংবা তাঁর লোকজন নারায়ণগঞ্জের প্রতিপক্ষের ওপর চড়াও হন। সাংবাদিক থেকে শুরু করে শিশু-কিশোরেরাও তাঁর কাছ থেকে নিরাপদ নয়। তিনি যা খুশি তা-ই করতে পারেন, বলতে পারেন; কুছ পরোয়া নেহি। তাঁর নিজস্ব বাহিনী আছে, যারা নারায়ণগঞ্জ শহরে ত্রাস হিসেবে কাজ করে। এদেরই আক্রোশের শিকার হয়েছেন কৃতী ফুটবলার এমিলি। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন করাই তাঁর কাল হয়েছিল। এ জন্য শামীম ওসমান নিজের এক জোড়া পা দিয়ে এমিলিকে প্রহার করেছেন বলে অভিযোগ করেছেন এই ফুটবলার। আরও দেখার বিষয়, প্রহূত হয়ে বাসায় যেতে না-যেতেই পুলিশ এমিলিকে মিথ্যা অভিযোগে থানায় ধরে নিয়ে যায়। এমিলি অবশেষে মুক্ত হয়েছেন, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ ওসমান পরিবারের স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত হবে কীভাবে?
ওসমান পরিবারের সদস্যদের কয়েকজনের বিরুদ্ধে ত্বকী হত্যার অভিযোগ। এ রকম অনেক অভিযোগই আদালত পর্যন্ত গড়াতে পারে না, তার আগেই প্রশাসনের যোগসাজশে সেগুলো উবে যায়। অতীতেও বিভিন্ন ব্যক্তিকে হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন শামীম ওসমান। প্রায়ই তিনি তাঁর বিরুদ্ধাচরণকারীদের হুমকি দিয়ে যান। ক্ষমতার দম্ভ কতটা হলে একজন প্রৌঢ় সাবেক খেলোয়াড়কে লাথি মারেন? এমিলির অভিযোগ কেবল শামীম ওসমানের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধেও। তিনি বলেছেন, ‘শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেউ সুবিচার পায়নি।’ এর জবাব সরকার ও প্রশাসনেরও দেওয়া উচিত।